Image description

বিবাহবর্হিভূত সম্পর্কের জেরে জেনসেন হুয়াং পদত্যাগের পর প্রথম নারী নেতৃত্ব পেল এনভিডিয়া। অন্তর্বর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে কোলেট ক্রেসকে দায়িত্ব দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। একই সঙ্গে পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হার্ভি সি জোন্স।

পর্ষদের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, কোলেট ক্রেস কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও)। এ দায়িত্বের পাশাপাশি তিনি অন্তর্বর্তী সিইও হিসেবেও কাজ করবেন। জেনসেনের স্থায়ী উত্তরসূরি নিয়োগে প্রতিষ্ঠানের ভেতর ও বাইরে থেকে প্রার্থী বিবেচনা করবে পর্ষদ।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য স্থায়ী উত্তরসূরি হিসেবেও ক্রেসের নাম আলোচনায় আছে। নেতৃত্বের শীর্ষ পর্যায়ে তাঁর অবস্থানই সবচেয়ে বেশি মজবুত। ১৯৯৩ সালে এনভিডিয়ার যাত্রা শুরুর সময় জেনসেন সহপ্রতিষ্ঠাতা ছিলেন। বৃহস্পতিবার তাঁর ৩৩ বছরের নেতৃত্বের ইতি ঘটে। এ সময়ে তিনি কোম্পানির প্রেসিডেন্ট, সিইও ও পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

কে এই কোলেট ক্রেস
হুয়াংয়ের পদত্যাগের পর নিজেদের ওয়েবসাইটে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনভিডিয়া। সেখানে বলা হয়েছে, সিএফও’র পাশাপাশি ক্রেস কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০১৩ সালের সেপ্টেম্বরে এনভিডিয়ায় যোগ দেন ক্রেস। এ সময়ে তিনি কোম্পানির অর্থ বিভাগ পরিচালনা করেছেন এবং এনভিডিয়ার প্রবৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এনভিডিয়ায় যোগ দেওয়ার আগে প্রায় ২৫ বছর ধরে সিসকো ও মাইক্রোসফটসহ শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানে অর্থ বিভাগের বিভিন্ন পদে কাজ করেছেন।

ক্রেস সম্পর্কে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হার্ভি জোন্স বলেছেন, অসাধারণ প্রবৃদ্ধির একটি সময়ে কোলেট এনভিডিয়ার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ব্যবসা, গ্রাহক, কার্যক্রম ও আর্থিক অবস্থা সম্পর্কে তাঁর গভীর ধারণা আছে। এনভিডিয়ার কৌশল বাস্তবায়ন ও প্রযুক্তিগত পরিকল্পনা এগিয়ে নিতে ক্রেসের নেতৃত্বাধীন দল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে তাঁর প্রতি কোম্পানির পূর্ণ আস্থা আছে।

দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় ক্রেস বলেছেন, এনভিডিয়ার শক্তির মূল উৎস এর কর্মীরা। সবার সঙ্গে মিলে জেনসেন গত ৩৩ বছরে অসাধারণ ভিত্তি তৈরি করেছেন। সেটির ওপর দাঁড়িয়ে তিনি কোম্পানিকে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

দ্রুতগতির কম্পিউটিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে এনভিডিয়া একটি শীর্ষস্থানীয় কোম্পানি। ক্রেস বলেন, এই ধারা তিনি অব্যাহত রাখবেন। একই সঙ্গে সামনে থাকা সুযোগগুলো কাজে লাগাবেন।

ক্রেস কত সম্পদের মালিক?
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া এনভিডিয়ার বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ক্রেস অ্যারিজোনা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্নাতক এবং সাউদার্ন মেথডিস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন।

২০২৪ সালে ফরচুন সাময়িকীকে ক্রেস জানিয়েছিলেন, ২০১৩ সালে যখন এনভিডিয়ায় যোগ দেন তখন তাঁর ক্যারিয়ারে এটিই ছিল সবচেয়ে ছোট কোম্পানি। এনভিডিয়ার করপোরেট বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে বৃহস্পতিবার ফরচুন জানায়, ২০২৬ অর্থবছরে মূল বেতন হিসেবে ক্রেস পেয়েছেন ৯ লাখ ডলার। সব মিলিয়ে তাঁর মোট পারিশ্রমিকের পরিমাণ ছিল ১ কোটি ৬০ লাখ ডলার (প্রায় ১৯৯.৬ কোটি টাকা)।

ফোর্বস প্রকাশিত যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী নারীদের তালিকায় ২০২৬ সালে ৩২তম স্থানে আছেন ক্রেস। রয়টার্স জানিয়েছে, গত বুধবারের লেনদেন শেষে এনভিডিয়ার শেয়ারে তাঁর মালিকানার মূল্য ছিল প্রায় ৭৫ কোটি ডলার। গত মাসে শেয়ারের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে এর মূল্য ছিল ১০০ কোটি ডলারের বেশি।

ফরচুন জানিয়েছে, সিএফও হিসেবে ক্রেসের দায়িত্ব পালনকালে এনভিডিয়ার আয় ব্যাপকভাবে বেড়েছে। ২০১৪ অর্থবছরে কোম্পানিটির আয় ছিল ৪ দশমিক ১৩ বিলিয়ন ডলার। ২০২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ১৩০ দশমিক ৫ বিলিয়ন ডলারে।

একই সময়ে কোম্পানিটির বাজারমূল্যও প্রায় ৪৪ হাজার শতাংশ বেড়েছে। ২০১৩ সালে ক্রেস এনভিডিয়ায় যোগ দেওয়ার সময় কোম্পানিটির বাজারমূল্য ছিল প্রায় ৯ বিলিয়ন ডলার। বর্তমানে তা প্রায় ৪ ট্রিলিয়ন ডলার।