Image description

ভারতের উত্তরপ্রদেশের সম্ভল জেলায় একটি মসজিদ ভাঙার কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার জেলার আসমোলি এলাকার কুতুবপুর সাত্তা গ্রামে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুলসংখ্যক পুলিশ সদস্য। পুলিশের দাবি, মসজিদটি অনুমোদনহীনভাবে নির্মিত হয়েছিল।

তহসিলদার ধীরেন্দ্র কুমার সিং বলেন, জনবসতিপূর্ণ এলাকার প্রায় ১৫০ বর্গমিটার ওয়াক্‌ফ ঘোষিত জমিতে ওয়াক্‌ফ বোর্ডের অনুমতি ছাড়াই মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তিনি বলেন, ‘অনুমোদনহীনভাবে স্থাপনাটি নির্মাণ করা হয়েছে। অবৈধ স্থাপনা অপসারণে আজ অভিযান চালানো হচ্ছে।’

আসমোলি সার্কেল কর্মকর্তা আমান সিং জানান, এক মাসেরও বেশি সময় আগে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও রাজস্ব বিভাগের কর্মকর্তাদের কাছে অভিযোগ করেন, গ্রামের জনসাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত জমিতে অবৈধভাবে মসজিদ নির্মাণ করা হচ্ছে। পরে সংশ্লিষ্ট দপ্তরের একটি যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজের অনুমোদন না থাকার বিষয়টি নিশ্চিত করে। তদন্ত শেষে সম্ভলের মহকুমা শাসক (এসডিএম) স্থাপনাটিকে অবৈধ ঘোষণা করে তা অপসারণের নির্দেশ দেন।

অভিযান ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে চারজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও), ১০টি থানার পুলিশ সদস্য এবং প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারির (পিএসি) একটি প্লাটুন মোতায়েন করা হয়। এছাড়া নজরদারির জন্য আশপাশের ভবনের ছাদে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। ড্রোনের মাধ্যমেও পুরো এলাকায় নজরদারি চালানো হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় অভিযান চলাকালে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য নেওয়া হয় বাড়তি সতর্কতা।

সূত্র: মুসলিম মিরর