যুক্তরাজ্যের লন্ডনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে দলটির অন্তত পাঁচজন আহত হয়েছেন।
এদিকে এনসিপির ওপর আওয়ামী লীগের হামলার ঘটনাকে বিভিন্ন গণমাধ্যমে শিরোনামে “দুই পক্ষের সংঘর্ষ” হিসেবে উপস্থাপন করতে দেখা গেছে। এছাড়া কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদের শিরোনামে হামলার বিষয়টি উল্লেখ করা হলেও হামলাকারীদের দলীয় পরিচয় আড়াল করা হয়।
হামলার ঘটনাকে ‘সংঘর্ষ’ দেখায় যেসব গণমাধ্যম
প্রথম আলো সংবাদের শিরোনাম দিয়েছে “লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আ.লীগ–এনসিপি সংঘর্ষ, আহত ৫”। এছাড়া সংবাদের ভেতরে কোথাও ‘এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা চালিয়েছে’ বিষয়টি উল্লেখ করা হয়নি।
তবে পরবর্তীতে সমালোচনার মুখে প্রতিবেদনটির শিরোনাম পরিবর্তন করে প্রথম আলো। নতুন শিরোনাম দেওয়া হয়, “লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে এনসিপির ওপর আ.লীগের হামলা, আহত ৫”
বিডিনিউজ শিরোনাম দিয়েছে, “নাহিদের সংবর্ধনা শেষে লন্ডনে আওয়ামী লীগ-এনসিপির সংঘর্ষ”। ভুমিকায় লেখা হয়েছে- “যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।”
এখন টিভির শিরোনাম “লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪”। ভুমিকায় লেখা হয়- “যুক্তরাজ্যের লন্ডনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।”
“লন্ডনে এনসিপি-আওয়ামী লীগের সংঘর্ষ” এমন শিরোনামে আরও নিউজ করেছে, ডিবিসি, দেশ টিভি, ইত্তেফাক, আরটিভি, একুশে টিভি, যুগান্তর, ইউএনবি, এশিয়ান টিভি, এনটিভি, জাগোনিউজ-২৪, প্রতিদিনের বাংলাদেশ, মোহনা টিভি, বাংলা ট্রিবিউন, বার্তাবাজার
শিরোনামে নেই হামলাকারীদের দলীয় পরিচয়
এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টি শিরোনামে উল্লেখ করলেও হামলাকারীদের দলীয় পরিচয় শিরোনামে নেই গণমাধ্যমের সংবাদে।
কালেরকণ্ঠ শিরোনাম দিয়েছে, “লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা”।
টাইমস টুডে শিরোনাম দিয়েছে “লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা”।
সারাবাংলা শিরোনাম দিয়েছে “লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা”
শিরোনামে দলীয় পরিচয় গোপন করে এমন আরও সংবাদ প্রকাশ করেছে- ইনকিলাব, নিউজ বাংলা-২৪, বিডি-২৪ লাইভ,
শিরোনামে ‘আওয়ামী লীগের হামলা’ সরাসরি উল্লেখ করে যেসব গণমাধ্যম
ডেইলি স্টার শিরোনাম দিয়েছে, ‘লন্ডনে এনসিপির অনুষ্ঠানে আ. লীগের হামলা, কয়েকজন প্রবাসী ও শিক্ষার্থী আহত: নাহিদ ইসলাম’।
সময় টিভির শিরোনাম ছিলো, “লন্ডনে নাহিদের সংর্বধনা অনুষ্ঠান শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর আ.লীগের হামলা”
যমুনা টিভি শিরোনাম দিয়েছে, “লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির নেতাকর্মীদের ওপর আ. লীগের হামলা”
এমন আরও সংবাদ প্রকাশ করেছে- দেশ রূপান্তর, বাংলানিউজ-২৪, আজকের পত্রিকা, ডেইলি ক্যাম্পাস
গণমাধ্যমের ভুল উপস্থাপন ঘিরে সমালোচনা
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার লিখেছেন, “দুই পক্ষের মধ্যে কোনো ঘটনাকে ‘সংঘর্ষ’ বলার অর্থ উভয়ের দায় সমান। শুধু তাই নয়, উভয়ের রাজনৈতিক স্ট্যাটাসও সমান। এটা সন্ত্রাসীপক্ষকে নর্মালাইজ করার শামিল। লন্ডনে কর্মসূচি ডেকেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স। সেখানে এসে হেনস্তা ও হামলার ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসবাদী সংগঠন আওয়ামীলীগ। সেক্ষেত্রে যথাযথ শিরোনাম কেমন হওয়ার কথা? “এনসিপি ডায়াস্পোরার সংবর্ধনায় আওয়ামীলীগের হামলা; এনসিপির প্রতিরোধ..” ‘সংঘর্ষ’ বললে এনসিপিকে অন্যায্য দায় দেয়া হয়। আওয়ামীলীগকে হামলার দায় থেকে নিস্তার দেয়া হয়।
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল প্রথম আলোর সংবাদটি পোস্ট করে লিখেছেন, “এটা যে একটা ফাত্রা পত্রিকা আপনি বলতে পারবেন না। এই পত্রিকাটার যে নাড়ী বপন করা আছে বাকশালী আওয়ামী লীগের জঠরে, এটা আপনি বলতে পারবেন না। নেরেটিভ এর দুনিয়ায় ওরা ক্রমাগত দাবা খেলে যায়, কিন্তু ওদেরকে চ্যালেঞ্জ করতে গেলে আপনি হয়ে যাবেন ডানপন্থী প্রতিক্রিয়াশীল বাকস্বাধীনতার বিপক্ষে। আর ওরা যে ক্রমাগত মিথ্যা নেরেটিভ তৈরি করে, ন্যূনতম ক্ষমা প্রার্থনা করে না, গত ১৭ বছর হলো ক্রমাগত গণমানুষের বিরুদ্ধে বয়ানের রাজনীতি করে বাংলাদেশ রাষ্ট্রটাকে বানাইছিল "হাসিনার রেজিম" এইটা আপনি বলতে পারবেন না। ওরা যখন তথ্য সন্ত্রাস করে, নারেটিভের সন্ত্রাস করে সেটা সন্ত্রাস না । এর বিরুদ্ধে কথা বললেই আপনি মব করতেছেন। দুনিয়ার সবাই দেখছে আওয়ামী লীগ হামলা করছে। কিন্তু এই শুয়োরের বাচ্চাদের বলতেই হবে আওয়ামী লীগ এবং এনসিপি সংঘর্ষ।”
এনসিপিপন্থী অ্যাক্টিভিস্ট আব্দুল্লাহ হিল বাকী সংবাদটি শেয়ার করে লেখেন, “এসব কিধরনের ফ্রেমিং? প্রথম আলোর এসব ফাতরামি কবে বন্ধ হবে? এখানে সংঘর্ষ নাকি হামলা হয়েছে? এ্যাসাইলাম সীকার পলাতক লীগ এনসিপির সমর্থকদের উপর হামলা করেছে। এখানে 'সংঘর্ষ' শব্দটা আসবে কেন?”
জাতীয় ছাত্রশক্তির সহ আন্তর্জাতিক সম্পাদক আশরেফা খাতুন প্রথম আলোর সংবাদটিকে উদ্দেশ্য করে দেওয়া এক পোস্টে লেখেন, “আমাদের দেশের সবচেয়ে বড় মিডিয়া হাউজ প্রথম আলো যে হামলা আর সংঘর্ষের পার্থক্য বোঝে না এটা আমরা মানি না৷ গতকাল যুক্তরাজ্যে নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে অতিথিরা চলে যাওয়ার পরে আয়োজক এবং অংশগ্রহণকারীদের উপর হামলা চালায় আওয়ামী লীগ। ভিডিওতে স্পষ্ট দেখতে পাবেন কিভাবে গাছের ডাল, কাচের বোতল সহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে হামলা চালানো হয়। অথচ এই হামলাকে বৈধতা দেওয়ার জন্য প্রথম আলোর মতো মিডিয়া হাউজ নিউজ করে সংঘর্ষ বলে। কি নিদারুণ নির্লজ্জতা!”