Image description

প্রথমবারের মতো সাফে ফাইনালে উঠেই ইতিহাস গড়েছিল পাকিস্তান। অন্যদিকে দ্বিতীয় সারির দল নিয়ে টুর্নামেন্টে অংশ নিয়েছিল ভারত। তবে ফাইনালে সেই ভারতীয় দলই দাপট দেখাল। পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দশমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হলো ভারত। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের কৃতিত্বও গড়ল তারা। 

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আলমগীর গাজীর গোলে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। তবে ৫৯তম মিনিটে জুনায়েদের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়া পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের সঙ্গে পেরে ওঠেনি। সন্দীপ মান্ডি ও সুহাইল ভাটের গোলে শিরোপা নিশ্চিত করে ভারত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ফাইনালের শুরুতেই দাপট দেখায় পাকিস্তান। কিন্তু একের পর এক আক্রমণ করেও ভারতীয় গোলরক্ষক অর্শ শেখের দৃঢ়তায় গোল পাচ্ছিল না তারা। ১৮তম মিনিটে ম্যাককিল আবদুল্লাহর অ্যাক্রোবেটিক শট ঠেকান অর্শ। পরে গোললাইন থেকেও ভারতকে রক্ষা করেন এক ডিফেন্ডার। অন্যদিকে ৩৪তম মিনিটে অভিষেক সূর্যবংশীর শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ বাট।

প্রথমার্ধের যোগ করা সময়ে অবশেষে এগিয়ে যায় পাকিস্তান। জুনায়েদ শাহর বাড়ানো বল পেয়ে দুর্দান্ত শটে জালে পাঠান আলমগীর গাজী। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পাকিস্তান।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণ চালায় পাকিস্তান। তবে ৫১তম মিনিটে বিষ্ণুর শট পোস্টে লেগে ফিরে এলে সমতায় ফেরার সুযোগ পায় ভারত। ম্যাচের ৫৯তম মিনিটে ব্রিসন ফার্নান্দেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন জুনায়েদ শাহ। তাতে ১০ জনের দলে পরিণত হয় পাকিস্তান।

সুবিধা কাজে লাগিয়ে এর এক মিনিট পরই সমতায় ফেরে ভারত। লুংডিমের ক্রস থেকে তৈরি হওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন সুহাইল ভাট। এরপর একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিল না ভারত। ৬৭তম মিনিটে বিষ্ণুর শট দারুণভাবে ঠেকান ইউসুফ বাট।

মনে হচ্ছিল, ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। তবে ৮৮তম মিনিটে কর্নার থেকে আবদুল রাবিহের বাড়ানো বলে হেড করে জয়সূচক গোল করেন সানদীপ মান্ডি। যোগ করা সময়ে সমতায় ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয় পাকিস্তান। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।