গোপালগঞ্জ শহরের একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন চরপাথালিয়া গ্রামের মোসলেম আলী (২২)। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও (১৯ নভেম্বর) ভোরে সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন তিনি। কিন্তু ঢাকা-খুলনা মহাসড়কের মিয়াপাড়া লিটন সড়কের সামনে এসে বাধার মুখে পড়েন। সড়কের ওপর ফেলে রাখা হয়েছে গাছের গুঁড়ি। আগের রাতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লকডাউন কর্মসূচি পালনের জন্য গাছ কেটে সড়কে ফেলেছেন বলে জানান স্থানীয়রা।
সরকারি সেবা
মোসলেম আলী বলেন, প্রতিদিন এই সড়ক দিয়েই তাকে কাজে যেতে হয়। কিন্তু বৃহস্পতিবার গাছ ফেলে রাখায় চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। পরে সাইকেল উঁচু করে গাছের বাধা পার হয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হন তিনি।
শুধু মোসলেম আলী নন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রত্যাবর্তনসহ আট দফা দাবিতে দলটির ডাকা সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচিতে বৃহস্পতিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে গোপালগঞ্জ। সড়ক ও রেল যোগাযোগে বিঘ্ন, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ, মিছিল-স্লোগান, মহাসড়কে অবরোধ এবং বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দিনভর থমথমে পরিস্থিতি বিরাজ করে জেলাজুড়ে। রাতেও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।
রাজনৈতিক খবর পড়ুন
গাছের গুঁড়িতে বন্ধ মহাসড়ক, বন্ধ রেল যোগাযোগও
বুধবার রাত থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করতে দেখা যায়।
জেলার ওপর দিয়ে যাওয়া ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৬৭ কিলোমিটার অংশের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। কাশিয়ানী, মুকসুদপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে দেখা যায় অবরোধের চিত্র।
একইভাবে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ রাখা হয়। এতে জেলার অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থাও বিঘ্নিত হয়।
শুধু সড়কপথ নয়, রেল যোগাযোগও বন্ধ হয়ে যায়। ট্রেনে হামলার আশঙ্কায় ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটের অভিজাত্রী কমিউটার এবং রাজশাহী-গোপালগঞ্জ রুটের টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ফলে ঢাকার পাশাপাশি রাজশাহীর সঙ্গেও গোপালগঞ্জের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ফাঁকা শহর, বন্ধ দোকানপাট
সকাল গড়িয়ে বেলা বাড়লেও গোপালগঞ্জ শহরের চিত্রে পরিবর্তন দেখা যায়নি। ছোট-বড় প্রায় সব দোকানপাটের শাটার ছিল বন্ধ। শহরের ব্যস্ত সড়কগুলোও ছিল অনেকটা ফাঁকা। স্বাভাবিক সময়ে যেসব সড়কে মানুষের চলাচল ও যানবাহনের ভিড় থাকে, সেখানে বৃহস্পতিবার হাতে গোনা কয়েকটি ইজিবাইক ও রিকশা চলতে দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে দেখা যায়নি।
তবে শহরের বিভিন্ন স্থানে লকডাউনের সমর্থনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান ও তৎপরতা দেখা যায়। কোথাও সড়কে টায়ার জ্বালিয়ে, কোথাও ব্যারিকেড দিয়ে, আবার কোথাও মিছিল নিয়ে অবস্থান নেন তারা।
সরকারি সেবা
সকাল ১০টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু। তাদের কারও হাতে ছিল রামদা, কারও হাতে লাঠি, লগি-বৈঠা। নারীদের হাতেও এসব দেশীয় অস্ত্র দেখা যায়। মিছিল থেকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেয়া হয়। একই সময়ে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম এলাকাতেও লোকজন জড়ো হয়ে স্লোগান দেন।
এমপির বাড়ি, থানা ও বিভিন্ন স্থাপনায় হামলা-আগুন
লকডাউনের দিন জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় শতাধিক ব্যক্তি সেখানে গিয়ে প্রথমে বিভিন্ন স্লোগান দেন। পরে বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে তার কার্যালয়সহ কয়েকটি ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় তিনতলা বাসভবনটিও।
বেলা ১১টার দিকে মুকসুদপুর থানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে হামলাকারীরা। এ সময় থানার ভেতরে ও বাইরে থাকা প্রায় ১৫টি যানবাহনে ভাঙচুর চালানো হয়। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়া হয়। পরিস্থিতির মধ্যে পুলিশ সদস্যরা নিরাপদ স্থানে সরে যান।
এ বিষয়ে মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহা বলেন, হামলায় থানার মূল্যবান অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে থানার কার্যক্রম বন্ধ রয়েছে।
একই উপজেলার গ্রামীণ ব্যাংকের একটি শাখায়ও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এদিকে বেলা ১২টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কে এম বাবরের পরিচালিত আরাফ ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।
বিকেল সাড়ে ৩টার দিকে ক্লিনিকটিতে গিয়ে দেখা যায়, তখনো ভেতরে আগুন জ্বলছে। পুড়ছিল দরজা-জানালা, চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র। কিছুক্ষণ পরপর ভেতর থেকে কাচ ভাঙার বিকট শব্দ শোনা যাচ্ছিল। এতে বাইরে জড়ো হওয়া মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় কয়েকজন জানান, ৩০ থেকে ৩৫ জনের একটি দল মোটরসাইকেলে করে এসে ক্লিনিকের ভেতরে প্রবেশ করে। পরে নিচতলা, দোতলা ও তৃতীয় তলায় আগুন দেয়। এরপর তারা সেখান থেকে চলে যায়। তাদের দাবি, আগের দিনও ক্লিনিকটির কিছু সরঞ্জাম ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল।
এছাড়া সংগঠনটির কিছু নেতাকর্মী বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এমএইচ খানের শহরের কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
নিরাপত্তায় ২৭ প্লাটুন বিজিবি, পুলিশ-আনসার
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যায়ক্রমে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়। পাশাপাশি মোতায়েন করা হয় আট প্লাটুন আনসার এবং পুলিশের বিভিন্ন ইউনিটের দুই হাজারের বেশি সদস্য।
খেলা খবর
তবে সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি তেমন চোখে পড়েনি। গত কয়েক দিন লঞ্চঘাট এলাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি থাকলেও বৃহস্পতিবার সেখানে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতেও নিরাপত্তাচৌকি ছিল না।
অন্যদিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিজিবি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা যায়।
খেলা খবর
স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষা
একদিকে সড়কে গাছের গুঁড়ি, অন্যদিকে বন্ধ ট্রেন চলাচল। শহরের দোকানপাট বন্ধ, সড়কে মানুষের উপস্থিতিও কম। এর সঙ্গে আগের দিন ও বৃহস্পতিবারের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ক্ষত; সব মিলিয়ে গোপালগঞ্জের জনজীবনে নেমে আসে অস্বাভাবিক স্থবিরতা।
কর্মস্থলে যাওয়া মানুষ থেকে শুরু করে সাধারণ যাত্রী, সবার চলাচলেই বাধা তৈরি হয়। অনেকেই প্রয়োজনীয় কাজ স্থগিত রাখেন, কেউ কেউ বিকল্প পথ খোঁজেন।
রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ এবং বিভিন্ন স্থাপনায় হামলা-অগ্নিসংযোগের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় রয়েছেন জেলার বাসিন্দারা।