সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছানাকান্দি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের এ তথ্য নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি তদন্ত সুজন কুমার কর্মকার।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বিছনাকান্দি সীমান্ত এলাকার ১২৬৩ নম্বর পিলারের ৫এস এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে পুরো সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আটককৃত বিএসএফ সদস্যদের নাম-পরিচয় ও পদবী সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, আজ দুপুরে এক পর্যটক বিছনাকান্দি সীমান্ত এলাকায় ঘুরতে যান। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের সীমানার ভেতরে অনুপ্রবেশ করে ওই পর্যটককে মারধর করে।
খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বিএসএফ সদস্যকে নিজেদের হেফাজতে (আটক) নেন। একপর্যায়ে সীমান্তে অনধিকার প্রবেশ ও মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনার পর থেকে বিছনাকান্দি সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি তদন্ত সুজন কুমার কর্মকার।