Image description

কুষ্টিয়া শহরের মজমপুরে ভাঙারির দোকানে বস্তাভর্তি মালামাল নামানোর পরপরই বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভাঙারি বিক্রেতা ও ক্রেতা দুজন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তাদের পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে শহরের মজমপুর এলাকায় রেললাইনের পাশে রুহুল আমিনের ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ভাঙারি বিক্রেতা সুমন। তিনি কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার জব্বারের ছেলে। অপরজন ভাঙারি ক্রেতা রুহুল আমিন। তিনি জগতি পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সুমন বিভিন্ন স্থান থেকে ভাঙারি সংগ্রহ করেন। ঘটনার দিন শহরের কাস্টম মোড় এলাকা থেকে বস্তায় ভরে রিকশায় করে মালামাল নিয়ে মজমপুরে রুহুল আমিনের দোকানে আসেন। রেললাইনের পাশে দোকানের সামনে বস্তাটি নামানোর সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সুমন ও রুহুল আমিন আহত হন। মুহূর্তের মধ্যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

 

বিস্ফোরণের ঘটনায় আহত ভাঙারির দোকানের মালিক রুহুল আমিন বলেন, ঘটনা দুপুর ২টার পরে। আমি জুমার নামাজ পড়ে দোকান খুলেছি। বস্তা নিয়ে কেবল দোকানের সামনে নামাইছি তখনই বিস্ফোরণ। আমি জানি বস্তার ভেতর কিছু প্লাস্টিক ছিল তা রাখতেই বিস্ফোরণ ঘটে। যে বস্তা নিয়ে এসেছে তার নাম সুমন। সেও আহত হয়েছে। আমি ওইভাবে তাকে চিনি না। সে রাস্তাঘাটে প্লাস্টিক কুঁড়ায়, এইটুকুই আমি জানি।

 
 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি আহত দুজন সুস্থ হয়ে উঠলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বক্তব্য ও উদ্ধার করা আলামত বিশ্লেষণ করে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কোনো বিস্ফোরক জড়িত ছিল কি না, তা জানার চেষ্টা চলছে।