নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত ১টার দিকে ফতুল্লার লালপুর পৌষা পুকুরপাড় এলাকায় এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন ফতুল্লার লালপুর এলাকার ছানাউল্লার বাড়ির ভাড়াটিয়া জব্বার শিকদারের ছেলে মো. রাকিব (২৫), একই এলাকার নাঈম মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. জলিলের ছেলে মো. নিশাদ (২৩), পৌষা পুকুরপাড় এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিঠুর ছেলে রাফি (১৯) এবং সুরুজ মিয়ার ছেলে আরিফ (২৬)।
পুলিশ জানায়, সদর থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, নুর মোহাম্মদের ছোট ভাই মুন্না যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আটক ব্যক্তিরা প্রায়ই ওই বাড়িতে একত্র হতেন। মুন্নার নেতৃত্বে তারা বিভিন্ন সময়ে সরকারবিরোধী ঝটিকা মিছিলেও অংশ নিতেন। কয়েক দিন আগেও ওই বাড়িতে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। পরে সেই আয়োজনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়েছিল বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম এশিয়া পোস্টকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগের চার কর্মীকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতামূলক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে বিভিন্ন স্থানে সরকারবিরোধী মিছিলে অংশ নেওয়ার ভিডিও পাওয়া গেছে। এ ছাড়া দেশের ভেতরে ও বিদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বিভিন্ন গ্রুপে তাদের যোগাযোগ ও কথোপকথনের প্রমাণ পাওয়া গেছে।