Image description
বিয়ের পর চাকরি চালিয়ে যেতে চান না তরুণী। এ কথা জানার পর বিয়ের প্রস্তাব আর এগিয়ে নিতে চাননি বছরে ৩০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪০ লাখের বেশি) আয় করা এক যুবক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
 
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক্সে (সাবেক টুইটার) শীতল রিজওয়ানি নামের এক নারী তার এক বন্ধুর অভিজ্ঞতা তুলে ধরেন। ওই বন্ধুর বার্ষিক আয় প্রায় ৩০ লাখ রুপি। বিয়ের আলোচনার সময় তিনি জানতে পারেন, সম্ভাব্য পাত্রী বিয়ের পর চাকরি করতে চান না। এরপর তিনি বিয়ের প্রস্তাবটি ফিরিয়ে দেন।
 
শীতল রিজওয়ানির পোস্ট অনুযায়ী, ওই যুবক বিয়ের পরও চাকরি করবেন—এমন জীবনসঙ্গী চেয়েছিলেন। কথাবার্তার সময় নিজের প্রত্যাশার বিষয়টি তিনি স্পষ্টও করেছিলেন। তবে তরুণী এতে আপত্তি জানান। তার অভিযোগ, যুবকের চিন্তাভাবনা পশ্চাৎপদ এবং তিনি ভবিষ্যৎ স্ত্রীর সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে চান।
 
পোস্টে শীতল জানান, তরুণী ওই যুবককে নারীবাদবিরোধী ও সংকীর্ণ মানসিকতার মানুষ বলেও মন্তব্য করেন। এমনকি নিজের পরিবারের কাছেও বিষয়টি তুলে ধরেন। এতে যুবকের পরিবার ক্ষুব্ধ হয়। কারণ, দুই পরিবারের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।
 
 
 
ঘটনাটি তুলে ধরে শীতল প্রশ্ন তোলেন, একজন নারীর নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার অধিকার থাকলে একজন পুরুষেরও কি জীবনসঙ্গী বেছে নেয়ার ক্ষেত্রে নিজস্ব পছন্দ থাকতে পারে না?
 
পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে যুবকের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাদের মতে, বিয়ের পর কর্মজীবী জীবনসঙ্গী চাওয়া ব্যক্তিগত পছন্দের বিষয়। একজন নারী যেমন বিয়ের পর চাকরি করবেন কি না, সেই সিদ্ধান্ত নিজে নিতে পারেন, তেমনি একজন পুরুষেরও নিজের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনসঙ্গী বেছে নেয়ার অধিকার রয়েছে।
 
অন্যদিকে, কেউ কেউ মনে করেন, বিয়ের পর চাকরি করবেন নাকি সংসার সামলাবেন, সেই সিদ্ধান্ত নেয়ার স্বাধীনতা নারী-পুরুষ উভয়েরই থাকা উচিত। বিয়ের আগে দুজনের প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট আলোচনা করাই গুরুত্বপূর্ণ।