এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দায় মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী, সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের এমপি নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শন শেষে বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদলের প্রধান এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
শুক্রবার বিকেল ৪টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পৌঁছান বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন।
পরে সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের দায় মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এমপি ডা. মাহমুদা মিতু, কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর ও এমপি নুসরাত তাবাসসুম।