যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) নিউইয়র্ক সিটি শাখা। আনুষ্ঠানিকভাবে শনিবার এ আহ্বান জানানো হয়।
এই প্রস্তাবকে আনুষ্ঠানিক সমর্থন হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তবে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক গোষ্ঠীগুলোর পক্ষ থেকে আন্দোলনের অন্যতম প্রধান মুখ ওকাসিও-কর্তেজকে প্রেসিডেন্ট পদে লড়তে উৎসাহিত করার সর্বশেষ উদ্যোগ এটি।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনে গণতান্ত্রিক সমাজতন্ত্রীদের ধারাবাহিক সাফল্যের পর এ উদ্যোগ নেওয়া হলো। এসব সাফল্যের মধ্যে রয়েছে গত বছর নিউইয়র্কের মেয়র হিসেবে জোহরান মামদানি এবং গত ৩ নভেম্বর প্রতিনিধি পরিষদের ছয় সদস্য ও লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচিত হওয়া।
নিউইয়র্ক সিটি ডিএসএর সহসভাপতি গুস্তাভো গর্দিয়ো বলেন, সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের ভিত্তি তৈরির লক্ষ্যেই এ প্রস্তাব আনা হয়েছে।
শাখাটির সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে গর্দিয়ো বলেন, গণতান্ত্রিক সমাজতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে কাজ করবে সংগঠনটি। পাশাপাশি শ্রমজীবী শ্রেণির রাজনৈতিক কর্মসূচিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণার অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে।
এর আগে আটলান্টা, কলোরাডো, লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্কের ইথাকা শহরের ডিএসএ শাখাগুলোও একই ধরনের প্রস্তাব গ্রহণ করে। সেসব প্রস্তাবে ওকাসিও-কর্তেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
এসব প্রস্তাবে আরও কিছু নীতিগত অগ্রাধিকারের কথা তুলে ধরা হয়েছে, যেগুলো ওকাসিও-কর্তেজের কাছে বাস্তবায়নের প্রত্যাশা করছে শাখাগুলো। এর মধ্যে রয়েছে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) বিলুপ্ত করা, সবার জন্য মেডিকেয়ার চালু এবং গ্রিন নিউ ডিল বাস্তবায়ন।
আগস্টে ডিএসএর সদস্যপদ নবায়ন করেছেন ওকাসিও-কর্তেজ। এর আগে তার সদস্যপদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে এ বিষয়ে মন্তব্য জানতে তার এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
প্রস্তাবটিতে বলা হয়েছে, ওকাসিও-কর্তেজের সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচন শ্রমজীবী ভোটারদের স্বার্থ তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে ডিএসএর প্রভাব বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে।
প্রস্তাবটির পক্ষে ২৯১টি এবং বিপক্ষে ১২৩টি ভোট পড়ে। তবে সংগঠনের কয়েকজন সদস্য এর বিরোধিতা করেন। তাদের যুক্তি, ওকাসিও-কর্তেজ সংগঠনটির মূলনীতি ও রাজনৈতিক অগ্রাধিকার থেকে সরে গেছেন।
এ পর্যায়ে তার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে প্রচার চালালে আলাদা আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার প্রক্রিয়ার আগে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও উদ্বেগ জানান বিরোধীরা।
রাজনৈতিক অবস্থান নিয়ে এর আগেও ওকাসিও-কর্তেজের সঙ্গে সংগঠনটির মতবিরোধ হয়েছে। ২০২৪ সালে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে সংগঠনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থতার অভিযোগ তুলে কংগ্রেস সদস্যটির প্রতি দেওয়া সমর্থন প্রত্যাহার করে নেয় ডিএসএর জাতীয় শাখা।
সূত্র: আনাদোলু এজেন্সি