Image description

নতুন টিভি ধারাবাহিক ‘হাঙামা’র শুটিংয়ে শিডিউল দিয়েও দুই দিন সেটে না আসার অভিযোগে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝর ও শুটিং ইউনিটের সদস্যরা। নির্মাতার দাবি, এ ঘটনায় শুটিং সেট ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে এবং প্রায় ৬০ জনের পুরো ইউনিটকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

২১ নভেম্বর রাত ১টার দিকে রাজধানীর মিরপুরের পল্লবীতে পাভেলের বাসার নিচে সংবাদ সম্মেলন করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন নির্মাতা নির্ঝর।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে নির্ঝর জানান, প্রায় দুই মাস ধরে সব শিল্পীর শিডিউল সমন্বয় করে ১২ নভেম্বর থেকে ‘হাঙামা’ ধারাবাহিকের শুটিং শুরু হয়। এর মধ্যে ১৫ নভেম্বর পাভেলের শিডিউল থাকলেও তিনি সেটে উপস্থিত হননি, এমনকি কোনো যোগাযোগও করেননি। এতে সেদিন প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয় বলে জানান তিনি। পরবর্তীতে পাভেল পারিবারিক সমস্যার কথা জানিয়ে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে কাজটি এগিয়ে নিতে ১৭ ও ১৮ নভেম্বর তাকে নিয়ে শুটিং করা হয়।

নির্মাতার অভিযোগ, ২১ নভেম্বর আবারও পাভেলের শিডিউল রাখা হয়। সে অনুযায়ী সেট প্রস্তুত করা হয়, শুটিং ইউনিটের প্রায় ৬০ জন সদস্য ও অন্যান্য শিল্পীরা অপেক্ষা করেন এবং অভিনেতাকে আনতে বাসার নিচে একটি গাড়িও পাঠানো হয়। কিন্তু সারাদিন বারবার যোগাযোগের চেষ্টা করেও পাভেলের সাড়া পাওয়া যায়নি কিংবা তিনি কোনো সমস্যায় আছেন কি না, তাও জানা যায়নি। এর পরিপ্রেক্ষিতেই গভীর রাতে তার বাসার নিচে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন নির্মাতা ও ইউনিটের সদস্যরা।

মানসুর আলম নির্ঝর জানান, সার্বিক ঘটনায় প্রায় ১৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। ইতোমধ্যে বিষয়টি ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ ও পুলিশকে জানানো হয়েছে। পাভেল ক্ষতিপূরণ দিয়ে জনসমক্ষে ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

ধারাবাহিকটির কাজ প্রসঙ্গে নির্মাতা বলেন, “নতুন করে শুটিং করা ছাড়া কাজটি শেষ করার উপায় দেখছি না। জোড়াতালি দিয়ে কাজ করতে চাই না, গল্প বা নির্মাণের মানেও আপস করব না।”

‘হাঙামা’ ধারাবাহিকে অন্যান্যদের মধ্যে অভিনয় করছেন শেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর ইনান, সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ অনেকে।