Image description

স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর সিভিল জজ আদালতের সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদিম।

পারিবারিক কারণে তিনি কুয়াকাটায় গিয়ে নিজের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রেখে আত্মগোপন করেছিলেন। সেখানকার হোটেল সি-ভিউতে ছিলেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় তিন দিন পর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সি-বীচে তাকে খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার।

 
 

তিনি বলেন, বিচারক শেখ ফারহান নাদিম স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন। তিনি কুয়াকাটার হোটেল সি-ভিউ এর তৃতীয় তলার ১৩ নম্বর রুমটি তিন দিনের জন্য ভাড়া নিয়েছিলেন। হতে পারে পারিবারিক কারণে তিনি স্বেচ্ছায় আত্মগোপন করেছিলেন।

 
 

এর আগে উদ্ধারের পর পুলিশের এই কর্মকর্তা জানিয়েছিলেন, ‘নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদিম একাকী কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। তার সাথে অন্য কেউ ছিল না। তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় আমরা একটু চিন্তিত ছিলাম। তিনি সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক আছেন।’

 

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে অফিস শেষ করে আদালত থেকে বের হন সিনিয়র সহকারী জজ শেখ ফারহান নাদিম। তিনি বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন। ওইদিন আদালত থেকে তিনি আর বাসায় ফেরেননি।

দুই দিনেও তার খোঁজ না পাওয়ায় গত বুধবার (১৮ নভেম্বর) বরিশাল কোতোয়ালি মডেল থানায় পরিবারের পক্ষে সাধারণ ডায়েরি করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাঈনুল হাসান।