গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও এবং ছবি পর্যালোচনা করে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসব ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি।
আজ মঙ্গলবার রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধারণ করছে, যাতে কোনো নিরীহ মানুষ গুলিতে নিহত না হন। তবে আত্মরক্ষার প্রয়োজন হলে পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।
গোপালগঞ্জের ঘটনার জন্য আওয়ামী লীগ ও দলটির সমর্থকদের দায়ী করে সালাহউদ্দিন আহমদ বলেন, আজ ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়েছে। একই সঙ্গে একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটেও হামলা করেছে।
সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে গ্রামে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারা চাচ্ছে, আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি। তারা চাচ্ছে, মিছিলে সাধারণ মানুষ আসলে আমরা যেন আওয়ামী কায়দায় গুলি করি। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক সরকার। জনগণ এই দেশে রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ব্যাখ্যা করে তিনি বলেন, সরকার নির্দোষ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও কোনো নিরীহ মানুষ যেন গুলিতে প্রাণ না হারান, তা নিশ্চিত করতে চায় সরকার।
‘আমরা একটা প্রেজেন্স অব ইনোসেন্সের নীতিতে বিশ্বাস করি। প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়, আমরা যেন কোনো অবস্থাতেই তাদের মতো কোনো মিছিল-মিটিংয়ে গুলি না করি’, যোগ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, টুঙ্গিপাড়া থানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ২০০ সদস্য অবস্থান করছেন। তাদের মধ্যে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে চার-পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি ও পুলিশের সদস্যরা প্রস্তুত রয়েছেন।
তিনি বলেন, আমরা যদি হুকুম দিতাম, এই বৈঠক থেকে বসে তারা অনেক মানুষকে হতাহত করতেন। আমরা সেটা চাইনি, চার-পাঁচ কিলোমিটার দূরে আমাদের এসআরবি, বিজিবি, পুলিশসহ সবাই অপেক্ষা করছে। তারা সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছে, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের যা কিছু বলার বলে বাড়িতে যান। অন্যথায় আমরা কঠোর হতে বাধ্য হব।
থানায় হামলার সময় মসজিদের মাইক ব্যবহার করে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানোর অভিযোগও করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করার মতো ভিডিও, অডিও ও অন্যান্য ফুটেজ সরকারের হাতে রয়েছে। থানায় হামলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ, সাধারণ মানুষকে অকারণে ভোগান্তিতে ফেলা কিংবা আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এই দেশে ফ্যাসিবাদী শক্তি, পতিত মাফিয়া শক্তি কোনোদিনই আর গণতান্ত্রিকভাবে রাজনীতি করতে পারবে না। তাদের সেই চরিত্র নেই, তারা সেই বৈধতা হারিয়েছে। তারা এই দেশে গণহত্যা চালিয়েছে। গত ১৫-১৬ বছর ধরে তারা অগণতান্ত্রিক শাসন চালিয়েছে। গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা কোনোদিন এই দেশে ফিরে আসতে পারবে না।
এদিকে বিরোধীদলীয় চিফ হুইফের বিদেশ সফরের সময় আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিদের সন্ত্রাসী হামলার চেষ্টার অভিযোগও সংসদে তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ঘটনার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট দেশে বাংলাদেশের দূতাবাস ও কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানোর কথা বলেন তিনি।
সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কিছুদিন আগে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে তার সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিরা অশোভন আচরণ করেছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের জন্য বাংলাদেশের দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে।