Image description

আজ ১৩ নভেম্বর। বাংলাদেশের আকাশে আজ সকালে ছিল রোদের ঝলকানি। স্বাভাবিক দিনের মতোই ছিল উপকূলের জীবনযাত্রা। কোথাও প্রলয়ংকরী ঝড়ের পূর্বাভাস ছিল না, জলোচ্ছ্বাসের আতঙ্কও ছিল না। অথচ ঠিক ৫৬ বছর আগে এই ১৩ নভেম্বরের সকালটি ছিল সম্পূর্ণ ভিন্ন। আগের রাতের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর উপকূলজুড়ে তখন কেবল মৃত্যু, ধ্বংস আর স্বজন হারানোর হাহাকার। রাতের অন্ধকার পেরিয়ে আলো ফুটলেও মানুষের জীবনে নেমে এসেছিল আরও গভীর অন্ধকার।

সকালের আলোয় উপকূলের মানুষ ঘরবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে খুঁজছিলেন প্রিয়জনদের। কোথাও পড়ে ছিল স্বজনের নিথর দেহ, কোথাও ভেসে গেছে মানুষের শেষ আশ্রয়টুকুও। কেউ পেয়েছিলেন স্বজনের লাশ, কেউ আবার খুঁজেও পাননি চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষটিকে। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল মানুষের মরদেহ, গবাদিপশু ও বিধ্বস্ত ঘরবাড়ি। বেঁচে থাকা মানুষের চোখে তখন স্বজন হারানোর শোক, আর সামনে ছিল অনিশ্চিত ভবিষ্যৎ।

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে বাংলাদেশের উপকূলে আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘ভোলা সাইক্লোন’। পরদিন ১৩ নভেম্বর সকালে এর ভয়াবহ ধ্বংসযজ্ঞ স্পষ্ট হয়ে ওঠে। প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণহানির মধ্য দিয়ে ঘূর্ণিঝড়টি পরিণত হয় বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে। সরকারি হিসাবে প্রাণহানির সংখ্যা প্রায় পাঁচ লাখ হলেও বিভিন্ন বেসরকারি ও আন্তর্জাতিক সূত্রে আরও বেশি মানুষের মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। মানুষের পাশাপাশি অসংখ্য গৃহপালিত পশু ও বন্য প্রাণী মারা যায়। বিধ্বস্ত হয় ঘরবাড়ি, গাছপালা, ফসলি জমি, মাছের ঘের, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা অবকাঠামো।

 জব্বার মিয়ার মতো উপকূলের অসংখ্য মানুষের স্মৃতিতে আজও বেঁচে আছে সেই ভয়াবহ দিন। ছবি: খায়রুল বাশার আশিক
 
জব্বার মিয়ার মতো উপকূলের অসংখ্য মানুষের স্মৃতিতে আজও বেঁচে আছে সেই ভয়াবহ দিন। ছবি: খায়রুল বাশার আশিক
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন উপকূল বাংলাদেশের একটি প্রতিবেদন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি সিম্পসন স্কেলে ক্যাটাগরি-৩ মাত্রার ছিল। প্রতিবেদন সূত্রে জানা যায়, ৮ নভেম্বর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টির সৃষ্টি হয়। ক্রমে শক্তিশালী হয়ে এটি উত্তর দিকে অগ্রসর হতে থাকে। ১১ নভেম্বর এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটারে পৌঁছায়। ১২ নভেম্বর রাতে উপকূলে আঘাত হানার পর প্রবল জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চল ও দ্বীপগুলো প্লাবিত হয়।

 

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলার তজুমদ্দিন উপজেলা। সে সময় উপজেলার প্রায় এক লাখ ৬৭ হাজার মানুষের মধ্যে ৭৭ হাজার মানুষ প্রাণ হারান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তৎকালীন বৃহত্তর নোয়াখালী অঞ্চলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হাতিয়া, রামগতি, চর আব্দুল্লাহ, সন্দ্বীপ, ঢালচর, চর জব্বার, তজুমদ্দিন, চর কচ্ছপিয়া, চর পাতিলা, চর কুকরি-মুকরি, মনপুরা, চরফ্যাশন, দৌলতখান, ভোলাসহ বরগুনা, পটুয়াখালী ও চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চলে। অনেক দ্বীপচর ও জনপদের ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে যায়। কোথাও কোথাও পুরো জনপদ পরিণত হয় বিরানভূমিতে।

স্মৃতিতে আজও সেই মৃত্যুর সকাল

ভোলা সাইক্লোনের ৫৬ বছর পেরিয়ে গেছে। সেদিন যারা শিশু বা কিশোর ছিলেন, তাদের অনেকেই আজ জীবনের শেষ প্রান্তে। কিন্তু সেই রাত ও পরদিন সকালের ভয়াবহ স্মৃতি তাদের মন থেকে মুছে যায়নি। স্বজন হারানোর বেদনা, লাশ খুঁজে না পাওয়ার আক্ষেপ আর চোখের সামনে প্রিয়জনকে ভেসে যেতে দেখার দৃশ্য আজও তাড়িয়ে বেড়ায় তাদের।

ভোলার জেলার চরফ্যাশন উপজেলার ঢালচর বাসিন্দা জব্বার মিয়া। ১৯৭০ সালে তার ঠিকানা ছিল ভোলার তজুমদ্দিন। ভয়াল সেই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষদর্শী তিনি। ৫৬ বছর আগের স্মৃতিচারণ করতে গিয়ে একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন জব্বার।

তিনি বলেন, ‘নিজের ভাইয়ের লাশটা সেদিন খুঁজে পাইনি, তয় শত শত লাশ মাটি চাপা দিছি হেই বোইন্যায়। কত মানুষ যে পাগলের মতো তাগোর আপনজনরে খোঁজ্জে (খুঁজেছে), হেই দৃশ্য বইলা বুঝানো যাইবো না। মনে হইছে যেন কোনো কেয়ামতের মাঠ।’

জব্বার মিয়ার মতো উপকূলের অসংখ্য মানুষের স্মৃতিতে আজও বেঁচে আছে সেই ভয়াবহ দিন। সন্তানহারা মায়ের কান্না, ভাই হারানো বোনের শূন্যতা কিংবা স্বজনের লাশ খুঁজে না পাওয়া মানুষের দীর্ঘশ্বাস সব মিলিয়ে ১২ ও ১৩ নভেম্বর উপকূলবাসীর কাছে কেবল একটি তারিখ নয়, এক গভীর ক্ষত।

 

প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণহানি হয় এই ঘূর্ণিঝড়ে। ছবি: খায়রুল বাশার আশিক
 
প্রায় পাঁচ লাখ মানুষের প্রাণহানি হয় এই ঘূর্ণিঝড়ে। ছবি: খায়রুল বাশার আশিক

 

৫৬ বছর পরও অরক্ষিত উপকূল

পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও উপকূলের মানুষের দুর্যোগঝুঁকি পুরোপুরি কাটেনি। জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো সংকট প্রতিনিয়ত উপকূলীয় জনজীবনকে বিপর্যস্ত করছে। কোথাও বেড়িবাঁধ দুর্বল, কোথাও পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের অভাব, আবার কোথাও দুর্যোগের আগাম সতর্কবার্তা ও নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে মানুষের সচেতনতার ঘাটতি রয়েছে। দুর্যোগের ঝুঁকিতে থাকা এসব জনপদের মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা এখনো বড় উদ্বেগের বিষয়।

ভোলার স্বেচ্ছাসেবী সংগঠন আলোকযাত্রার কর্মী মাহফুজুর রহমান বলেন, ‘উপকূলীয় মানুষের জীবনযাত্রা থমকে যাচ্ছে প্রতিনিয়ত। শত ঝুঁকিতে তারা বেড়ে উঠলেও দুর্যোগ সচেতনতা বৃদ্ধিতে কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না। দুর্যোগঝুঁকিতে উপকূলের মানুষের অসচেতনতা জন্ম দিতে পারে নতুন কোনো দুর্যোগ বিপর্যয়। তাই জনসচেতনতা আনয়নে এই দিনটিকে (১২ নভেম্বর ১৯৭০) উদাহরণ হিসেবে ব্যবহার করা উচিত স্বয়ং সরকারের তরফ থেকে।’

তাঁর মতে, ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ের ইতিহাস কেবল অতীতের শোকগাথা হিসেবে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে উপকূলের মানুষের মধ্যে দুর্যোগ প্রস্তুতি, নিরাপদ আশ্রয় গ্রহণ এবং আগাম সতর্কবার্তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।

১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি

১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ এবং উপকূলের সংকট, সম্ভাবনা ও মানুষের জীবনসংগ্রাম জাতীয় পর্যায়ে তুলে ধরতে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণার দাবি দীর্ঘদিনের। উপকূল দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে বিভিন্ন স্থানে দিবসটি পালনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে। এর মূল লক্ষ্য উপকূলের মানুষের অধিকার, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের বিষয়গুলো জাতীয় আলোচনায় নিয়ে আসা।

উপকূল দিবস বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী ও উপকূল-সন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু বলেন, ‘উপকূলের দিকে গণমাধ্যম ও নীতিনির্ধারকদের নজর বাড়িয়ে উপকূলবাসীর জীবনমান উন্নয়ন ঘটানোই উপকূলের জন্য একটি দিবস পালন জরুরি। এক যুগেরও বেশি সময় ধরে উপকূল নিয়ে নিবিড়ভাবে রিপোর্টিং করতে গিয়ে আমি উপকূল দিবসের প্রয়োজনীয়তা উপলব্ধি করি। ১৯৭০ সালের ১২ নভেম্বরের স্মরণে ১২ নভেম্বরকেই উপকূল দিবস হিসেবে বিবেচনা করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘উপকূলের জন্য একটি পৃথক দিবস থাকলে উপকূল ভাবনা সবার মাঝে দ্রুত ছড়িয়ে পড়বে। সরকারের নীতিনির্ধারণী মহল, সংবাদমাধ্যম থেকে শুরু করে সকল মহলে উপকূল-ভাবনার সুযোগ বাড়বে। এর মধ্য দিয়ে উপকূল সুরক্ষা এবং সেখানকার নাগরিকদের অধিকার নিশ্চিত করার পথ সুগম হবে।’

 

সকালের আলোয় উপকূলের মানুষ ঘরবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে খুঁজছিলেন প্রিয়জনদের। ছবি: খায়রুল বাশার আশিক
 
সকালের আলোয় উপকূলের মানুষ ঘরবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে খুঁজছিলেন প্রিয়জনদের। ছবি: খায়রুল বাশার আশিক

 

শোকের স্মৃতি থেকে নিরাপদ উপকূলের প্রত্যাশা

১৯৭০ সালের ১২ নভেম্বরের সেই প্রলয়ংকরী ঘূর্ণিঝড় উপকূলের মানুষের কাছে শুধু একটি প্রাকৃতিক দুর্যোগের ইতিহাস নয়; এটি স্বজন হারানোর, অস্তিত্ব বিপন্ন হওয়ার এবং নতুন করে জীবন শুরু করার এক নির্মম অভিজ্ঞতা। ১৩ নভেম্বরের সকালের আলোয় যারা স্বজনের লাশ খুঁজেছিলেন, তাদের অনেকেই আজও সেই দিনের স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।

তবে উপকূলের বাস্তবতা শুধু অতীতের শোকের মধ্যে সীমাবদ্ধ নয়। সম্ভাবনাময় এই অঞ্চল দেশের অর্থনীতি, কৃষি, মৎস্যসম্পদ ও জীবিকার গুরুত্বপূর্ণ অংশীদার। অথচ দুর্যোগঝুঁকি, অবকাঠামোগত দুর্বলতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানকার মানুষের জীবন প্রতিনিয়ত সংকটের মুখে পড়ছে। তাই উপকূলের জীবনধারার উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র, কার্যকর আগাম সতর্কবার্তা, দুর্যোগ প্রস্তুতি এবং জলবায়ু সহনশীল জীবিকা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

৫৬ বছর আগে ১৩ নভেম্বরের সকালে উপকূলের মানুষ ধ্বংসস্তূপের মধ্যে স্বজন খুঁজেছিলেন। আজ তাদের উত্তরসূরিরা চান নিরাপদ বসতি, সুরক্ষিত জীবিকা এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ। উপকূলবাসীর প্রত্যাশা- ইতিহাসের সেই ভয়াবহ সকাল যেন আর কোনো উপকূলে ফিরে না আসে।