ইরানের দক্ষিণাঞ্চলে কেশম দ্বীপের উপকণ্ঠে একটি এলাকায় শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কেশম শহরের কাছাকাছি একটি এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে।
হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে পারস্য উপসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির কাছে অবস্থিত কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ঘটনা ঘটেছিল। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছিল, মার্কিন বাহিনী দ্বীপটির কয়েকটি স্থানে হামলা চালিয়েছে।
কূটনৈতিক প্রচেষ্টা চললেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থেমে থেমে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর মধ্যেই সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে এলো।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় তেহরান।
জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। সংঘাত নিরসনের লক্ষ্যে এরপর আলোচনা শুরু করে দুই দেশ।
তবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার উপায় নিয়ে মতপার্থক্যের কারণে পরবর্তী সময়ে আলোচনা থমকে যায়। সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা চললেও জুলাই থেকে দুই দেশের মধ্যে থেমে থেমে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
সূত্র : আল জাজিরা