ডিসেম্বরে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনার মধ্যে প্রশাসনের কাজের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। সচিবদের উদ্দেশে তিনি জানতে চেয়েছেন, প্রশাসনের কেউ কাজে গতি না ফিরিয়ে ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন কি না।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরি সচিব সভায় এ প্রশ্ন তোলেন তিনি। সভায় প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানো, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাব দ্রুত পাঠানো, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও শ্রমিক আন্দোলন নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত একটি সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো প্রস্তাব দ্রুত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এসব প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট সারসংক্ষেপ বা সামারিও দ্রুত পাঠাতে বলা হয়। পাশাপাশি প্রশাসনিক কাজে গতি বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রিপরিষদ সচিব।
এ সময় ডিসেম্বরের জন্য কেউ অপেক্ষা করছেন কি না, সেই প্রশ্নও তোলেন নাসিমুল গনি। প্রশাসনের কোনো পর্যায়ে কাজের গতি কমিয়ে রাখার প্রবণতা রয়েছে কি না, তা নিয়েও আলোচনা হয় বলে সভা সূত্রে জানা গেছে।
সভায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন উদ্যোগের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে সভায় অংশগ্রহণকারী একজন সচিব বলেন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি সরকার রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে। তবে প্রশাসনের সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং ইতিমধ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগের তথ্য জনগণের সামনে তুলে ধরতে বলা হয়েছে।
ওই সচিব আরও বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও সরকার দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেশে ও বিদেশে সরকারের প্রতি যে সমর্থন তৈরি হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার মাধ্যমে সরকারের কর্মকাণ্ড ও অর্জন তুলে ধরে তা জনগণের সামনে উপস্থাপন করা হবে।
সভায় সাম্প্রতিক শ্রমিক আন্দোলন নিয়েও আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কী সিদ্ধান্ত বা নির্দেশনা দেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বেলা আড়াইটায় শুরু হয়ে বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলে সভা। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সচিবেরা উপস্থিত ছিলেন। সকালে দিনের কর্মসূচি শুরুর পর নোটিশ দিয়ে দুপুরে জরুরি এ সভা ডাকা হয়।