Image description
২২ বছর পর সুনামগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০০৪ সালের পর আগামী ১২ ডিসেম্বর হাওর-বাঁওরের জেলায় যাচ্ছেন তিনি। এ সময় উপভোগ করবেন গ্রামবাংলার ঐতিহ্যের কুস্তি খেলা ও কান্ট্রিগেমস। একই দিনে সুনামগঞ্জ সদর উপজেলার ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন তিনি।
সরকারি আদেশ দেখুন
 
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রধানমন্ত্রীর সফর নিয়ে একটি প্রস্তুতি সভা করা হয়েছে।
 
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের চার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, কয়ছর আহমদ, নুরুল ইসলাম ও কামরুজ্জামান কামরুলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
 
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান জানান, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সফর ঘিরে তাঁরা কাজ শুরু করেছেন। জেলা স্টেডিয়ামে ঐতিহ্যবাহী নানা খেলাধুলার আয়োজন করা হবে। একই দিন সদর উপজেলার ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে। তাঁরা সার্বিক প্রস্তুতি নিচ্ছেন।
 
 
 
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, ২২ বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের সুনামগঞ্জে যাচ্ছেন। এটি তাঁদের পরম সৌভাগ্যের। দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর একটি সুনামগঞ্জ। এই সফর সুনামগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখতে পাচ্ছেন। তাঁরা সুনামগঞ্জবাসী প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত।