পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে দেওয়া এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের উপসচিবের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ২৫ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
যারা যে পদে বদলি হলেন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে।
ঢাকার টিডিএসের অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসিতে বদলি করা হয়েছে।
এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে।
সিআইডির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে পদায়ন করা হয়েছে।
রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।
জিএমপির আরেক উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে রংপুর পিটিসির পুলিশ সুপার করা হয়েছে।
রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
কেএমপির উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
পুলিশ টেলিকমের পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে খাগড়াছড়ির মহালছড়িতে ৬ এপিবিএন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে।
সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে জিএমপির উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে কেএমপির উপপুলিশ কমিশনার করা হয়েছে।
সিএমপির উপপুলিশ কমিশনার কবীর আহম্মেদকে কেএমপির উপপুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।