এজলাসের কাঠগড়া, হাজতখানা কিংবা আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালন করেন পুলিশ সদস্যরা। কিন্তু তাদের চোখের সামনেই উধাও হয়ে যাচ্ছে আসামি। কখনো হাতকড়া খুলে, কখনো পুলিশ সদস্যকে আঘাত করে, কখনো বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে পালিয়ে যাচ্ছে তারা। আবার কোথাও পুলিশের হেফাজত থেকে আসামিকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক এমনকি জঙ্গি মামলার আসামিরাও পালানোর তালিকায় রয়েছে। রাজধানী ঢাকার আদালত থেকে শুরু করে বগুড়া, নরসিংদী, যশোর, চট্টগ্রাম ও গাজীপুরের আদালতেও ঘটেছে এমন ঘটনা। একই আসামির একাধিকবার পালানোর নজিরও রয়েছে। সর্বশেষ ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় আবারো সামনে এসেছে আদালতের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা। এক প্রতিবেদনে উঠে এসেছে গত ছয় বছরে কেবল ঢাকার আদালত থেকেই পালিয়েছে ৮ জন আসামি। এদের মধ্যে ২০২২ সালে দুই কলেজ ছাত্র হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ঢাকার জেলা জজ আদালত থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। থানা-ডিবি দুই সংস্থাই ওই আসামিকে গত চার বছরেও গ্রেপ্তার করতে পারেনি। পালিয়ে যাওয়া আসামি মুঠোফোনে সাক্ষীদের কয়েকদফা হুমকি দিয়েছে।
আইনজ্ঞদের প্রশ্ন হচ্ছে, আদালতের মতো সুরক্ষিত জায়গা থেকে আসামিরা পালাচ্ছে কীভাবে? দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কি যথাযথভাবে পাহারা দিচ্ছেন? আসামি আনা-নেয়ার ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তা প্রটোকল কতোটা অনুসরণ করা হচ্ছে? জনবল সংকট, দায়িত্বে অবহেলা, নজরদারির ঘাটতি, নাকি আসামি ও পাহারার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মধ্যে অনৈতিক সখ্য-কোন বিষয়টি বেশি দায়ী? বিভিন্ন সময়ে ঘটে যাওয়া পলায়নের ঘটনা ও সংশ্লিষ্টদের বক্তব্যে এসব প্রশ্নই সামনে এসেছে।
পালানোর কৌশল ভিন্ন, দুর্বলতা একই
২০২২ সালের ২০শে নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনা ছিল সবচেয়ে আলোচিত। লেখক অভিজিৎ রায় ও প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই জঙ্গিকে আদালত থেকে কারাগারে নেয়ার সময় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেয় সহযোগীরা। এ ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। দায়িত্বে অবহেলার অভিযোগে আদালত এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা একজন পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
চলতি বছরের ১০ই নভেম্বর ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়া থেকে হত্যা মামলার আসামি কাউসার মিয়া হাতকড়া খুলে পালিয়ে যায়। গত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে একই আসামি শরীফুল ইসলাম ২০২৫ সালের ১৯শে জুন এবং ২০২৬ সালের ৬ই অক্টোবর ঢাকার আদালত থেকে পালানোর ঘটনায় আলোচনায় আসেন। গণমাধ্যমের এক অনুসন্ধানী প্রতিবেদনে ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত ছয় বছরে ঢাকার আদালত থেকে আসামি পালানো ও ছিনিয়ে নেয়ার আটটি ঘটনার তথ্য উঠে এসেছে।
২০২৫ সালের ১৭ই ফেব্রুয়ারি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে ধর্ষণ মামলার আসামি শহিদুল ইসলাম হাতকড়া খুলে পালিয়ে যান। শুনানির জন্য ১২ জন আসামিকে একসঙ্গে আদালতে আনা হয়েছিল। পরে প্রায় এক মাস পর তাকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ১৬ই নভেম্বর হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি আরিফুর রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে পালিয়ে যান।
২০২১ সালের ২৩শে ফেব্রুয়ারি ডাকাতি মামলার আসামি হারুনুর রশিদ ওরফে সুমন পালিয়ে যান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নেয়ার পথে। ওই ঘটনায় দায়িত্বে থাকা এসআই বদরুজ্জামানসহ আট পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছিল।
এদিকে ২০২৫ সালের ২২শে সেপ্টেম্বর বগুড়ার আদালতে হাজিরা দিতে আনা জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম পালিয়ে যান। একই বছরের ১১ই ডিসেম্বর বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পালিয়ে যান শাহীন ওরফে মিরপুর। ২০২৩ সালের ২১শে মে বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে চুরির মামলার আসামি চঞ্চল ইলিয়াস ওরফে ইমরান হাতকড়া খুলে পালিয়ে যান। ২০২৫ সালের ১৪ই জুলাই নরসিংদী জেলা জজ আদালতের কাঠগড়া থেকে চুরির মামলার আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যান। ওই সময় আদালতে বিদ্যুৎ ছিল না। এ সুযোগে তিনি পালিয়ে যান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। একই বছরের ১৯শে মে যশোর জেলা দায়রা জজ আদালত থেকে হাজতখানায় নেয়ার পথে হত্যা মামলার আসামি জুয়েল খান হাতকড়াসহ পালিয়ে যান। ২০২৫ সালের এপ্রিল মাসে চট্টগ্রাম আদালতে হাজিরা দিতে গিয়ে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যান হত্যা ও মাদক মামলার দুই আসামি ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন। পরে তারা আবার কারাগারে ফেরেন বলে সংশ্লিষ্টরা জানান। গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের ফটকের সামনে ২০২৫ সালের ২৮শে আগস্ট ডাকাতি মামলার আসামি মামুন ওরফে লাল চান হাতকড়া খুলে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
গাফিলতি ও পেশাদারিত্বের অভাব: আদালত ও থানা হাজতখানায় আসামিদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের এক ধরনের সখ্য গড়ে ওঠার অভিযোগও রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে অর্থের বিনিময়ে আসামিদের মোবাইল ফোনে কথা বলা, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করা, খাবার সরবরাহসহ বিভিন্ন সুযোগ দেয়া হয়। এমনকি হাজতখানায় পরিবারের সদস্যদের সঙ্গে বসে খাওয়া-দাওয়ার সুযোগ পাওয়ার অভিজ্ঞতাও জানিয়েছেন আদালত সংশ্লিষ্টরা। তবে এসব অভিযোগ অস্বীকার করে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ইনচার্জ মো. রিপন মোল্লা মানবজমিনকে বলেন, ‘আসামিদের আদালতে আনা-নেয়ার ক্ষেত্রে আমরা খুবই সতর্কতা অবলম্বন করি। তবে জনবল সংকটের কারণে একজন পুলিশ সদস্যকে একাধিক আসামির আনা-নেয়ার দায়িত্ব পালন করতে হয়। এতে দায়িত্ব পালনে বাড়তি চাপ তৈরি হয়।’
সাবেক জেলা ও দায়রা জজ ড. আবুল হোসেন খন্দকার মানবজমিনকে বলেন, শুধু পুলিশের গাফিলতি নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থারও ব্যর্থতা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে ঘুষ ও দুর্নীতির মতো অনৈতিক চর্চার কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়টিও তিনি তুলে ধরেন।
জনবল সংকট, নজরদারির ঘাটতি: ঢাকার আদালতের প্রসিকিউশন বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ আসামিকে ঢাকার আদালতে হাজির করা হয়। তাদের আনা-নেয়া ও নিরাপত্তার কাজে বরাদ্দ রয়েছে তুলনামূলক কম পুলিশ সদস্য। তবে পুলিশের সাবেক কর্মকর্তাদের মতে, শুধু জনবল বাড়ালেই হবে না, দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রশিক্ষণ, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। আদালতে আসামি আনা-নেয়ার ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে প্রায় আদালত প্রাঙ্গণে সিসিটিভি রয়েছে। কিন্তু নেই নজরদারি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তদারকি। তদারকি না থাকায় সিসিটিভি থাকার পরেও ঢাকার আদালত থেকে আসামি পলায়নের ঘটনা ঘটেছে। এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু হাসান মানবজমিনকে বলেন, আদালতের নিরাপত্তায় স্থাপন করা সিসি ক্যামেরা অনেকগুলো প্রায়ই অকেজো থাকে। এগুলো মেরামতের জন্য পিডিবি কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানো হলে অনেকদিন পর ঠিক করে আবার কয়েকদিন পর অন্যগুলো অকেজো হয়ে যায়। তিনি এই প্রতিবেদককে বলেন এত বড় ঘটনার পরেও বৃহস্পতিবার তাদের ছয়টি ক্যামেরা অকেজো হয়ে পড়ে।
প্রতিটি ঘটনার তদন্ত হয় এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়। কোনো ঘটনায় পুলিশ সদস্য প্রত্যাহার, কোনো ঘটনায় সাময়িক বরখাস্ত, আবার কোনো ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কিন্তু আসামি পালানোর মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধান কতোটা হচ্ছে, তা নিয়ে সংশয় রয়েছে। আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে আসামির ঝুঁকি বিবেচনায় পাহারার ব্যবস্থা, পর্যাপ্ত জনবল, প্রশিক্ষিত পুলিশ সদস্য নিয়োগ, সিসিটিভি নজরদারি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি এবং অনৈতিক লেনদেন বন্ধে কঠোর ব্যবস্থা জরুরি। কারণ আদালত থেকে আসামি পালানো মানে শুধু পুলিশের হেফাজত থেকে একজন বন্দির উধাও হওয়া নয়, বরং বিচার প্রক্রিয়া ও জননিরাপত্তার জন্যও নতুন ঝুঁকি তৈরি হওয়া।