বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবরটিকে ‘সম্পূর্ণ গুজব ও অপপ্রচার’ বলে জানিয়েছে দলটি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বরকত উল্লাহ বুলু পদত্যাগ করেননি; তিনি চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করছেন।
বুধবার (১৮ নভেম্বর) তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান।
শায়রুল কবির খান বলেন, একটি দুষ্টচক্র বরকত উল্লাহ বুলুর পদত্যাগ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এ খবরের কোনো সত্যতা নেই। গুজবে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
বরকত উল্লাহ বুলুর শারীরিক অবস্থার বিষয়ে বিএনপির মিডিয়া সেলের এই সদস্য জানান, তিনি প্রায় এক মাস ধরে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। গতকাল মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যান এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ সকালে সেখানকার একটি হাসপাতালে ভর্তি হন।
এদিকে বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের পদত্যাগের বিষয়েও কথা বলেন শায়রুল কবির খান। তিনি জানান, ড. ওসমান ফারুক ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। মূলত অসুস্থতাজনিত কারণেই তিনি পদত্যাগ করেছেন, এর সঙ্গে কোনো রাজনৈতিক বিষয় জড়িত নেই। এ বিষয়ে ড. ওসমান ফারুকের সঙ্গে একাধিকবার কথা হয়েছে বলেও জানান তিনি।
শায়রুল কবির খান বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দল ও সরকার পরিচালিত হচ্ছে এবং তিনি বাংলাদেশি জাতীয়তাবাদে আস্থার প্রতীক।