Image description

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা। রাজধানী থেকে শুরু করে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় হামলার লক্ষ্যবস্তু হচ্ছে যাত্রীবাহী বাস, রেলপথ, থানা, হাসপাতাল, ব্যাংক, রাজনৈতিক কার্যালয় ও বসতবাড়ি। আগুন দেওয়া হয়েছে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও। পাল্টা পদক্ষেপ হিসেবে দলটির নেতাকর্মীদের অনেকের বাড়িতেও আগুন দেওয়া হচ্ছে। এসব ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা। আগাম গোয়েন্দা সতর্কতা, বিশেষ অভিযান ও বিজিবিসহ অতিরিক্ত বাহিনী মোতায়েনের পরও থামছে না নাশকতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত পুলিশ, স্থানীয় প্রশাসন, গ্রামীণ ব্যাংক ও বিভিন্ন জেলার পাওয়া তথ্য বিশ্লেষণে সহিংসতার ব্যাপকতা উঠে এসেছে। ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশের ৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অন্যদিকে পুলিশ সদর দফতরের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ঘটেছে। বিভিন্ন ঘটনায় দলটির নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ, ভুক্তভোগী ও গোয়েন্দারা।

গোপালগঞ্জে অস্ত্র নিয়ে মহড়া, থানা ও বিএনপি নেতাদের বাড়িঘরে হামলা অব্যাহত রয়েছে। চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, রাজশাহী ও নেত্রকোনায় রেলপথে নাশকতা এবং নারায়ণগঞ্জ ও যশোরে চলন্ত যানবাহনে হামলা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত নড়াইল, ফরিদপুর ও পিরোজপুরে পৃথক সহিংসতায় চারজন নিহত হয়েছেন। তাদের তিনজন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা এবং একজন বাসের সহকারী।

পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অভিযোগ করেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এই মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’

১২ দিনে নাশকতার ভয়াবহ চিত্র

পুলিশ সদর দফতরের ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী, এ সময়ে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ বা ভাঙচুর, ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ, দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও রয়েছে। এসব ঘটনায় ৩৮টি মামলা হয়েছে এবং ৬৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত অন্তত ২১ জেলায় সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নতুন করে গোপালগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, যশোর ও খুলনাসহ বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটে। নাশকতার বিস্তার নিয়ে সবচেয়ে উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে গ্রামীণ ব্যাংকের হালনাগাদ অভ্যন্তরীণ নিরীক্ষায়।

৪০ জেলায় গ্রামীণ ব্যাংকের ৭২ কার্যালয়ে হামলা

গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের ১৯ নভেম্বরের তথ্য অনুযায়ী, ১০ দিনে দেশের ৪০ জেলায় ব্যাংকটির ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রোল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে এবং ২৩টি ঘটনায় পেট্রোল বোমা বা ককটেল নিক্ষেপ করা হয়েছে। সর্বাধিক আটটি ঘটনা ঘটেছে গোপালগঞ্জে এবং ছয়টি গাজীপুরে।

ব্যাংকটির হিসাবে, সর্বশেষ দুই রাতেই ৪৯টি হামলার ঘটনা ঘটেছে। শুধু স্থানীয় শাখা নয়, সিলেট, রাজশাহী, বরিশাল ও গাজীপুরের আঞ্চলিক বা জোনাল পর্যায়ের কার্যালয়ও আক্রান্ত হয়েছে।

ব্যাংকের নিরীক্ষা অনুযায়ী, অন্তত ৪৮টি ঘটনায় থানায় কোনও সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ করা হয়নি। সাতটি ঘটনায় জিডি হয়েছে এবং একটি ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। আরও ১২টি ঘটনায় জিডি করার প্রক্রিয়া চলছিল।

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিষ্ঠানটির ওপর হামলা কেবল ভবন বা সম্পদের ক্ষতি নয়, এর সঙ্গে দরিদ্র মানুষের আর্থিক নিরাপত্তা, জীবন-জীবিকা ও দীর্ঘদিনের আস্থার প্রশ্ন জড়িত। প্রতিষ্ঠানটি কোনও ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত মালিকানাধীন নয় বলেও স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।

ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ।

এদিকে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বলেন, কোনও আর্থিক প্রতিষ্ঠান আক্রান্ত হলে তার প্রভাব সাধারণ আমানতকারীদের ওপরও পড়ে। ভবিষ্যতে এ ধরনের হামলা রোধে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

পুলিশ পাহারায় থেকেও রক্ষা পেলো না ড. ইউনূসের বাড়ি

চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে বুধবার রাত সাড়ে ১১টার দিকে অগ্নিসংযোগ করা হয়। ভবনের নিচতলার পরিত্যক্ত অংশে আগুন লাগলেও পুলিশ দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। বাড়িটির দ্বিতীয় ও তৃতীয় তলায় ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। সার্বক্ষণিক পুলিশ পাহারার মধ্যেই বাড়িটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, ড. ইউনূসের বাড়িতে প্রতি শিফটে তিনজন পুলিশ সদস্য এবং একজন নিজস্ব নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করতেন। ঘটনাস্থলে দাহ্য পদার্থের বোতল পাওয়া গেছে। পুলিশ কমিশনার বলেন, ‘আমরা ধারণা করছি, নিষিদ্ধ দলের লোকজন এটা করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

গোপালগঞ্জে থানা, হাসপাতাল ও রাজনৈতিক কার্যালয়ে হামলা

সাম্প্রতিক সহিংসতার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে গোপালগঞ্জ। বুধবার সন্ধ্যায় শহরের বিভিন্ন সড়কে রামদা, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মহড়া দেয়। এ সময় গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হামলার সময় হাসপাতালে প্রসূতি মা, সদ্য অস্ত্রোপচার হওয়া রোগী ও নবজাতকসহ অনেকেই চিকিৎসাধীন ছিলেন। হামলাকারীরা হাসপাতালের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান। এতে রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই জেলার মুকসুদপুর ও কাশিয়ানীতে বিএনপির অন্তত পাঁচটি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও হামলা হয়েছে। এর আগে গত মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি ও আট প্লাটুন আনসার মোতায়েন থাকার তথ্য পাওয়া যায়। বিজিবির বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, সারা দেশে ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

চার প্রাণহানি, আতঙ্কিত পরিবহনশ্রমিক ও যাত্রীরা

সহিংসতায় প্রাণহানির সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে পিরোজপুরের ভান্ডারিয়ায়। বুধবার (১৮ নভেম্বর) ভোরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সহকারী সিয়াম (২৫) দগ্ধ হয়ে মারা যান। পরিবারের জীবিকার জন্য কাজ করতে আসা এই শ্রমিকের মৃত্যু পরিবহনশ্রমিকদের নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে এনেছে।

অন্যদিকে নড়াইলের কালিয়া উপজেলায় বুধবার সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী মিছিলে হামলায় কৃষকদল নেতা শাহিন এবং জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হন। মঙ্গলবার রাতে ফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু মোল্লা নিহত হন। এসব ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী তিশা পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় প্রাণহানি হয়নি। একই জেলার মিরেরটেক এলাকায় খড়বোঝাই ট্রাকেও আগুন দেওয়া হয়।

যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর এলাকায় চলন্ত কাভার্ডভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপে চালক রাজিব দগ্ধ এবং সহকারী হৃদয় আহত হন। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানিয়েছেন, জড়িতদের শনাক্ত করতে একাধিক পুলিশ দল কাজ করছে। নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

এদিকে রাজশাহীর চারঘাটে রেললাইনে আগুন দেওয়ার কারণে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়। নেত্রকোনায় রেললাইন ও স্টেশন এলাকায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও আগুন

সহিংসতার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরেও পাল্টা হামলার ঘটনা ঘটছে। চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পরিত্যক্ত বাড়িতে বুধবার রাতে অগ্নিসংযোগ করা হয়। ফেনীর সোনাগাজীতে সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহর গ্রামের বাড়িতে মালামাল লুটের পর তিনটি কক্ষ ও তিনটি ট্রাকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

এসব ঘটনায় হামলাকারীদের পরিচয় জানা যায়নি। ফলে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা বা সুযোগসন্ধানী অপরাধের সম্ভাবনাও দেখছেন সংশ্লিষ্টরা।

রাজধানীতেও রাজনৈতিক নেতাদের সম্পদ হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করা দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে ঘটনার নিন্দা জানান। তারা এই হামলাকে রাজনৈতিক ভীতি প্রদর্শনের চেষ্টা উল্লেখ করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে দায়ীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

রাজধানীতে গ্রেফতার অভিযান, সন্ধ্যা পর্যন্ত ১৫১ জন

নাশকতা প্রতিরোধে রাজধানীতে ব্লক রেইড ও চিরুনি অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বৃহস্পতিবার জানান, ১৮ নভেম্বর সকাল ৬টা থেকে ১৯ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও রয়েছেন।

এ ছাড়া ১৯ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে পাওয়া হালনাগাদ তথ্য অনুযায়ী, আরও ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সে হিসাবে সংশ্লিষ্ট অভিযানে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১।

এদিকে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) কামারুম মুনিরা গণমাধ্যমকে জানিয়েছেন, বিচ্ছিন্ন নাশকতায় পুলিশের সামগ্রিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ছে বলে সদর দফতর মনে করছে না। তিনি বলেন, নাশকতার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান শনাক্তে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

আগাম তথ্য ছিল, তবু কেন ঠেকানো যাচ্ছে না?

আগাম গোয়েন্দা সতর্কতা ও অতিরিক্ত বাহিনী মোতায়েনের পরও ধারাবাহিক হামলা ঠেকানো যাচ্ছে না। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বুধবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির সঙ্গে রাজধানীতে ককটেল বিস্ফোরণ বৃদ্ধির সম্পর্ক থাকার কথা বলেন। তার ভাষ্য অনুযায়ী, কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীরা সক্রিয়তা প্রদর্শনের চেষ্টা করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানও বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নাশকতার জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দায়ী করেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা নাশকতায় উসকানি দিচ্ছেন।

গোপালগঞ্জের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভিডিও, ছবি ও অডিও রেকর্ড যাচাই করে জড়িতদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে সরকারের অবস্থান হচ্ছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তবে নিরীহ মানুষের প্রাণহানি এড়াতে সংযম বজায় রাখবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির আরেকটি সংবেদনশীল এলাকা শিল্পাঞ্চল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গাজীপুরের শ্রীপুরে শ্রমিক বিক্ষোভের মধ্যে কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। নিরাপত্তাজনিত কারণে বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার আশিক সাঈদ আশঙ্কা প্রকাশ করেছেন, শ্রমিকের ছদ্মবেশে দুষ্কৃতকারীরা আন্দোলনে অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।

পুলিশের সামনে খুলনার শিববাড়ি মোড়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে হামলাকারীদের পালিয়ে যাওয়া, গোপালগঞ্জে থানায় আক্রমণ এবং পাহারাধীন বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধ সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষ করে ঘটনাস্থলে দ্রুত অপরাধীদের আটক করতে না পারার বিষয়টি আলোচনায় এসেছে।

সামনে ডিসেম্বর, রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে

গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হতে পারে। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ও দলটির সমর্থকদের তৎপরতা ঘিরে সরকার সতর্ক অবস্থান নিয়েছে। সীমান্তবর্তী জেলাগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, পরিবহন টার্মিনাল, মহাসড়ক ও রেলপথেও নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

নাশকতা মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশজুড়ে সাম্প্রতিক পরিস্থিতির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ‘সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। গণতান্ত্রিক জনগণকে হত্যার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি প্রমাণ করেছে, এরা কোনও রাজনৈতিক দল নয়। এরা সন্ত্রাসী গোষ্ঠী।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করবো, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করবো, আমাদের সংসদ, এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করবো। বাংলাদেশকে আর কোনও তাবেদারের হাতে আমরা সঁপে দেবো না। যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই এই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটেও এ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সব রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে— এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।’