সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের গ্রেপ্তার দাবি উঠেছে জাতীয় সংসদে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন এ দাবি জানান।
তিনি অভিযোগ করেন, গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুলের ওপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা ওই আইনজীবীকে গাড়ি থেকে জোর করে টেনে বের করেন।
হামলার সময় ওই আইনজীবী বারবার নিজের পরিচয় দেওয়ার পরও তাকে ছাড় দেওয়া হয়নি জানিয়ে নাজিবুর রহমান মোমেন বলেন, একপর্যায়ে রাহিদুলকে রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে।
এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নাজিবুর রহমান বলেন, মবের বিরুদ্ধে কথা বললেও এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
পরে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতির শেষ পর্যায়ে আইনমন্ত্রী বলেন, একটু আগে বিরোধীদলের সংসদ সদস্য নাজিবুর রহমান মোমেন যে বিষয়টা উত্থাপন করেছেন, এ বিষয়টা আমরা গুরুত্বসহকারে দেখার চেষ্টা করছি, করব। এই প্রতিশ্রুতি আমরা সংসদের সামনে দিতে পারি।