Image description

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার দিন যত ঘনিয়ে আসছে ততই দেশে রাজনীতির ময়দান উতপ্ত হয়ে উঠছে। কয়েকদিন ধরে গোপালগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে নাশকতামূলক কর্মকান্ড চালাচ্ছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কী করতে চায়, সেটিও গত দুই সপ্তাহে তাদের কর্মকান্ডে স্পষ্ট। ইতোমধ্যে গণপরিবহন ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন, সংসদ সদস্যদের বাড়িতে আগুন ও ক্ষমতাসীন বিএনপির কর্মীদের হত্যার মতো নৃশংসতা ঘটিয়েছে।

 

প্রশ্ন হলো, এসবের বিপরীতে ক্ষমতাসীন দল বিএনপি ডিসেম্বরে কি করবে?

সারাদেশে নৈরাজ্য, সহিংসতা ও নাশকতা মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে দলীয় সংসদ সদস্যদের (এমপি) নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠে অবস্থান করার নির্দেশ দিয়েছেন তিনি। গত বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে আলোচনা হয়।

 

বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও নাশকতার বিষয়টি আলোচনায় উঠে আসে।

প্রধানমন্ত্রীর এমন নির্দেশের পরপর সরকার দলীয় সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। সরকার দলীয় সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় পথসভা, মিছিল ও দলের নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিচ্ছেন। সরকার দলীয় সংসদ সদস্য ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সারাদেশে সক্রিয় হয়েছেন।

 

বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে সরব হয়েছেন।

বিএনপির একজন নীতি নির্ধারক বলেন, চলমান পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে রাজনৈতিকভাবেও এসব কর্মকাণ্ড মোকাবিলা করতে হবে। নিজ নিজ এলাকায় এলাকায় দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নাশকতা মোকাবেলা করতে হবে।

এদিকে বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে দলীয় ও সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করেছে বিএনপি। বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি ঘোষণা করেছে। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। যৌথসভায় ডিসেম্বর মাসে বিজয় দিবস ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের মাঠে থাকতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে দায়িত্ব বন্টন করা হয়।

বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, নৈরাজ্য মোকাবিলায় বিএনপি সজাগ থাকবে। তবে তারা ডিসেম্বরে গুরুত্ব দেবে বিজয় দিবস উদ্‌যাপনসহ দলীয় ও জাতীয় দিবস উদযাপনে।

বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর বলেন, ক্ষমতাসীন প্রথম বিজয় উল্লাস পালন করব, সেটাই বাস্তবতা। সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। তারা জুজুর ভয় দেখিয়ে জনগণকে বোকা বানাতে পারবে না। তবে হ্যাঁ, তারা যদি এই দেশে থেকে কোনো অন্যায় অপরাধ করতে চায়, এই সাধারণ মানুষ তাদেরকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করাই আওয়ামী লীগের চরিত্র। স্বাধীনতাযুদ্ধের ঘোষণা না দিয়ে শেখ মুজিবুর রহমান কিন্তু তার নেতাকর্মীদের রেখে যেমন আত্মসমর্পণ করেছেন, একপ্রকার পালিয়ে গিয়েছেন। শেখ হাসিনা কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে আমাদের আন্দোলনে সেও কিন্তু তার নেতাকর্মীদের রেখে পালিয়ে গিয়েছেন। আমরা রাস্তায় আমাদের সাংগঠনিক শক্তি নিয়েই কিন্তু আমরা রাজপথে আছি এবং থাকব।

ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান বলেন, আর কোনো খুনি ফ্যাসিস্টকে বাংলাদেশে আমরা কোনো আস্ফালন করতে দেব না। সেজন্য আমরা ডিসেম্বর কেন্দ্রিক হোক অথবা অদূর ভবিষ্যতে হোক, এই পলাতক ফ্যাসিবাদী গোষ্ঠী বাংলাদেশে যদি কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সেটা প্রতিহত করার জন্য ছাত্রদল যথেষ্ট রয়েছে।

স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী বলেন, আমরা মাঠে কাজ করে যাচ্ছি এবং যেখানেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জনগণের প্রয়োজন, সেখানেই আমরা উপস্থিত হব ইনশাআল্লাহ।

শীর্ষনিউজ