Image description

চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের তফসিলি ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘২০২২ সালে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা সেই সময়ে বিতরণকৃত মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ। পরবর্তীতে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। চলতি বছরের সেপ্টেম্বরে খেলাপি ঋণ দাঁড়িয়েছে মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের এই পরিসংখ্যান দেশের অর্থনীতিতে এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।’

তিনি জানান, ২০২৪ সালে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। খেলাপি ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা। খেলাপির হার ১৭ দমমিক ৮৩ শতাংশ। ২০২৫ সালে মোট ঋণ ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ ও খেলাপি ঋণ ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা (২৯ দশমিক ৯২ শতাংশ) ছিল। সর্বশেষ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা মোট ঋণের ৩২ দশিমিক ১৭ শতাংশ খেলাপি হয়েছে। এছাড়া ২০২২ সালে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ এবং ২০২৪ সালে ৮ দশমিক ৩৯ শতাংশ।

মন্ত্রী বলেন, ‘ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বৈদেশিক অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্জিত সম্পত্তির বিবরণী অনুসন্ধান করছে এবং আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। অর্থ পাচার রোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর উদ্যোগসহ বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’