ভারত-পাকিস্তানের সীমান্তের উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্রিকেট মাঠে। আইসিসি টুর্নামেন্ট ছাড়া দ্বিপক্ষীয় সিরিজ খেলে না দুই দল। আইসিসির সেই ম্যাচেও থাকে উত্তাপ। সৌজন্যের ধার না ধেরে হাত পর্যন্ত মেলান না ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা। সেখানে ফুটবলে দেখা মিলল বিরল এক দৃশ্যের।
বাংলাদেশের ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষে একে অন্যকে ‘গার্ড অব অনার’ দিলেন ভারত-পাকিস্তানের ফুটবলাররা। রানার্সআপ ট্রফি নিতে মঞ্চে যাওয়া পাকিস্তান দলকে গার্ড অব অনার দিয়ে সম্মান জানান ভারতীয় খেলোয়াড়রা। একইভাবে ভারতীয় দলকেও গার্ড অব অনার দেয় পাকিস্তান।

পাকিস্তানিদের সঙ্গে হাত মেলানো বা গার্ড অন অনার দেওয়ার কোনো নির্দেশ ছিল, নাকি নিছকই প্রথাগত একটি সৌহার্দ্য? এমন প্রশ্নের জবাবে ভারতের কোচ নওশাদ মুসা বলেছেন,‘না, কোনো নির্দেশ ছিল না। প্রতিপক্ষ দলের প্রতি সম্মান থেকেই এটা করা হয়েছে। যেভাবে তারা খেলেছে, তাতে তাদের প্রতি আমাদের অনেক সম্মান রয়েছে। আর ক্রিকেটের কথাই যদি ধরেন, তারা অনেক ম্যাচ খেলে। এর পরে আর কবে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাব, সেটা জানি না। ক্রিকেটের লড়াইটা আলাদা, আর ফুটবলে লড়াইটা অন্য রকম।’
একই প্রশ্নের জবাবে পাকিস্তানের কোচ নোলবার্তো সোলানো বলেন,‘আমরা সবসময়ই বলি ফুটবল হলো সুন্দর একটি খেলা। এজন্যই সারা বিশ্বের মানুষ ফুটবলকে এত ভালোবাসে। ফুটবল সবসময় সবাইকে একত্রিত করে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সবাই মানুষ, যদিও আমাদের মধ্যে ভিন্নতা রয়েছে। আমরা কেবল মাঠের ভেতরেই প্রতিপক্ষ। এরপরে, জয় কিংবা পরাজয় যাই হোক না কেন, একে অপরকে সম্মান জানিয়ে হাত মেলানো উচিত।’