দিল্লিতে বসে শেখ হাসিনা নিজেই যেন রাজনৈতিক আত্মহননের পথ বেছে নিচ্ছেন। ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে দেশি ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন কয়েক মাস থেকে। একই সঙ্গে বাংলাদেশের মানুষের মনোজগতে নিজের ইমেজ জাগ্রত করার চেষ্টা করেন। এটা করতে গিয়ে সন্ত্রাসী পথ ধরেন। নির্দেশনা দিয়ে গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও অরাজকতা সৃষ্টি করেছেন। বিপুল অর্থ ব্যয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে পক্ষের নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় দেশ-বিদেশে হাজার হাজার ব্লগার, ইউটিউবার, কন্টেইন ক্রিয়েটরকে সক্রিয় করে তোলেন। অনুগত কবি-সাহিত্যিক, নায়ক-নায়িকা, সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় করে তোলেন। আওয়ামী লীগের পক্ষে আলোড়ন তুলে ১৯ নভেম্বর ‘লকডাউন কর্মসূচি’ পালনের ডাক দেন। গতকাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিড়ে গোপালগঞ্জে কিছু জ্বালাও-পোড়াও, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পৈশাচিক ঘটনা ঘটানো হলেও রাজধানী ঢাকাসহ অন্য কোথাও লকডাউনের প্রভাব দেখা যায়নি। অনেকেই জানেনও না দিল্লিতে বসে শেখ হাসিনা ‘বাংলাদেশে লকডাউন’ কর্মসূচি দিয়েছেন। বরং অন্য দিনগুলোর মতোই হাসিনার লকডাউনের দিন স্বাভাবিক ছিল মহানগরীর যান চলাচল।
বৃষ্টি উপেক্ষা করে দৈনন্দিন কার্যক্রমে ব্যস্ত সময় পার করে মহানগরবাসী। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বরং উল্টো গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেয়া, এমপির বাড়িঘরে আগ্নিসংযোগ, নির্দিষ্ট কিছু এলাকায় জ্বালাও-পোড়াও করায় ‘সন্ত্রাসী দল’ হিসেবে পরিচিতি পাচ্ছে। দীর্ঘদিন থেকে জামায়াত, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দল আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করছে। সুশীল সমাজ এবং কিছু বুদ্ধিজীবীও আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম একেবারেই নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। জুলাই অভ্যুত্থানে ১৪শ’ মানুষ হত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ নিষিদ্ধ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের পক্ষে জনমত গঠনে সভা-সমাবেশ করছে। তবে ক্ষমতাসীন বিএনপির রাজনৈতিক স্টান্ট ছিল কোনো রাজনৈতিক দলকে আইন করে নিষিদ্ধ নয়; সন্ত্রাসী কার্যক্রম করলে জনগণই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে। কিন্তু ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা ইস্যুতে গোপালগঞ্জে পৈশাচিকতা, থানা পুড়িয়ে দেয়া, পুলিশকে মারধর, মানুষের বাড়িঘরে জ্বালিয়ে দেয়ায় ঘটনা ‘আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন’ জামায়াত-এনসিপির দাবির সপক্ষে প্রমাণ করছে। গোপালগঞ্জে থানা জ্বালিয়ে দেয়ার পর অবশ্য গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘চিহ্নিত সন্ত্রাসীগোষ্ঠী’ হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘বেপরোয়া সন্ত্রাস চালিয়ে আওয়ামী লীগ নিজেরাই প্রমাণ করেছে যে, এরা কোনো রাজনৈতিক দল নয়, বরং এদের পরিচয় সন্ত্রাসীগোষ্ঠী। দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি এবং কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী দলটির বেপরোয়া সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই মেনে নেয়া যায় না। গতকাল লালমনিরহাটের জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সকল রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবেÑ ‘এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই’।
গত কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ‘১৯ নভেম্বর লকডাউন’ কর্মসূচি নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ অনুসারীরা। বেসরকারি কয়েকটি টিভির টকশোতেও আওয়ামী লীগের লকডাইন ইস্যুতে বিতর্ক করা হয়। মুখচেনা কিছু বুদ্ধিজীবী (!) তথাকথিত যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন যেন শেখ হাসিনা পালালেও দেশে আওয়ামী লীগের লাখ লাখ নেতাকর্মী রয়েছেন। এমনকি ১২ কোটি ভোটারের কমপক্ষে ২৫ থেকে ৩০ শতাংশ ভোটার এখনো আওয়ামী লীগের পক্ষে রয়ে গেছেন। গণপরিবহন মালিকদের বেশির ভাগই আওয়ামী লীগ অনুসারী। এমনকি ঢাকা শহরে যে লাখো ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে, সেগুলোর চালক সারাদেশের গ্রাম থেকে বিতারিত নিষিদ্ধ ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের লোকজন। গোপালগঞ্জে যেভাবে জ্বালাও- পোড়াও চলছে; গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে ঢাকা শহর ও আশপাশে যেভাবে আন্দোলনের নামে তা-বনৃত্য হয়েছে; আওয়ামী লীগের লকডাউনে ১৯ নভেম্বর তারা সবাই রাজপথে নেমে তেমনটাই করবেন। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সফলভাবে পালনের মাধ্যমে প্রমাণ করবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ফুরিয়ে যায়নি। হাজার হাজার নেতাকর্মী পালিয়ে ভারতে গেলেও আওয়ামী লীগ এখনো শেষ হয়ে যায়নি। কিন্তু বাস্তবে লকডাউনের কোনো প্রভাব রাজধানী ঢাকায় দেখা যায়নি। গত বৃহস্পতিবার সরেজমিন রাজধানীর যাত্রাবাড়ী, শনিরআখড়া, বাংলাবাজার, গুলিস্তান, মতিঝিল, কমলাপুর, ফামর্গেট, শাহবাগ, কারওয়ান বাজার, মিরপুর-১০ ও মিরপুর-১, গুলশান, বনানী, হাতিরঝিল, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় মানুষকে স্বাভাবিক চলাচল করতে দেখা গেছে। শহরের কোথাও কোথাও যানজটও লক্ষ করা গেছে। এছাড়া বৃষ্টির মধ্যেই সড়কে ব্যাপক গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা চলাচল করতে দেখা গেছে অন্যান্য দিনের মতোই। বিভিন্ন কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে মানুষকে। সকাল থেকে শুরু হওয়া গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে কোনো কোনো সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বেড়ে যায়।
যাত্রাবাড়ী, তেজগাঁও, মতিঝিল, গুলিস্তান জোনের ট্রাফিক কর্মকর্তারা জানান, অন্যান্য দিনের মতোই যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে সকালে তুলনামূলকভাবে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে গাড়ির চাপ বেড়ে যায়। এখন অন্যান্য দিনের মতোই ট্রাফিক পুলিশকে চাপ সামলাতে হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নির্ধারিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি দেখা যায়। শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে পরীক্ষায় অংশ নিতে যেতে দেখা গেছে। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গোপালগঞ্জের ধ্বংসাত্মক কর্মকাণ্ড-অগ্নিসন্ত্রাস ও ১৯ নভেম্বর আওয়ামী লীগের লকডাইন নিয়ে প্রচারণা চালানো হলেও অনেকেই লকডাউনের তথ্যই জানেন না। এমনকি আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন বাস কোম্পানিগুলোতে কর্মরত পরিবহন শ্রমিকরা জানান, তাদের মালিক ‘আওয়ামী লীগের লকডাউন’ কর্মসূচি উপলক্ষে গণপরিবহন বন্ধ রাখার নির্দেশ দেয়নি। তারাও রুটিরুজির জন্যই ভোরেই বাস নিয়ে রাস্তায় নেমেছেন। তবে পুলিশের একাধিক সূত্র জানায়, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নানা আলোচনা থাকলেও রাজধানীর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় সামান্যতম ব্যাঘাত ঘটেনি। যানবাহন চলাচল, অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ছিল স্বাভাবিক।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে জ্বালাও-পোড়াওয়ের কারণে ঢাকাণ্ডবরিশাল মহাসড়কের গোপালগঞ্জ ও মাদারীপুর অংশে যান চলাচলে ব্যাঘাত ঘটে। গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক সড়ক ও মহাসড়কে গাছ কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকাণ্ডখুলনা মহাসড়কও অবরোধ করে রাখা হয়। মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলায় লকডাউন কর্মসূচিকে ঘিরে সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পাওয়া গেছে। এছাড়া মিরপুর-১০ এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে অবরোধ ও সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের অনুগত গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ার এক্টিভিসদের মতে, গত মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ১৮টি জেলায় সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এতে অন্তত ৪ জন নিহত হন। বাস, পুলিশের স্থাপনা, বিএনপি কর্মীদের বাড়িঘর, দলীয় কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতা বাড়িয়েছে এবং সরকার সারাদেশের কিছু এলাকায় বিজিবি মোতায়েন করেছে। সারাদেশে বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকশ’ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। তখন থেকে তিনি দিল্লিতে কড়া নিরাপত্তায় বসবাস করছেন। হাসিনা পালানোর দুই বছরের বেশি সময় কেটে গেছে। অন্তর্বর্তী সরকারের দেড় বছর ও নির্বাচিত বিএনপি সরকারের ৯ মাসে গ্যাস-বিদ্যুৎ সংকট, দ্রব্যমূলের উর্ধ্বগতি, বিনিয়োগ না আসা, বেকারত্ব বৃদ্ধি এবং শাসক দল ও বিরোধী দলের নানা বিতর্কিত কর্মকাণ্ডে আওয়ামী লীগের প্রতি সাধারণ মানুষের সহানুভূতি জাগতে শুরু করেছিল। যার কারণে সরকারের অনেক কর্মকাণ্ড এবং জামায়াতের শুধু বিরোধিতার জন্য বিরোধিতা এবং সস্তা বাহবা পাওয়ার রাজনীতির কারণে ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলতে শুরু করেছেন, ‘আগেই ভালো ছিলাম’। যারা রাজনীতি থেকে দূরে সেই মানুষজনের কেউ কেউ এমন মন্তব্য করেছেন। এমনকি জামায়াত-এনসিপির নেতারা সংসদে এবং সংসদের বাইরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। কেউ আইন করে নিষিদ্ধের দাবি করছেন; কেউ নির্বাহী আদেশে নিষেদ্ধের দাবি করছেন। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়ে আসছেন। যারা আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সোচ্চার তাদের যুক্তি আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক গোষ্ঠী নয়, ওটা সন্ত্রাসী গোষ্ঠী। কিন্তু মানুষ ‘আওয়ামী লীগ সন্ত্রাসী দল’ ‘এমন তকমা’ মেনে নিতে চায়নি। কিন্তু সম্প্রতি থানা আক্রমণ করে অগ্নিসংযোগ, বোমাবাজি, মানুষ হত্যা এবং ধারাবাহিকভাবে তা-বনৃত্য করায় মানুষ বলতে শুরু করেছে আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দলের পর্যায়ে নেই, সন্ত্রাসী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে।
গত দুই বছর আওয়ামী লীগের নেতারা নানাভাবে ঝটিকা মিছিল করে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। গ্রামে-গঞ্জে তৃণমূলের আওযামী লীগ নেতারা শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে লকডাউনে রাস্তায় নামবেনÑ এমনটা মনে করা হতো। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে প্রচারণাও ছিল। কিন্তু শেখ হাসিনার ‘১৯ নভেম্বরের লকডাউন’ কর্মসূচিতে মানুষ সাড়া দেয়নি। এতে পরিষ্কার যে, মানুষ সন্ত্রাস-জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিকে সমর্থন করে না। অথচ রাজনৈতিক পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ১৪শ’ মানুষ হত্যা করে পালানো শেখ হাসিনার দেশের জনগণের কাছে যাওয়ার কোনো মুখ নেই। ফলে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা ছিল হাসিনা ডাক দিলে সারাদেশের মানুষ রাস্তায় নেমে আসবে; বাস্তবে সেটা হয়নি। আওয়ামী লীগের লকডাউন সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করা হলেও জনগণ সায় দেয়নি।
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীর আম চত্বরে বিআরটিসি বাস টার্মিনালে পেট্রোল বোমায় দুটি বাস পুড়ে গেছে। এ ছাড়া চারঘাটে রেললাইনে আগুন ও লাল নিশান টানানোর ঘটনায় মেইল ট্রেন ৩০ মিনিট আটকা ছিল, ভেড়িপাড়ায় ককটেল বিস্ফোরণ ঘটে এবং বাঘায় ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার হয়।
বগুড়া ব্যুরো জানায়, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি বগুড়ায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। মহাসড়ক ও আঞ্চলিক পথে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। শাজাহানপুরে এক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে, আর উপশহর ও নাটাইপাড়ায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।
কক্সবাজার ব্যুরো জানায়, কক্সবাজারে নিষিদ্ধ সংঘঠনের অরাজকতা ও নাশকতার চেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের ঘোষণা দিয়েছেন এমপি লুৎফর রহমান কাজল, আইন হাতে না নিয়ে অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জেলাজুড়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। এদিকে বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন দলটির কেন্দ্রীয় ও কক্সবাজার জেলা নেতারা।
ময়মনসিংহ ব্যুরো জানায়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার জবাব আইনের কাঠামোর মধ্যেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বৃহস্পতিবার বিকেলে হালুয়াঘাটে সমাবেশ শেষে তাঁর নেতৃত্বে দুই শতাধিক মোটরসাইকেলে ৩৫ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করা হয়।
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান, কোনো প্রভাব পড়েনি কুমিল্লার মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে। ঢাকাণ্ডচট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন রুটে যান চলাচল ও জনজীবন ছিল স্বাভাবিক। আগের রাতে চৌদ্দগ্রামে গাছ ফেলে অবরোধের চেষ্টা দ্রুত অপসারণ করে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।
বরগুনা জেলা সংবাদদাতা জানান, বরগুনায় লকডাউন কর্মসূচির কোনো প্রভাবেই পড়েনি। বিচ্ছিন্ন কিছু তৎপরতা ও মশাল মিছিলের চেষ্টা ছাড়া জেলার যানবাহন চলাচল, ব্যবসা-বাণিজ্য ও জনজীবন স্বাভাবিক ছিল। নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে কর্মসূচিকে কেন্দ্র করে বরগুনায় নাশকতার মামলায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, আখাউড়ার দুবলা এলাকায় রেলওয়ের সিগন্যালিং সংযোগ বক্সে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তবে আগুন বক্সের ভেতরে না পৌঁছায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অন্যদিকে গভীর রাতে পৌর এলাকার কলেজ পাড়ায় বিকট শব্দে আতঙ্ক ছড়ায়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, সদর উপজেলার পুনিয়াউট রেলক্রসিংয়ের কাছে রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও সেøাগান দেওয়ার ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ফকিরহাট (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা জানান, ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বোমাগুলো বাড়ির সামনের সড়কে বিস্ফোরিত হওয়ায় হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ ও টহল দিয়েছে স্থানীয় বিএনপি।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, এনায়েতপুরে ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামে নিষিদ্ধ আওয়ামী লীগের এক সমর্থক নিহত হয়েছেন। গত বুধবার রাতে চায়ের দোকানে হামলার পর গতকাল বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহতের ভাই এ হত্যাকাণ্ডে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীদের দায়ী করেছেন।
নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে গনি মার্কেট থেকে দেশীয় শটগানসহ মো. রাজু (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গত বুধবার রাতে সন্দেহজনক গতিবিধি দেখে তাকে আটক করা হয়, স্থানীয়দের দাবি তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জিয়া পরিষদ ও শিক্ষক-কর্মচারীরা। গতকাল বিকেলে কানাইখালীতে সমাবেশে বক্তারা অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের হুঁশিয়ারি দেন। জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ প্রধান অতিথি ছিলেন।
সোনাগাজী (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, সোনাগাজী-দাগনভূঁইয়া আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহীম উল্লাহর গ্রামের বাড়ির সালমা গার্ডেনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ঘরের আসবাবপত্র ও উঠানে থাকা একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। পরিত্যক্ত ওই বাড়িতে কয়েক বছর ধরে কেউ থাকতেন না।
আরিচা (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, শিবালয়ে নিষিদ্ধ দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকাণ্ডআরিচা ও ঢাকাণ্ডপাটুরিয়া মহাসড়কসহ বিভিন্ন এলাকায় এ শোডাউন অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে টায়ার ও পেট্রোলসহ ৫ জনসহ মোট ৯ জনকে আটক করেছে পুলিশ। ভোররাতে মহাসড়কে টায়ার জ্বালিয়ে মিছিলের চেষ্টা হলেও দিনে যান চলাচল ও জনজীবন স্বাভাবিক ছিল, নাশকতা রুখতে বিএনপি ও জামায়াত শোডাউন ও অবস্থান নেয়।
লাকসাম (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, লকডাউনের কোনো প্রভাব পড়েনি লাকসামে। গতকাল সকাল থেকে দূরপাল্লা ও আঞ্চলিক পথে যানবাহন চলাচল, অফিস-আদালত, হাট-বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান স্বাভাবিক ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যদিকে নিষিদ্ধ লীগের ৩ নেতাসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদাতা জানান, নিষিদ্ধ দলের লকডাউন ও নাশকতার প্রতিবাদে ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে দাউদকান্দিতে রোডমার্চ ও মশাল মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল দিনব্যাপী মহাসড়ক ও আঞ্চলিক পথে শোভাযাত্রা শেষে নাশকতা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি।
হরিরামপুর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও শতাধিক মোটরসাইকেলের মহড়া করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল দুপুরে লেছড়াগঞ্জ বাজার থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে। স্থানীয়ভাবে লকডাউনের প্রভাব পড়েনি এবং পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন পুলিশ।
মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা জানান, মতলব উত্তরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। গতকাল এমপি ড. মুহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে সুজাতপুর দশতলা এলাকা থেকে মিছিল বের হয়ে সড়ক প্রদক্ষিণ ও আলোচনা সভা করে।
শেরপুর (বগুড়া) উপজেলা সংবাদদাতা জানান, লকডাউন ঘিরে নৈরাজ্য ঠেকাতে শেরপুরের ধুনটমোড়ে দিনভর অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে জনগণের জানমাল ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় জানান।
ফটিকছড়ি (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, দেশে আবারও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে উল্লেখ করে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ফটিকছড়ি আসনের এমপি সরওয়ার আলমগীর। গতকাল বিকেলে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধের আহ্বান জানান।