সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া আদালতে নেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে ব্যাখ্যা চান তিনি। জবাবে আইনমন্ত্রী বলেছেন, ভবিষ্যতে আদালতে আসামি নেওয়ার ক্ষেত্রে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না।
আজ রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলে ধরেন লুনা।
তিনি বলেন, গুম ও খুনের অভিযোগে অভিযুক্ত জিয়াউল আহসানের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে। গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে আদালতে নেওয়ার সময় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে বের হয়েছেন। আর তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদের দেখে মনে হয়েছে, তারা যেন প্রটোকলের দায়িত্ব পালন করছেন।
লুনা বলেন, ‘এ ধরনের একজন অপরাধীকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়া হয়েছে। হাতকড়া পরতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন, অথচ তাকে হাতকড়া পরানো হয়নি।’
এ ঘটনায় অনেক ভুক্তভোগী পরিবার মর্মাহত উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের উদ্বেগ, সরকার কি তার প্রতি কোনো মানবিকতা দেখাচ্ছে, নাকি তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না? এমন অমানবিক অপরাধে অভিযুক্ত একজন ব্যক্তির ক্ষেত্রে এ ধরনের আচরণ কেন করা হচ্ছে, সে বিষয়ে আমি মাননীয় আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাই।’
জবাবে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, বিষয়টি পয়েন্ট অব অর্ডারের পর্যায়ে পড়ে না। তবে সংসদ সদস্য একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। আইনমন্ত্রী চাইলে এর জবাব দিতে পারেন, অথবা এ বিষয়ে নোটিস দেওয়া যেতে পারে।
পরে আইনমন্ত্রী জানান, বিষয়টি তার নজরে এসেছে। কারাগার থেকে আদালত পর্যন্ত আসামিকে নিয়ে যাওয়ার বিষয়টি আইনমন্ত্রীর এখতিয়ারে না পড়লেও এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, ‘একজন নটোরিয়াস ক্রিমিনালকে যেভাবে নিয়ে যাওয়া প্রয়োজন, সেভাবে নিয়ে যাওয়া হয়েছে। এরপর থেকে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না, আদালত অঙ্গনে সেটার নিশ্চয়তা আমরা দিচ্ছি।’
ন্যায়বিচার প্রশ্নবিদ্ধ না হওয়ার বিষয়ে সরকার সতর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার কোনো ফরমায়েশি রায় চায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেসব আসামিকে হাজির করা হচ্ছে, তাদের বিরুদ্ধে থাকা সব ধরনের সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হচ্ছে। যে সাক্ষ্য-প্রমাণ পৃথিবীর যেকোনো আদালত বা ট্রাইব্যুনালে গেলে এ ধরনের আসামির সাজা হবে, সেরকম একটি ন্যায়বিচারের মানদণ্ড নিয়ে আমরা এগিয়ে চলেছি।’
এমপি লুনার উদ্বেগের সঙ্গে একমত পোষণ করে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিগত ১৬-১৭ বছরে যত গুম হয়েছে, যত খুন হয়েছে, যত গায়েবি মামলা হয়েছে, বিগত জুলাই আন্দোলনে যত মানুষ মারা গেছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, কান হারিয়েছেন, অঙ্গহানি হয়েছে, তার প্রত্যেকটি ঘটনায় আমরা ন্যায়বিচারের পথ ধরে এগিয়ে যাব।’
আইনমন্ত্রী আরও জানান, বিগত ১৬ বছর এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তা ও চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পৃথক দল জেলায় জেলায় যাবে।
তদন্তে সহযোগিতা করতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পুলিশ কর্মকর্তা, বিডিআর সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বা রাজনৈতিক কর্মীর ইন্ধন, সহযোগিতা কিংবা প্রশ্রয়ে এসব অপরাধ ঘটে থাকলে তদন্ত দলকে তথ্য দিতে হবে। গুম, খুন, গায়েবি মামলা ও রাজনৈতিক নিপীড়নের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে সংসদ সদস্যদেরও সহযোগিতা চান তিনি।