রাজধানীর উত্তরার একটি বাসায় চেতনানাশক ওষুধ কেটামিন প্রক্রিয়াজাত করার ল্যাবের সন্ধান পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ২৫ মার্চ সেখানে অভিযান চালিয়ে চীনের তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তাদের ভাষ্য, চক্রটি বিদেশ থেকেও অর্ডার পেত, মাদক পাঠাত কুরিয়ারে।
শুধু উত্তরা নয়, সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে ইয়াবা গুঁড়া করে নতুন বড়ি বানানো, পুরান ঢাকার ওয়ারীতে কুশ চাষ এবং ভাটারায় ভেজাল মদ তৈরির তথ্য পেয়েছে ডিএনসি। বিদেশ থেকে নতুন মাদক আসার পাশাপাশি দেশের ভেতরেও উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের এমন ঘটনা সামনে আসছে।
এভাবে বদলে যাচ্ছে মাদকের চেহারা। পাল্টেছে কেনাবেচার পদ্ধতিও। কখনো ইলেকট্রনিক সিগারেটের (ভেপের) তরল, কখনো বিশেষ কাগজ বা চকলেটে মাদক পাওয়া যাচ্ছে। সরবরাহের জন্য ব্যবহৃত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম, গোপন বার্তা আদান–প্রদানের গ্রুপ ও অনলাইন কেনাকাটার ব্যবস্থা। নতুন মাদকের এই বাজারে তরুণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্পৃক্ততার তথ্যও মিলেছে কয়েকটি অভিযানে।
শুধু উত্তরা নয়, সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে ইয়াবা গুঁড়া করে নতুন বড়ি বানানো, পুরান ঢাকার ওয়ারীতে কুশ চাষ এবং ভাটারায় ভেজাল মদ তৈরির তথ্য পেয়েছে ডিএনসি। বিদেশ থেকে নতুন মাদক আসার পাশাপাশি দেশের ভেতরেও উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের এমন ঘটনা সামনে আসছে।
আট বছরে শনাক্ত ১৩ মাদক

ডিএনসির তথ্য অনুযায়ী, দেশে অন্তত ২৪ ধরনের মাদক পাওয়া যায়। এর মধ্যে ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত আট বছরে নতুন বা অপ্রচলিত ১৩ ধরনের মাদক শনাক্ত ও উদ্ধার হয়েছে। সবচেয়ে বেশি পাঁচটি শনাক্ত হয় ২০১৯ সালে; ২০২১ সালে তিনটি। তবে নতুন বলে চিহ্নিত সব দ্রব্যই সম্পূর্ণ নতুন রাসায়নিক নয়; কয়েকটি প্রচলিত মাদকের ভিন্ন রূপ।
তালিকায় রয়েছে খাত (নেশা সৃষ্টিকারী উদ্ভিদ), আইস (স্ফটিকাকার মেথামফেটামিন, শক্তিশালী উত্তেজক রাসায়নিক), এমডিএমএ বা এক্সট্যাসি (কৃত্রিম উত্তেজক মাদক), এলএসডি (বিভ্রম সৃষ্টিকারী রাসায়নিক), ট্যাপেন্টাডল ও ট্রামাডল (ওপিওয়েড শ্রেণির ব্যথানাশক), ডিএমটি (বিভ্রম সৃষ্টিকারী রাসায়নিক), ম্যাজিক মাশরুম (নেশা সৃষ্টিকারী উপাদানযুক্ত ছত্রাক), ডিওবি (কৃত্রিম বিভ্রম সৃষ্টিকারী পদার্থ), কুশ (গাঁজার বিশেষ জাত হিসেবে পরিচিত), উচ্চক্ষমতার জমাট হেরোইন (আফিমজাত মাদক), ব্ল্যাক কোকেন (কোকেনের বিশেষ রূপ) এবং এমডিএমবি (গাঁজার মতো প্রভাব সৃষ্টিকারী কৃত্রিম রাসায়নিক)।
এগুলোর মধ্যে কোনোটি উত্তেজক, কোনোটি বিভ্রম সৃষ্টি করে। কিছু দ্রব্য ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়। যেমন ট্যাপেন্টাডল ও ট্রামাডল ব্যথানাশক ওষুধ। ডিএনসির কর্মকর্তাদের ভাষ্য, এমডিএমএ মূলত ক্লাব বা পার্টিতে ব্যবহৃত হয়। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস থেকে এটি আসার তথ্য রয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে যুক্তরাজ্য থেকে ডাকযোগে আসা একটি চালানে ৩১৭টি বড়ি উদ্ধার করা হয়।
এভাবে বদলে যাচ্ছে মাদকের চেহারা। পাল্টেছে কেনাবেচার পদ্ধতিও। কখনো ইলেকট্রনিক সিগারেটের (ভেপের) তরল, কখনো বিশেষ কাগজ বা চকলেটে মাদক পাওয়া যাচ্ছে।
ভেপের তরলে এমডিএমবি

ডিএনসি বলছে, সর্বশেষ নতুন মাদক হিসেবে এমডিএমবি শনাক্ত হয় ২০২৫ সালের ডিসেম্বরে। মালয়েশিয়া থেকে আনা মাদকটি ই-সিগারেট (ইলেকট্রনিক সিগারেট) বা ভেপের (তরলকে বাষ্পে রূপ দিয়ে টানার যন্ত্র) মাধ্যমে ব্যবহারের জন্য সরবরাহ হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৪০ মিলিলিটার তরল উদ্ধার ও চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, তাঁদের তিনজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, অন্যজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।
এ ঘটনার তদন্তে পাওয়া তথ্যের বরাতে ডিএনসি জানিয়েছে, চক্রের একজন নিয়মিত মালয়েশিয়ায় গিয়ে মাদক সংগ্রহ করতেন। লক্ষ্য ছিল ঢাকার উচ্চ ও উচ্চমধ্যবিত্ত ক্রেতা। এটি বিক্রির জন্য ফেসবুকের ‘প্রাইভেট গ্রুপ’ ও ভুয়া অ্যাকাউন্টে সংকেতপূর্ণ পোস্ট দেওয়া হতো। আগ্রহীদের সঙ্গে পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দাম ও সরবরাহ ঠিক করা হতো। অবস্থান জানানোর সুবিধার্থে ইমোজি (চিত্রসংকেত) ব্যবহার করতেন চক্রের সদস্যরা।
এমডিএমএ ও এমডিএমবি নাম কাছাকাছি হলেও দুটি আলাদা মাদক। প্রথমটি উত্তেজক শ্রেণির, অন্যটি গাঁজার মতো প্রভাব সৃষ্টিকারী কৃত্রিম রাসায়নিকের অন্তর্ভুক্ত।
ডিএনসির কর্মকর্তারা জানান, অল্প পরিমাণ এমডিএমবিও স্নায়ুতন্ত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে। হ্যালুসিনেশন (বাস্তবে নেই এমন কিছু দেখা বা শোনার অনুভূতি) এবং হৃৎস্পন্দনের অস্বাভাবিকতার ঝুঁকি থাকে। তরল অবস্থায় সহজে বহন করা যায় বলে মাদকটি শনাক্ত করাও কঠিন।
মালয়েশিয়া থেকে আনা মাদকটি ই-সিগারেট (ইলেকট্রনিক সিগারেট) বা ভেপের (তরলকে বাষ্পে রূপ দিয়ে টানার যন্ত্র) মাধ্যমে ব্যবহারের জন্য সরবরাহ হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৪০ মিলিলিটার তরল উদ্ধার ও চক্রের চারজনকে গ্রেপ্তার করা হয়।
বাসাবাড়িতে উৎপাদন ও প্রক্রিয়াজাত

ডিএনসির কর্মকর্তারা জানান, চলতি বছর ঢাকা ও এর আশপাশের এলাকায় বাসাবাড়িতে মাদক তৈরির কয়েকটি চক্র শনাক্ত হয়েছে। উত্তরার কেটামিন প্রক্রিয়াজাত করার ল্যাব থেকে গ্রেপ্তার চীনের তিন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ডার্ক ওয়েবে (সাধারণ অনুসন্ধানে সহজে পাওয়া যায় না, এমন গোপন অনলাইন পরিসর) অর্ডার নিয়ে কুরিয়ারে মাদক পাঠাতেন। গন্তব্য ছিল মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শ্রীলঙ্কা। অর্থ লেনদেন হতো ক্রিপ্টোকারেন্সিতে (ইন্টারনেটভিত্তিক ডিজিটাল মুদ্রা)।
গত ১৯ ফেব্রুয়ারি টঙ্গীর একটি বাসায় কারখানা শনাক্তের কথা জানায় ডিএনসি। কর্মকর্তাদের হিসাবে, সেখানে ৫০০টি ইয়াবা গুঁড়া করে রং ও রাসায়নিক মিশিয়ে প্রায় পাঁচ হাজার বড়ি তৈরি করা হতো। এটি নতুন করে মূল রাসায়নিক উৎপাদনের বদলে বিদ্যমান মাদক বিভিন্নভাবে প্রক্রিয়াজাত করার ঘটনা। আবার ৭ জানুয়ারি ওয়ারীতে তাপমাত্রা নিয়ন্ত্রিত কক্ষে কুশ চাষের তথ্য পায় ডিএনসি। পৃথক অভিযানে ভাটারার একটি ফ্ল্যাটে ভেজাল মদ তৈরির সরঞ্জাম পাওয়া যায়।
২০২২ সালের আগস্টে গুলশান থেকে কুশ উদ্ধারের পর দেশে প্রথম শনাক্তের কথা জানিয়েছিল র্যাব। ওই ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তির বিরুদ্ধে মোহাম্মদপুরে বিশেষ ব্যবস্থায় কুশ চাষের অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস থেকে বীজ আনার তথ্যও পাওয়া যায়।
ডিএনসির হিসাবে, গাঁজার পুরিয়া বা ইয়াবার বড়ির পাশাপাশি আইসের স্ফটিক, এলএসডি মেশানো ব্লটার পেপার (রাসায়নিক শোষানো ছোট কাগজ), ভেপের তরল এবং মাদকমিশ্রিত চকলেট পাওয়া যাচ্ছে।
কাগজ, তরল ও চকলেটেও মাদক

মাদক শনাক্তের চ্যালেঞ্জ বাড়ছে এর নতুন রূপেও। ডিএনসির হিসাবে, গাঁজার পুরিয়া বা ইয়াবার বড়ির পাশাপাশি আইসের স্ফটিক, এলএসডি মেশানো ব্লটার পেপার (রাসায়নিক শোষানো ছোট কাগজ), ভেপের তরল এবং মাদকমিশ্রিত চকলেট পাওয়া যাচ্ছে। ২০২২ সালে বনানীর একটি ফ্ল্যাট থেকে কুশ, এলএসডি, কোকেন, এক্সট্যাসি ও গাঁজার উপাদানযুক্ত চকলেট উদ্ধার হয়। ২০২৫ সালেও ভেপের তরল ও মাদকমিশ্রিত চকলেট জব্দের তথ্য রয়েছে।
ডিএনসির সহকারী পরিচালক আবদুল হালিম রাজ প্রথম আলোকে বলেন, নতুন প্যাকেজিং ও গ্রহণের পদ্ধতির কারণে বাইরে থেকে এসব মাদক চেনা কঠিন হয়ে পড়ছে। তবে সব ক্ষেত্রে নতুন রাসায়নিক তৈরি হচ্ছে না; কিছু ক্ষেত্রে পুরোনো মাদকই ভিন্নভাবে বহন বা গ্রহণ করা হচ্ছে।
কর্মকর্তাদের ব্যাখ্যায়, ‘জম্বি’ আলাদা কোনো মাদকের রাসায়নিক নাম নয়। বিদেশে এতে ফেন্টানিল (অত্যন্ত শক্তিশালী কৃত্রিম ওপিওয়েড বা ব্যথানাশক শ্রেণির মাদক) ও জাইলাজিনের (প্রাণিচিকিৎসায় ব্যবহৃত প্রশমনকারী ওষুধ) মিশ্রণ পাওয়া গেছে। এর প্রভাবে তীব্র ঝিমুনি ও চলাফেরায় অসংগতি দেখা দিতে পারে; বিদেশে একে অনেকে ‘জম্বি ড্রাগস’ নামে ডাকেন।
অনলাইনে অর্ডার, বাসায় সরবরাহ
মাদক কেনাবেচায় প্রযুক্তির ব্যবহার বেড়েছে। গত ১৬ অক্টোবর ভাটারায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারের পর একটি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক অনলাইন চক্রের তথ্য পায় ডিএনসি। সংস্থাটি জানায়, বসুন্ধরার দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ঘিরে ওয়েবসাইট ও টেলিগ্রামের গোপন গ্রুপে কুশ ও সিনথেটিক গাঁজা বিক্রি হচ্ছিল। প্রায় ২৫০ শিক্ষার্থী যুক্ত ওই গ্রুপে প্রবেশের জন্য কিউআর কোডযুক্ত কার্ড দেওয়া হতো। অনলাইনে অর্ডার নিয়ে মাদক পৌঁছে দেওয়া হতো বাসায়।
১৬ আগস্ট বাড্ডার সাঁতারকুল থেকে আনিসুর রহমানকে ৬২০ মিলিলিটার তরল টিএইচসিসহ গ্রেপ্তার করে ডিএনসি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, তিনি কুরিয়ারের মাধ্যমে ‘সিবিডি তেল’ নামে মাদক বিক্রি করতেন। পাঁচ বছরে প্রায় ৪০৫ বোতল বিক্রির তথ্য পেয়েছেন তাঁরা।
এর আগে ২০২৫ সালের ৫ জুলাই ভাটারা ও বসুন্ধরায় অভিযান চালিয়ে এলএসডিযুক্ত ১৩৮টি ব্লটার পেপার উদ্ধার করে ডিএনসি। সংস্থাটি জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির যন্ত্রপাতির ফরেনসিক পরীক্ষায় ডার্ক ওয়েবে মাদক কেনা ও বিটকয়েনে দাম দেওয়ার তথ্য মেলে। ২০২১ সালের নভেম্বরে খুলনায় দুই তরুণের কাছ থেকে ডিওবিযুক্ত ৯০টি ব্লটার উদ্ধার হয়। ডিএনসির ভাষ্য, তাঁরা ডার্ক ওয়েবের মাধ্যমে পোল্যান্ড থেকে এটি আনিয়েছিলেন।
মাদক নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বলছে, নিয়মিত মাদকসেবীদের নতুন নেশার প্রতি কৌতূহল থেকে নতুন মাদকের বাজার তৈরি হয়। এর ভোক্তাদের বড় অংশ তরুণ।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, মাদক ব্যবহারকারীদের ৩৩ শতাংশ প্রথম মাদক গ্রহণ করেন ৮–১৭ বছর বয়সে। আরও ৫৯ শতাংশ শুরু করেন ১৮–২৫ বছরে। অর্থাৎ, ৯২ শতাংশই মাদক গ্রহণ শুরু করেন ২৫ বছরের মধ্যে।
ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, নতুন সিনথেটিক মাদকের ক্রেতাদের বড় অংশ উচ্চবিত্ত ও শিক্ষিত। তাঁদের প্রযুক্তি ব্যবহারের সুযোগ কাজে লাগিয়ে কারবারিরা গোপনে মাদক বিক্রির চেষ্টা করছেন।
‘জম্বি ড্রাগ’ নিয়ে অনিশ্চয়তা
সম্প্রতি শাহবাগের ফুটপাতে এক যুবকের অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ভিডিওর ক্যাপশনে তাঁকে ‘জম্বি ড্রাগে আক্রান্ত’ বলা হয়। ডিএনসির কয়েকজন কর্মকর্তা জানান, ভিডিও পর্যালোচনা করে এবং যুবকটির বিষয়ে খোঁজখবর নিয়ে তাঁরা মোটামুটি নিশ্চিত হয়েছেন, এতে মাদকের প্রভাব রয়েছে। যদিও ডিএনসি এখন পর্যন্ত এ ধরনের মাদক উদ্ধার করতে পারেনি।
কর্মকর্তাদের ব্যাখ্যায়, ‘জম্বি’ আলাদা কোনো মাদকের রাসায়নিক নাম নয়। বিদেশে এতে ফেন্টানিল (অত্যন্ত শক্তিশালী কৃত্রিম ওপিওয়েড বা ব্যথানাশক শ্রেণির মাদক) ও জাইলাজিনের (প্রাণিচিকিৎসায় ব্যবহৃত প্রশমনকারী ওষুধ) মিশ্রণ পাওয়া গেছে। এর প্রভাবে তীব্র ঝিমুনি ও চলাফেরায় অসংগতি দেখা দিতে পারে; বিদেশে একে অনেকে ‘জম্বি ড্রাগস’ নামে ডাকেন। ডিএনসির কর্মকর্তারা দেশের মাদকের বাজারে ফেন্টানিলের উপস্থিতির প্রমাণ পাওয়ার কথা বললেও জাইলাজিন শনাক্ত করতে পারেননি।
নতুন মাদক শনাক্তেও চ্যালেঞ্জ
নতুন ধরনের মাদক শনাক্ত ও নিয়ন্ত্রণে প্রযুক্তিগত সক্ষমতার ঘাটতি রয়েছে। ডিএনসির কর্মকর্তারা বলছেন, অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য সব ধরনের সিনথেটিক মাদক শনাক্ত করতে পারেন না। ফলে কিছু চালান নজর এড়িয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ জন্য বিমানবন্দরে মাদক শনাক্তকরণ যন্ত্র বসানোর প্রস্তুতি চলছে। অন্যদিকে দেশের ভেতরে মাদক উৎপাদন এবং অনলাইন প্ল্যাটফর্ম ও গোপন গ্রুপের মাধ্যমে কেনাবেচা নিয়ন্ত্রণেও নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ প্রথম আলোকে বলেন, তরুণ জনগোষ্ঠীর মধ্যে নতুন মাদকের চাহিদা বাড়ছে। বিদেশ থেকেও নতুন নতুন মাদক আসছে। মাত্র তিন হাজার জনবল নিয়ে ডিএনসি এসব মাদক শনাক্ত ও নিয়ন্ত্রণে কাজ করছে। ইতিমধ্যে কুশ, এমডিএমবি ও কেটামিন উদ্ধারের পাশাপাশি দেশীয় ল্যাব শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে নতুন ধরনের মাদক উদ্ধারের তথ্য পাওয়া গেলেও এর বাজার ও বিস্তারের পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়। ফলে বিচ্ছিন্ন অভিযান ও সামান্য কিছু নতুন মাদক উদ্ধার হলেও এর নেপথ্যের চক্র কতটা শনাক্ত করা যাচ্ছে, সেটিই এখন বড় প্রশ্ন।