Image description

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপার পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলকে সিদ্ধান্ত নিতে নির্দেশনা চেয়ে করা আবেদনের ওপর শুনানি হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেছে।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হয়।

শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এ বছরের ১৪ মে ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়। ২৭ জুলাই মামলার মোট ৪১ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি দাখিল করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

সোমবার আদালতে ফারজানা রুপার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুব শফিক। তিনি ট্রাইব্যুনাল আইনের ১১(৮) ধারা তুলে ধরে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে বার কাউন্সিলকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়ার আবেদন জানান।

মাহবুব শফিক বলেন, ১১(৮) ধারাটি ১৯৭৩ সালের মূল আইনে ছিল না। ২০২৪ সালে সংশোধনীর মাধ্যমে এটি যুক্ত হয়। গত অক্টোবরে বার কাউন্সিলে আবেদন করা হলেও তারা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

আবেদনের বিরোধিতা করে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) অধ্যাদেশের প্রশংসা করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তৎকালীন সরকার যুগোপযোগী আইন প্রণয়ন করেছিল উল্লেখ করে আইনটিকে ‘রোম সংবিধির সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ’ বলে মন্তব্য করেন তিনি।

আমিনুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, বার কাউন্সিল অনুমতি দেওয়ার পরই কেবল ট্রাইব্যুনাল বিদেশি আইনজীবীকে অনুমতি দেবে কি না, তা ঠিক করবে। তার আগে ট্রাইব্যুনালের এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই।

সংবিধানের ৪৭ অনুচ্ছেদের কথা উল্লেখ করে চিফ প্রসিকিউটর দাবি করেন, ১৯৭৩ সালের এই আইন আদালতে চ্যালেঞ্জ করা যায় না।

শুনানি শেষে মাহবুব শফিক স্ট্রিমকে বলেন, ফারজানা রুপা একজন সাংবাদিক। শাপলা চত্বরের ঘটনায় তাঁর কী ভূমিকা থাকতে পারে, সে বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আইন নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের মতামত ও আইনি সহায়তার জন্যই যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বার্সের দুজন আইনজীবী বার কাউন্সিলে আবেদন করেছেন।

ফলো-আপ চিঠি দিয়েও উত্তর না পাওয়ায় ট্রাইব্যুনালে বার কাউন্সিলকে সিদ্ধান্ত নিতে নির্দেশনা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ট্রাইব্যুনাল শুনানি নিয়ে আদেশ দেবেন বলে জানালেও কী আদেশ দেওয়া হবে, তা এখনো বলেননি।

মামলার অপর আসামি মোজাম্মেল হক বাবুর পক্ষেও একই ধরনের আবেদন করা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে মাহবুব শফিক জানান, তিনি কেবল ফারজানা রুপার পক্ষে রয়েছেন।

শুনানি শেষে নিয়মিত ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, আইনের ১১(৮) উপধারা অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিলের অনুমতি ছাড়া কোনো বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়ার ক্ষমতা ট্রাইব্যুনালের নেই।

তাঁর ভাষ্য, ২০১০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত বিধিমালার (রুলস) ওই বিধানটিই ২০২৪ সালে সংশোধনীর মাধ্যমে মূল আইনে যুক্ত করে ২০০৯ সাল থেকে ভূতাপেক্ষ (রেট্রোস্পেক্টিভ) কার্যকর করা হয়। তবে বিদেশি আইনজীবী, বিদেশি প্রতিনিধি বা জাতিসংঘ মিশনের কেউ চাইলে বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করতে এবং আসামিপক্ষের আইনজীবীদের সহযোগী হিসেবে কাজ করতে পারবেন বলে জানান তিনি।

আইন চ্যালেঞ্জের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, আসামিপক্ষ ট্রাইব্যুনালের আদেশে অসন্তুষ্ট হলে হাইকোর্ট বিভাগে যেতে পারেন। তবে ১৯৭৩ সালে সংশোধিত ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বা আইন আদালতে চ্যালেঞ্জ করা যায় না।

এদিকে সোমবারের শুনানিতে সাংবাদিক মোজাম্মেল হক বাবুসহ অপর চার আসামির পক্ষে অব্যাহতির (ডিসচার্জ) আবেদন দাখিলের জন্য সময় চান জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির এ মামলায় এদিন ফারজানা রুপা ও মোজাম্মেল হক বাবুসহ গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

হাজির করা অপর আসামিদের মধ্যে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

গত ১ অক্টোবর লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের দুই ব্রিটিশ আইনজীবী জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদনটি পাঠান। তারা দুজনই সাংবাদিকদের আইনি সুরক্ষা নিয়ে কাজ করেন।

পরে সে মাসেই বার কাউন্সিলে আনুষ্ঠানিক আবেদন ও চিঠি জমা দেন ফারজানা রুপার আইনজীবী মাহবুব শফিক।

চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী, ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীদের শুনানিতে অংশ নেওয়ার সুযোগ থাকলেও এর জন্য বার কাউন্সিলের অনুমতি প্রয়োজন। মামলার বিচারকাজ দ্রুতগতিতে এগিয়ে চলায় বিদেশি আইনজীবীদের অনুমতির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে।

২০২৪ সালের ৮ আগস্ট একাত্তর টেলিভিশন কর্তৃপক্ষ সাংবাদিক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রী ফারজানা রুপাকে তাঁদের পদ থেকে অব্যাহতি দেয়। এরপর ২১ আগস্ট দেশের বাইরে যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাকিল ও রুপাকে চার দিনের রিমান্ডে পাঠায় আদালত। এরপর আদাবর থানায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায়ও তাঁদের গ্রেপ্তার দেখানো হয় এবং পাঁচ দিনের রিমান্ড হয়।

চলতি বছরের ১১ মে হাইকোর্ট ফারজানা রুপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় অন্তর্বর্তী জামিন দিয়েছিলেন।

তবে আরও একটি মামলায় জামিন না হওয়ায় তখন তাঁরা মুক্তি পাননি। পরে ৭ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতি তাঁদের ওই জামিন আদেশ স্থগিত করেন। একই সঙ্গে জামিন প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলা হয়।