Image description

ভারতে আলোচিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) আওতায় নাগরিকত্ব পাওয়ার যোগ্য ‘বাংলাদেশি অভিবাসী’দের চিহ্নিত করতে বিশেষ নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলাদেশ থেকে যাওয়া যেসব ব্যক্তি এখনো ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেননি, তাঁদের দ্রুত খুঁজে বের করতে বলা হয়েছে।

পশ্চিমবঙ্গের রাজ্য সরকার জেলা পর্যায়ের শীর্ষ আমলাদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছে। রোববার (১৬ অক্টোবর) কলকাতা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার অনলাইন সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গে সিএএ-এর অধীনে জমা পড়া প্রায় আড়াই লাখ অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির কাজ জোরেশোরে চলছে। এসব আবেদনের বড় অংশই বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলা থেকে জমা পড়েছে বলে জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া। এছাড়া মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনও ব্যাপকভাবে আবেদন যাচাই ও শুনানির প্রক্রিয়া জোরদার করেছে। আবেদন করা ব্যক্তিদের দ্রুত শনাক্ত করতে সমস্যা তৈরি হওয়ায় মাঠপর্যায়ে কার্যক্রম কিছুটা জটিলতার মুখে পড়েছে।

 

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের অনিষ্পন্ন সিএএ আবেদন দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছেন। তিনি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব পাওয়ার যোগ্যতাসম্পন্ন সব আবেদনকারীকে নাগরিকত্ব সনদ দেওয়ার জন্য প্রশাসনকে সময় বেঁধে দেন।

 

২০২৭ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া ভোটার তালিকা সংশোধনের নতুন প্রক্রিয়া শুরুর আগেই যাতে সব শরণার্থী নাগরিকত্ব পান, সেটি নিশ্চিত করতে চাইছে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজ্য সরকার। সনদ হাতে পেলে এসব শরণার্থী সরাসরি ভারতীয় ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন।

পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া অভিবাসীর সুনির্দিষ্ট কোনো সরকারি পরিসংখ্যান এখনো সংকলন করতে পারেনি রাজ্য প্রশাসন। তবে ক্ষমতাসীন বিজেপি নেতাদের ধারণা, অন্তত এক লাখ নাগরিকত্ব পাওয়ার যোগ্য শরণার্থী এখনো আবেদন প্রক্রিয়ার বাইরে রয়ে গেছেন।

বিশেষ করে মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়ের একটি বড় অংশ এখনো নাগরিকত্বের জন্য আনুষ্ঠানিক আবেদন করেনি বলে ধারণা বিজেপি প্রশাসনের। এই বিপুলসংখ্যক মানুষ প্রক্রিয়ার বাইরে থাকায় বিষয়টি রাজ্যের বিজেপি সরকারের জন্য নতুন উদ্বেগের কারণ হয়েছে।

বিজেপি নেতাদের দাবি, বিরোধী তৃণমূল কংগ্রেস ও বামপন্থিদের অপপ্রচারের কারণেই সাধারণ মানুষ আবেদন করতে ভয় পাচ্ছেন। সিএএ নিয়ে বিরোধীদের তৈরি করা বিভ্রান্তি ও আতঙ্কের কারণে অনেকেই নিজেদের নাম নিবন্ধনে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। অন্যদিকে, অনেক শরণার্থী আগেই জমা দেওয়া আবেদনগুলোর চূড়ান্ত পরিণতি দেখার জন্য সতর্কভাবে অপেক্ষা করছেন। আগের আবেদনকারীরা নির্বিঘ্নে নাগরিকত্ব পাচ্ছেন কি না, তা নিশ্চিত হয়েই অনেকে আবেদনের প্রক্রিয়ায় পা বাড়াতে চান।

গত বৃহস্পতিবার কোচবিহার শহরে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি রাজ্যের মন্ত্রী ও মতুয়া নেতা অশোক কীর্তনিয়ার নজরে আনা হয়। নমশূদ্র মতুয়া মহাসঙ্ঘের কোচবিহার ইউনিট বাংলাদেশ থেকে যাওয়া শরণার্থীদের সহায়তায় বিশেষ প্রচারের দাবি জানায়।

 

বর্তমানে পশ্চিমবঙ্গে সিএএ-এর অধীনে জমা পড়া প্রায় আড়াই লাখ অনিষ্পন্ন আবেদন নিষ্পত্তির কাজ জোরেশোরে চলছে। এসব আবেদনের বড় অংশই বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়া এবং উত্তর ২৪ পরগনা জেলা থেকে জমা পড়েছে বলে জানিয়েছে টেলিগ্রাফ ইন্ডিয়া।

 

মন্ত্রী অশোক কীর্তনিয়া টেলিগ্রাফকে বলেন, ‘মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করে প্রক্রিয়াটি সহজ করেছেন। তবে, দুর্ভাগ্যবশত এখনো অনেক নির্যাতিত মানুষ বিভ্রান্তিতে আছেন এবং আবেদন জমা দেননি।’ মন্ত্রী জানান, নাগরিকত্ব না থাকায় তারা ভোটার তালিকা ও সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কীর্তনিয়া বলেন, ‘ভয় কাটিয়ে তাঁদের আবেদন জমা দিতে সহায়তা করতে রাজ্য সরকার এবার সর্বাত্মক উদ্যোগ নেবে।’

ভারতের সিএএ অনুযায়ী, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টানদের ক্ষেত্রে এটি প্রযোজ্য। পশ্চিমবঙ্গে বসবাসরত হাজার হাজার পরিবার এই আইনের সুবিধা পাওয়ার যোগ্য হলেও, অনেকেই এখনো প্রক্রিয়ার বাইরে রয়েছেন বলে জানিয়েছে দ্য টেলিগ্রাফ।