Image description

সংসদে আলোচনার জন্য নির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত এজেন্ডা থেকে তৈরি পোশাকশিল্পের (আরএমজি) সংকটের বিষয়টি বাদ পড়েছে বলে অভিযোগ করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ এই শিল্প নিয়ে আলোচনার কথা থাকলেও বারবার তা পিছিয়ে দেওয়া হচ্ছে। অথচ অর্ডার বাতিল, ব্যবসা অন্য দেশে চলে যাওয়া এবং আর্থিক ক্ষতির মতো ঘটনা ঘটছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।

সংসদে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সংসদকে প্রাণবন্ত ও প্রাণকেন্দ্র হিসেবে রাখার বিষয়টি স্পিকার মাঝেমধ্যে অভিভাবকের মতো স্মরণ করিয়ে দেন। কিন্তু গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে আলোচনার সুযোগ না পাওয়ায় মৌলিক বিষয়গুলো সংসদে তুলে ধরা যাচ্ছে না।

তিনি বলেন, তিন দিন আগে তৈরি পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে আলোচনার বিষয়টি সংসদের কার্যসূচিতে ছিল। তবে সেদিন আলোচনা না হওয়ায় হুইপদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী রবিবার আলোচনার কথা জানানো হয়েছিল। রবিবারও কার্যসূচিতে বিষয়টি দেখে তারা আলোচনার অপেক্ষায় ছিলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমরা ভাবছি এটা তো দেশের স্বার্থ, এটা শুধু সরকার বা বিরোধী দলের ব্যাপার না, আমাদের সকলের ব্যাপার।’

তিনি অভিযোগ করেন, রবিবার রাত ৭টা ৪৯ বা ৫০ মিনিটের দিকে আলোচনা শুরুর ঠিক আগমুহূর্তে সংসদের অধিবেশন মুলতবি করা হয়। এরপর সোমবারের কার্যসূচিতে গার্মেন্টসশিল্পের বিষয়টি আর রাখা হয়নি।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এরকম একটা ইম্পর্টেন্ট ইস্যুকে বারবার ইগনোর করে এখন এটাকে ল্যাপস করে দেওয়া হচ্ছে। আলোচনা করে আমরা এটা নিয়ে আসতে পারছি না। এটা তো সরকার দলেরই উচিত ছিল আলোচনায় নিয়ে আসা। আমরা বারবার তোলার পরও আমরা এটা পাচ্ছি না কেন, মাননীয় স্পিকার? আমরা এই বৈষম্যের শিকার হব?’

তৈরি পোশাকশিল্পের সংকটের গুরুত্ব তুলে ধরে এই সংসদ সদস্য বলেন, শিল্পটি থেকে ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং অর্ডার বাতিল করছেন। এতে দেশের দেড় হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি বাংলাদেশের পোশাকের ব্যবসা ভিয়েতনাম, ভারত ও নেপালের মতো দেশে চলে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।