রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারের সামরিক শাসনকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। দেশটি মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এ রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছে ব্রিটিশ সরকার।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে এ পদক্ষেপের কথা জানান।
মিলিব্যান্ড বলেন, ‘আদালতের রায়ের পরপরই যুক্তরাজ্য ব্যবস্থা নিচ্ছে। মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে দেশ থেকে বহিষ্কার করা হচ্ছে এবং রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করা হচ্ছে।’
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সামরিক সরকারের ভয়াবহ নির্যাতনের নিন্দা জানায় যুক্তরাজ্য। আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক আইনব্যবস্থার প্রতি দেশটির পূর্ণ সমর্থন রয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে যুক্তরাজ্য কাজ করবে।’
বিবৃতিতে মিলিব্যান্ড আরও বলেন, রোহিঙ্গারা বছরের পর বছর সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। আদালতের রায় পুরোপুরি বাস্তবায়নে মিয়ানমারকে বাধ্য করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে।
এ ছাড়া মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করা হচ্ছে বলে জানান তিনি। আগামী দিনগুলোতে অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত করতে আরও পদক্ষেপ নেয়া হবে বলেও উল্লেখ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের পাশে রয়েছে যুক্তরাজ্য। দেশটি মিয়ানমারে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ প্রতিষ্ঠার পক্ষেও অবিচল।’