Image description

পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে আগুন দেওয়া হয়।

পুলিশ জানায়, পরিস্থিতি দেখতে সকালে গাড়িটি নিয়ে ঘটনাস্থলে যান উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি গাড়ি থেকে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণের সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় গাড়িটির আশপাশে লোকজন জড়ো হয়ে যাওয়ায় সেটি সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। পরে গাড়িটিতে আগুন দেওয়া হয়।

জিএমপি কমিশনার আশিক সাঈদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘তারা আমার গাড়িকে আগে থেকেই টার্গেট করে রেখেছিল। গাড়িতে আগুন দেওয়া হলেও আমি নিরাপদে আছি।’

এদিকে গাড়িতে আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানান, দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছে। বুধবারের কর্মসূচিতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।