Image description

জাতীয় সংসদে বৃহস্পতিবারের (১২ নভেম্বর) ঘটনার প্রেক্ষাপটে নিজের আবেগ ও ক্ষোভের কথা তুলে ধরেছেন সংসদ সদস্য ডা. মাহামুদা মিতু। শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগের দিন সংসদে তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে মেজাজও হারিয়েছিলেন।

পোস্টে জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগের কথা স্মরণ করে ডা. মাহামুদা মিতু লেখেন, শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, বেয়াদব বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেয়া হয়।

বিজ্ঞাপন

 

 

সংসদের ভেতরের ঘটনার বর্ণনা দিয়ে তিনি উল্লেখ করেন, হান্নানকে যখন বারবার বস, বস এবং বেয়াদব বলা হচ্ছিল, তখন তিনি চিৎকার করে বলেছিলেন যে হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা তো তাদের সাথেই ঘটছে। যারা আঁতাত করে রাজনীতি করেন, তারা কখনোই বুঝবেন না যে বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে।

 

 

নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে এই সংসদ সদস্য জানান, গত সাত দিন ধরে সরাসরি ফোনে এবং হোয়াটসঅ্যাপে তিনি হত্যার হুমকি পাচ্ছেন এবং এর আগেও এমন হুমকি পেয়েছেন। তবে বিষয়টি সামনে আনলেও নুসরাতের ঘটনার মতোই এটিকে লঘু করার চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পোস্টের শেষাংশে শহীদ ওসমান হাদির একটি উক্তি উদ্ধৃত করে ডা. মাহামুদা মিতু ক্ষোভ প্রকাশ করে লেখেন, হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!