মাদক মামলায় হাজিরা দিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এসেছিলেন চিত্রনায়িকা পরীমনি। মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য ২৩ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। হাজিরা শেষে গত ৫ নভেম্বর সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার ব্যাখ্যা দিয়েছেন তিনি।
পরীমনি বলেছেন, ‘আমি যখন জিজ্ঞাসা করলাম তুমি (সাংবাদিক) কেন আমাকে টাচ করছ? তখন সে কার্ড শো করে বলল, আমি কিন্তু সাংবাদিক। তখন হিট মোমেন্টে বলেছি, সাংবাদিকগিরি কর আমার সঙ্গে। আমি তো ছয় বছর ধরে আদালতে যাতায়াত করছি, কেউ বলতে পারবেন কখনো কারোর দুর্ব্যবহার হয়েছে। কেউ পারবেনা।’ তিনি বলেছেন, ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লাগছে।’
আদালত সূত্রে জানা গেছে, ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে বিচার চলছিল মামলাটির। গত ২৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়। তবে মাদকের নতুন আইনের কারণে গত ৯ নভেম্বর মামলাটা সিএমএম আদালতে বদলি করা হয়। আজ হাজিরা দিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে যান পরীমনি। সেখানে গেলে তাকে জানানো হয়, আগামী ২৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়েছে।
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা পরীমনির পাশাপাশি তার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদারকেও আসামি করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২১ সালের ৪ আগস্ট পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধার করে র্যাব। এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়।
মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেওয়া শুরু করেন। তবে অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। পরে মামলার পুনরায় অভিযোগ গঠনের আদেশ দেন উচ্চ আদালত।