দেশের ৪০টি জেলায় গ্রামীণ ব্যাংকের অন্তত ৭২টি শাখা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রোল ঢেলে বা ছিটিয়ে আগুন দেয়া হয়েছে। আর পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করা হয়েছে ২৩টি কার্যালয়ে। ১০ই নভেম্বর থেকে চলা এসব ঘটনার মধ্যে সবচেয় বেশি হামলা করা হয়েছে গোপালগঞ্জ ও গাজীপুরে। আর এসব হামলার বেশির ভাগই হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিকে ঘিরে। খোদ গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের এক তথ্যে এমন চিত্র উঠে এসেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগও করেছে গ্রামীণ ব্যাংক।
গ্রামীণ ব্যাংকের তথ্য অনুযায়ী, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত এই ব্যাংকের বিভিন্ন শাখা কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগের ৭২টি ঘটনার মধ্যে ৪৯টিই ঘটেছে মঙ্গলবার ও বুধবারে। এর মধ্যে সর্বোচ্চ ৩০টি হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বুধবার রাতে। এর আগের দিন ঘটনা ঘটেছে ১৯টি।
এ ছাড়া ১০ই নভেম্বর আটটি, ১১ই নভেম্বর চারটি, ১৪ই নভেম্বর দু’টি, ১৫ই নভেম্বর ছয়টি, ১৬ই নভেম্বর একটি এবং ১৭ই নভেম্বর দু’টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু মাঠপর্যায়ের শাখা নয়, গ্রামীণ ব্যাংকের কয়েকটি আঞ্চলিক ও জোনাল কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে সিলেটের আঞ্চলিক ও জোনাল কার্যালয়, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক কার্যালয় এবং গাজীপুরের শ্রীপুর আঞ্চলিক কার্যালয়ও। পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেয়া এবং পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের ঘটনা ছাড়াও সাতটি ঘটনায় হামলাকারীরা ব্যাংকের কার্যালয়ে আগুন দেয়া বা ভেতরে প্রবেশের চেষ্টা করেও সফল হয়নি। এর বাইরে তিনটি ঘটনায় লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে আগুন দেয়া হয়েছে। দু’টি ঘটনায় কেরোসিন, একটি ঘটনায় পেট্রল ঢেলে টায়ারে আগুন ও একটি ঘটনায় পাথর নিক্ষেপ করা হয়েছে। এসব হামলা-অগ্নিসংযোগের অন্তত ৭টি ঘটনার বিচার চেয়ে গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাও করেছে। আরও ১২টি ঘটনায় জিডি প্রক্রিয়াধীন। তবে বাকি ৪৮টি ঘটনায় থানায় কোনো জিডি বা অভিযোগ এখনো হয়নি।
বিভিন্ন শাখায় ধারাবাহিক এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দাও জানিয়েছে গ্রামীণ ব্যাংক। ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ শুধু একটি আর্থিক প্রতিষ্ঠানের অবকাঠামো ও সম্পদের ওপর আঘাত নয়। এর ফলে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা এবং দীর্ঘদিনের আস্থা ও অর্জনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দরিদ্র মানুষের ব্যাংকে কার স্বার্থে আগুন দেয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন ব্যাক কর্তৃপক্ষ।
ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়- গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে সারা দেশে ব্যাংকের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। এরপরও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাংকের মালিকানা ও কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর ও ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করা হয় ব্যাংকের পক্ষ থেকে।