দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মাদক প্রবেশের কথা অনেকেরই জানা। তবে চাঞ্চল্যকর বিষয়- খোদ রাজধানী ঢাকাতেই কারখানা বসিয়ে তৈরি হচ্ছে ইয়াবা, হেরোইন, কুশ, কেটামিনসহ ভয়ঙ্কর সব মাদক। আবাসিক ফ্ল্যাটে মিনি ল্যাব
ও গোপন কারখানায় তৈরি করা এসব মাদক অনলাইন ও কুরিয়ারের মাধ্যমে ছড়িয়ে পড়ছে ঢাকাসহ আশপাশের এলাকায়। আর এসব অবৈধ কাজে এখন অনেকেই ব্যবহার করছেন ডার্কওয়েব। আর মাদকের বড় বড় চালানের টাকা লেনদেন হচ্ছে বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে।
সম্প্রতি রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের সাবান ফ্যাক্টরি মদিনানগর এলাকায় ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। কেরানীগঞ্জের ওই একই এলাকার মদিনা কমপ্লেক্সেও রং তৈরির কারখানার আড়ালে গত ১০ বছর ধরে চলছিল ইয়াবার কারখানা। কমপ্লেক্সের দ্বিতীয়তলার নাসির কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের একটি রং তৈরির কারখানার আড়ালেও চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে ওই কারখানায় ইয়াবা তৈরি করে আসছিল নাসির হোসেন। ঠিক একইভাবে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আরশিনগর, মধ্যচর দক্ষিণ বালুচর এলাকাতেও ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। মূলত শিল্পকারখানায় ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল ও অন্যান্য উপকরণ মিশিয়ে নিজস্ব পদ্ধতিতে ইয়াবা তৈরি করে এসব সিন্ডিকেট। আর এই কাজে ইয়াবা তৈরির জন্য লেদ থেকে আলাদাভাবে তৈরি করে আনা হয় ছাঁচ বা ডাইস। ওই ছাঁচে ফেলেই ইয়াবার আকার তৈরি করা হয়। ঢাকার অদূরে টঙ্গীতেও অন্তত তিনটি বস্তিতে রয়েছে বেশ কয়েকটি ইয়াবা তৈরির কারখানা। সম্প্রতি টঙ্গীর একটি বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পায় ডিএনসি। সেখান থেকে সাড়ে চার হাজার ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধারসহ পাওয়া যায় ইয়াবা তৈরির মিনি কেমিক্যাল ল্যাব। পরে সেই ল্যাবের মালিক শিমুলকেও গ্রেপ্তার করে পুলিশ।
ডিএনসি’র কর্মকর্তারা বলেন, তৌহিদুজ্জামান শিমুল গাজীপুরের পুবাইলে একটি আয়ুর্বেদিক ল্যাবরেটরিতে কেমিস্ট হিসেবে চাকরি করতেন। সেখানে ডায়েসে ট্যাবলেট তৈরির অভিজ্ঞতা অর্জন করেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ইয়াবা উৎপাদনে যুক্ত হন। পরে চাকরি ছেড়ে একটি আয়ুর্বেদিক দোকান দিয়ে সেই দোকানের আড়ালে তিনি ইয়াবা তৈরি করতেন। শিমুল আমাদের জানিয়েছেন, তিনি প্রথমে আধা কেজি ইয়াবা কেনেন। এরপর ওই ইয়াবাগুলো গুঁড়ো করে রং ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে নতুন করে প্রায় পাঁচ হাজার ইয়াবা তৈরি করতেন। তার মতো ওই এলাকায় এমন অনেকেরই সন্ধান পাওয়া গেছে।
অন্যদিকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফরমে বিজ্ঞাপন দিয়ে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক তৈরির কাঁচামাল হিসেবে রাসায়নিক পদার্থ বিক্রি হচ্ছে। কিছুদিন আগেই এসিটিক অ্যানহাইড্রাইডসহ ছয় লিটার রাসায়নিক পদার্থ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওই ঘটনায় ই-কেমের আইটি ম্যানেজার মো. আব্দুল মোমিন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্টরা বলেন, এই এসিটিক অ্যানহাইড্রাইড মরফিন প্রক্রিয়াজাত করে মূলত হেরোইন উৎপাদন করা হয়। এ ছাড়াও প্রিকারসর কেমিক্যাল এমন রাসায়নিক পদার্থ, যেগুলোর বৈধ শিল্প ও বাণিজ্যিক ব্যবহার রয়েছে। তবে এসব রাসায়নিক প্রক্রিয়াজাত করে অবৈধ মাদক উৎপাদন করা হচ্ছে।
এদিকে কোনো রোগীর অপারেশন বা অস্ত্রোপচারের আগে চেতনানাশক ওষুধ হিসেবে তরল কেটামিন ব্যবহার করা হয়। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি নিষেধ থাকলেও কিছু অসাধু ফার্মেসির মালিকের সঙ্গে যোগসাজশে সেই তরল কেটামিন বিশেষ প্রক্রিয়ায় পাউডারে রূপান্তর করে মাদক হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এই কাজেও বাসা বাড়িতে তৈরি করা হচ্ছে মিনি ল্যাব। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমনই এক মিনি ল্যাবে হানা দিয়ে তিন চীনা নাগরিককে আটক করে ডিএনসি। তাদের কাছে তরল কেটামিনও উদ্ধার করা হয়। একইসঙ্গে এই তরল কেটামিন সরবরাহের অভিযোগে দুই ওষুধ বিক্রেতাকে আটক করে পুলিশ।
ওই অভিযানে নেতৃত্ব দেয়া এক কর্মকর্তা বলেন, এই চক্র মাদক তৈরি করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শুধু বাংলাদেশের বিভিন্ন এলাকাতেই নয় মালয়েশিয়া, দুবাই, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশে পাঠাতো। তারা বিশেষ ধরেনের ডার্ক ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার নিতো। আর তাদের লেনদেন চলতো বায়োনেন্সসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে। তিনি বলেন, এমন অন্তত কেটামিন, ডিওবি (ডাইমিথোক্সিবোমো এমফিটামিন) ও এলএসডির (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) তিনটি চালান ধরা পড়েছে। সর্বশেষ অভিযানে রাজধানীর একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে সন্দেহজনক পার্সেল জব্দ করা হয়। সেটি তল্লাশি করে একটি ব্লুটুথ সাউন্ড স্পিকারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৫০ গ্রাম কেটামিন উদ্ধার করি আমরা। জব্দ পার্সেলের তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে রাজধানীর উত্তরায় একটি চক্রের সন্ধান পাওয়া যায়। পরে উত্তরা থেকেও তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, মূলত গোয়েন্দাসূত্রে আমরা একটি ‘কি-ওয়ার্ড’ পাই, যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। পরে সেই লেনদেন খুঁজতে গিয়ে মাদক কারবারের আভাস মেলে। তদন্তে জানা যায়, চক্রটি ডার্কওয়েব ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে মাদক সংগ্রহ করতো, একইভাবে বিক্রির জন্য অর্ডারও নিতো। তারা কেটামিন প্রক্রিয়াজাত করে সাউন্ড স্পিকারসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রে লুকিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন দেশে পাঠাতো। আর তারা মূলত ‘ট্রন’ নেটওয়ার্ক ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করতো।
রাজধানীর ওয়ারীতেও নিজ বাসার রুমের মধ্যে ল্যাব স্থাপন করে বিদেশ থেকে বীজ এনে ‘কুশ’ এর চারা উৎপাদন করতেন তৌসিফ হাসান নামে এক যুবক। এরপর বাসার ছাদে টিন ও ফয়েল পেপার দিয়ে বানানো তাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে চাষ করতেন কুশের চারা। পরে তা চড়া মূল্যে বিক্রি করতেন মানুষের কাছে। এমন একাধিক মাদকের কারখানা গড়ে উঠেছে রাজধানীর বিভিন্ন এলাকায়।
খোদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র বলছে, আগের মতো এখন শুধু সনাতন বা প্রচলিত মাদকের ওপর নির্ভর না করে বাজারে এমডিএমএ, এলএসডি, সিনথেটিক ক্যানাবিনয়েডস, ট্যাপেন্টাডল, বুপ্রেনরফিন এবং কুশের মতো নতুন নতুন রাসায়নিক বা সিনথেটিক মাদকের ব্যবহার বেড়েছে। আর আইন প্রয়োগকারী সংস্থাদের চোখ ফাঁকি দিতে এসব চক্রগুলো মাদক বিক্রির কৌশলেও ব্যাপক পরিবর্তন এনেছে। এখন মাদক কেনা-বেচায় হয় ডিজিটাল যোগাযোগমাধ্যম, এনক্রিপ্টেড অ্যাপস এবং অনলাইন ব্ল্যাকমার্কেট বা ডার্কওয়েবে। সবচেয়ে অবাক করা বিষয়- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় রাসায়নিক পরীক্ষাগার এবং বিভাগীয় ফরেনসিক ল্যাবরেটরিগুলোতে ২০২৫ সালে জব্দকৃত মাদকের ১৯ হাজারের বেশি নমুনা বিশ্লেষণ করা হয়েছে। সেসব নমুনার বেশির ভাগের ফলাফলে নিষিদ্ধ মাদক বা নিয়ন্ত্রিত উপাদানের উপস্থিতি প্রমাণিত হয়েছে। অন্যদিকে গত এক বছরে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বিত অভিযানে প্রায় ৪ কোটি ৩৫ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে, যা আগের বছরগুলোর তুলনায়ও অনেক বেশি।
এসব বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ বলেন, উন্নত প্রযুক্তির সহায়তা নিয়ে অপরাধীরা নানাভাবে সক্রিয় হচ্ছে। বৈশ্বিক যোগাযোগ কাজে লাগিয়ে তারা মাদক পাচারে জড়িত হচ্ছে। সাম্প্রতিক সময়ে ঢাকায় মাদকের কয়েকটি ল্যাবের সন্ধান মিলেছে। একটি বিদেশি চক্রকেও চিহ্নিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে নজরদারি বাড়ানো হয়েছে। এ ধরনের চক্রকে আইনের আওতায় নিয়ে আসতে মাঠে ডিএনসি’র সদস্যরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, এসব অপরাধীরা মূলত এনক্রিপ্টেড যোগাযোগমাধ্যম ব্যবহার, নিয়মিত ডিজিটাল তথ্য মুছে ফেলা, মোবাইল ও সিম পরিবর্তন এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহারসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে। তথ্য-প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এ নেটওয়ার্কের কার্যক্রম ধাপে ধাপে উন্মোচিত হচ্ছে। আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে জড়িত এসব ব্যক্তি ও নেটওয়ার্ক শনাক্তে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বলেন, দেশে অনলাইনভিত্তিক মাদক কারবার বেশ বেড়েছে। এ ধরনের কারবারি শনাক্ত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কারিগরি সক্ষমতার অভাব রয়েছে। সেক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষার জন্য ফরেনসিক ল্যাব স্থাপন ভালো উদ্যোগ। তবে সেখানে দক্ষ জনবল ও প্রযুক্তির সঠিক প্রয়োগ হলেই শুধু সফলতা পাওয়া সম্ভব।