সড়কের দুই পাশে সারি সারি গাছের গুঁড়ি আর পুড়ে যাওয়া স্থাপনার ধ্বংসস্তূপ। কোথাও পড়ে আছে কঙ্কালসার বাড়ি, গাড়ি, কোথাও রয়েছে ক্ষতচিহ্ন। কোনো কোনো এলাকা থেকে এখনো সরেনি পুড়ে যাওয়া স্থাপনা ও যানবাহনের ছাই বা কয়লা। টানা কয়েক দিনের সহিংসতা ও অবরোধের পর শুক্রবার গোপালগঞ্জে দেখা যায় এমন চিত্র। তবে পুরো পরিবেশ শান্ত। শুরু হয়েছে যান চলাচল। জনজীবনে ফিরছে স্বাভাবিকতা। কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল হয়নি, কোনো থানা বা কারও বাড়িতেও আক্রমণ করেনি দুর্বৃত্তরা। তবে অন্য জেলায় রয়ে গেছে জের। গতকালও জ্বলেছে একাধিক রাজনীতিকের বাড়ি।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গোপালগঞ্জে সফর করেছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। তার সঙ্গে ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
তারা দীর্ঘসময় জেলা শহরের সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বিষয়ে বৈঠক করেন। সেখানে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপাররাও ছিলেন বলে জানা গেছে। তারা গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সড়ক জুড়ে ধ্বংসযজ্ঞের ক্ষত
শুক্রবার সরেজমিনে মুকসুদপুর থেকে গোপালগঞ্জ সদর অভিমুখে যাত্রাপথে সড়কের দুই পাশে অসংখ্য গাছ কেটে রাখার চিহ্ন দেখা যায়। গত ১৮ ও ১৯ নভেম্বর বিক্ষোভকারীরা রেইনট্রি (শিরীষ), বাবলা, মেহগনি, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ কেটে রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। এর পাশাপাশি সড়কের পাশের বেশ কয়েকটি টিনের ঘর, বিশেষ করে বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও আগুনে পুড়িয়ে দেওয়ার ক্ষত স্পষ্ট দেখা গেছে। দুই দিন আগের তাণ্ডবের চিহ্ন সর্বত্র দৃশ্যমান।
বিশেষ করে কাশিয়ানীর মহাসড়কের দুই পাশে কেটে রাখা গাছের স্তূপ দেখা গেছে। ফুকরা বাজার পার হওয়ার পর এই ধ্বংসযজ্ঞের চিত্র আরও ভয়াবহ। স্থানীয়রা জানালেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গাছগুলো রাস্তার মাঝে ফেলে বিক্ষোভ করেন। সে সময় কোনো দূরপাল্লার পরিবহন বা প্রাইভেট কার চলতে দেওয়া হয়নি; শুধু অটোভ্যান ও হাতেগোনা কয়েকটি মোটরসাইকেল চলাচল করতে পেরেছে। একইভাবে চন্দ্রদীঘলিয়া বাজার থেকে গোপালগঞ্জ পুলিশ লাইন পর্যন্ত সড়কের দুই পাশেও অসংখ্য কাটা গাছ পড়ে থাকতে দেখা গেছে।
পরিবহন ও জনজীবনে চাপা উদ্বেগ
প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকালে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। দোলা পরিবহনের সুপারভাইজার রাহাত বললেন, ‘১৮ ও ১৯ তারিখ আমরা চরম আতঙ্কে ছিলাম। আমাদের তিন-চারটি গাড়ি আটকা পড়ার পর গত দুই দিন সার্ভিস পুরোপুরি বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার সকালে গাড়ি চলাচল আবার শুরু হয়েছে। তবে গোপালগঞ্জ সীমানায় ঢুকলেই চালক ও যাত্রীদের মধ্যে একধরনের আতঙ্ক কাজ করছে।’
ইমাদ পরিবহনের ম্যানেজার বাসু শেখ জানালেন, শুক্রবার সকাল থেকে তাদের বাস চলাচল স্বাভাবিক।
‘বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এর পর থেকেই চলছে যানবাহন। প্রায় ৩৬ ঘণ্টা পর মহাসড়কে বাস চলাচল শুরু হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও পরিবহনসংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে’— উল্লেখ করলেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ।
এদিকে, জেলার মহাসড়কগুলোতে তাণ্ডব চললেও গোপালগঞ্জ শহরের ভেতরের চিত্র ছিল ভিন্ন। শহরে কোনো ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি এবং বাসিন্দাদের নিজ নিজ কাজে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। শহরের পুলিশ লাইনসসংলগ্ন লঞ্চঘাট এলাকার মুদিদোকানি মজিদের ভাষ্য, ‘বৃহস্পতিবার লকডাউন থাকায় নিরাপত্তার কথা ভেবে দোকান বন্ধ রেখেছিলাম। তবে শুক্রবার সকাল থেকে সবাই স্বতঃস্ফূর্তভাবে দোকান খুলেছেন, শহরের সব কার্যক্রম এখন স্বাভাবিক।’
সহিংসতার খতিয়ান
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ২০টির বেশি স্থাপনা ও অসংখ্য যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ, উপজেলার নিলফা বাজারে বিজিবির সাঁজোয়া যান, জিপসহ অন্তত চারটি গাড়িতে আগুন, ১৯ নভেম্বর মুকসুদপুর থানায় হামলা চালিয়ে থানা চত্বরে থাকা পুলিশের গাড়ি ও জব্দকৃত যানবাহনসহ ১০ থেকে ২০টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর টুঙ্গিপাড়ার পাটগাতি বাজার এলাকার নিজ বাড়িসহ তার আত্মীয়স্বজনের ৮ থেকে ১৫টি বাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাসভবন ও তার মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিসংযোগ করা হয়। গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িসহ তার সহযোগীদের কয়েকটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জুর বাড়িতে এবং এর আগে ১৪ নভেম্বর টুঙ্গিপাড়ার নিলফা বাজারে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে আগুন দেওয়া হয়। ১৯ নভেম্বর রাতে মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি। তিনি বললেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত। আগামীতেও এ পরিস্থিতি ভালো থাকবে বলে আশা রয়েছে। তবে শান্তিপ্রিয় মানুষদের ঐক্যবদ্ধ হয়ে যারা অশান্তি সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। অশান্তি সৃষ্টিকারী মানুষের সংখ্যা খুব বেশি নয়।
আলী হোসেন ফকির বললেন, জনগণ যদি মনে করে এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।
অন্য জেলায় সহিংসতার জের
গোপালগঞ্জ শান্ত থাকলেও অন্য জেলায় গতকালও চলেছে জ্বালাও-পোড়াও। সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় গতকাল ভোরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বাসার ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আ.লীগ নেতাদের বাড়িতে হামলা
পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ দলটির ১৫ নেতাকর্মীর বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে শহরের পুরানবাজার লোহালিয়া খেয়াঘাটসংলগ্ন এলাকায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বেগম লুৎফুন্নেছার বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। একই রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের বাসায়ও হামলা ও ভাঙচুর করা হয়। বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সৈকত গুহ পিকলুর বাড়ির পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা-অগ্নিসংযোগ
নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাজশাহীতে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের পারিলা শাখায় দুটি পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। জামালপুরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। চাঁদপুরের মতলব উত্তরে আবারও বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতার কারণে খুলনা-ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। গতকাল সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছাড়েনি। তবে খুলনা-যশোর-দর্শনা হয়ে ঢাকার ট্রেন যথারীতি চলাচল করছে।
প্রতিবেদনে তথ্য দিয়েছেন আগামীর সময় প্রতিবেদক ও সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা