Image description
আন্তর্জাতিক বিচার আদালতের রায় ♦ ক্ষতিপূরণ দিতে জান্তাকে নির্দেশ ♦ স্বাগত জানাল বাংলাদেশ ♦ জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

রাখাইনে সামরিক অভিযান চালিয়ে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় ১০ হাজার মানুষকে হত্যা, ব্যাপক হারে ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মিয়ানমার রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

গতকাল নেদারল্যান্ডসের হেগে আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া এই রায় ঘোষণা দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া এই রায়ে নয়জন বিচারক মিয়ানমারে গণহত্যা সংঘটিত হয়েছে বলে ঐকমত্যে পৌঁছেছেন। অন্যদিকে ছয়জন বিচারক এ রায়ের বিপক্ষে মতামত দেন। রায়ে রোহিঙ্গাদের নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং ক্ষতিপূরণ দেওয়ার জন্য মিয়ানমারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘের এই আদালতে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা দায়ের করা যায়।

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল গাম্বিয়া। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা রায়কে স্বাগত জানিয়েছেন। মানবাধিকার গোষ্ঠীসমূহ রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা এই রায়ে স্তস্তি প্রকাশ করে তাদের দ্রুত নিজ ভূমিতে প্রত্যাবাসনের দাবি জানান।

রায়ে বিচারক ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী গণহত্যার উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল-এমন যুক্তিসংগত অনুমান করার অবকাশ রয়েছে। ২০১৭ সালের শুদ্ধি অভিযানকে ঘিরে তৈরি হওয়া প্রেক্ষাপট এমন একটি পরিবেশ সৃষ্টি করেছিল, যা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর চালানো সহিংসতার জন্য সহায়ক ছিল এবং এটি রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশকে ধ্বংস করার ব্যাপারে মিয়ানমারের উদ্দেশ্যের ভিত্তি তৈরি করেছিল। তিনি বলেন, মিয়ানমারের বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা ও শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা চালিয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালিয়েছে। এ ছাড়া সেনারা রোহিঙ্গা নারী ও শিশুদের হত্যা ও ধর্ষণের পাশাপাশি তাদের গ্রাম ও বসতি ধ্বংস করেছে বলেও প্রমাণ পাওয়া গেছে।

রায়ে জাতিসংঘের এই সর্বোচ্চ আদালত মিয়ানমারকে বেশ কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। আদালত বলেন, ক্ষয়ক্ষতির জন্য রোহিঙ্গা গোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য। পাশাপাশি ২০১৭ সালের অভিযানে গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের নির্দেশ দিয়ে আইসিজে প্রেসিডেন্ট বলেন, গণহত্যার কর্মকাণ্ডে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে এমন সব ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতে এবং প্রয়োজনে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে মিয়ানমারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আইসিজের রায় বাধ্যতামূলক এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নের কোনো সরাসরি ব্যবস্থা আদালতের হাতে নেই। ফলে মিয়ানমারের শাসকরা এসব নির্দেশ মেনে চলবে কি না, তা এখনো অনিশ্চিত। তবে এ রায় মিয়ানমারের নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

লাশ পুড়িয়ে এবং বুলডোজার চালিয়ে প্রমাণ ধ্বংস করেছে মিয়ানমার : রাখাইনে রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে আইসিজের বিচারক ইওয়াসাওয়া ইউজি বলেন, মিয়ানমার লাশ পুড়িয়ে ফেলে বা অন্য কোনো উপায়ে তা সরিয়ে দিয়ে ব্যাপক আকারে প্রমাণ ধ্বংস করার কাজে লিপ্ত ছিল। যেসব স্থানে শুদ্ধি অভিযান চালানো হয়েছিল, সেগুলোও পুড়িয়ে এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। যার ফলে ২০১৭ সালে কী ঘটেছিল, সে বিষয়ে কার্যকর কোনো তদন্ত পরিচালনায় বাধা সৃষ্টি হয়

রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী : রায়ে বিচারক বলেছেন, রোহিঙ্গারা একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী। তাদের নিজস্ব ভাষা ও শিল্পকলা রয়েছে এবং তারা নিজেদের স্বতন্ত্র পরিচয়ে চিহ্নিত করে। কিছু সাক্ষ্যপ্রমাণের কথা উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমার কয়েক দশক ধরে তাদের প্রতি বৈষম্য করে আসছে এবং তারা একটি সুরক্ষিত গোষ্ঠী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য।

রোহিঙ্গাদের দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি-এইচআরডব্লিউ : যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, এই রায় মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে রোহিঙ্গারা যে দুর্ভোগ সহ্য করেছে, তার দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি।

রোহিঙ্গাদের জীবন রাতারাতি বদলে যাবে না-ক্রাইসিস গ্রুপ : মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কে ঐতিহাসিক হিসেবে আখ্যা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। তবে এই রায়ের ফলে রোহিঙ্গাদের জীবন রাতারাতি বদলে যাবে না। গতকাল এক বিবৃতিতে সংস্থাটির এশিয়াবিষয়ক সিনিয়র উপদেষ্টা রিচার্ড হর্সি বলেন, এটি একটি ঐতিহাসিক রায়। প্রথমবারের মতো বিশ্ব আদালত কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেছে। রোহিঙ্গারা ৯ বছর ধরে আদালতের কাছ থেকে এমন একটি রায় শোনার অপেক্ষায় ছিল। এতে তাদের জীবন রাতারাতি বদলে যাবে না ঠিকই, তবে তাদের ওপর যা ঘটেছে তা আইনি নথিতে লিপিবদ্ধ হলো। নেপিদো যতই অস্বীকার করুক না কেন, তারা আর এটি মুছে ফেলতে পারবে না।

রায়কে স্বাগত জানিয়েছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ : আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘ মহাসচিব বলেন, ‘আইসিজের রায়কে আমি স্বাগত জানাই। এটি গণহত্যার শিকার রোহিঙ্গা ভুক্তভোগীদের প্রতি জোরালো স্বীকৃতি। এই রায় বাধ্যতামূলক, চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।’ তিনি বলেন, এই রায় আন্তর্জাতিক ন্যায়বিচারের একটি দৃষ্টান্ত এবং এটি পুনরায় নিশ্চিত করে যে এ ধরনের ভয়াবহ অপরাধের ক্ষেত্রে দায়মুক্তি কোনোভাবেই চলতে দেওয়া যায় না।

বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। প্রস্তাবের বিপক্ষে ৬টি এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ। গতকাল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রদূত সঞ্চিতা হক গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের আসন্ন রায়ের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে রায়ের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম বলেন, মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরু করতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর বড় সুযোগ তৈরি করেছে। এই রায়ের ভিত্তিতে মিয়ানমার সরকার ও রাখাইনে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ানো সম্ভব হবে।