কেবল বাংলাদেশ সেনাবাহিনীর হাতেই শেখ হাসিনাকে ফেরত দিতে চায় ভারত। বিবিসি বাংলার প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য দুটি বিশেষ শর্তের ইঙ্গিত দিয়েছে দিল্লি। সেখানকার সরকারি কর্মকর্তারা জানান, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বিমানে করে। কাজেই তাকে ফিরিয়ে নেওয়ার কাজটিও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
এই প্রত্যাবর্তন প্রক্রিয়া আকাশপথে কিংবা স্থলপথেও হতে পারে। অর্থাৎ, বাংলাদেশ চাইলে সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে দেশে নিয়ে যেতে পারে, আবার চাইলে স্থল সীমান্তের কোনো পয়েন্টে এসেও ভারতের কাছে থেকে তাকে বুঝে নিতে পারে।
এই প্রক্রিয়ায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে ভারত সরকার প্রস্তুত বলেও জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
গত অক্টোবরে ঢাকায় ভারত হাইকমিশনের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে সাক্ষাতের বিষয়টি তুলে ধরে এক শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘বাংলাদেশে আমাদের হাই কমিশনারের দিল্লিতে এসে সেনাপ্রধানের সঙ্গে দেখা করার সাধারণ কারণ নেই। কেবল বিশেষ পরিস্থিতিতে, বিশেষ কারণে এ ধরনের বৈঠক হয়।’
তিনি ইঙ্গিত দেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টিই এখন দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সক্রিয় যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে।
এর আগেও ভারতের সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডেসহ একাধিক সাবেক শীর্ষ সেনা কর্মকর্তারা প্রকাশ্যে দাবি করেছিলেন, ২০২৪ সালের জুলাইয়ের অস্থিতিশীল পরিস্থিতির আগে এবং পরেও বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তাদের প্রায় প্রতি সপ্তাহেই কথা হয়ে এসেছে।
এই যোগাযোগ এবং পারস্পারিক সহনশীলতার সম্পর্কের ভিত্তিতেই শেখ হাসিনাকে দেশে ফেরাতে দুই দেশের সেনাবাহিনীকে ভারত কাজে লাগাতে চাইছে বলে মনে করা হচ্ছে।
ওই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘দেশে ফিরে গেলে যেন শেখ হাসিনার নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে, এটা তো ভারত নিশ্চিত করতে চাইবেই। কারণ না চাইলেও এই দায়িত্ব ভারতের কাঁধেই এসে পড়েছে।’
এদিকে বিবিসির প্রতিবেদনে দ্বিতীয় শর্ত হিসেবে বাংলাদেশে ফেরার পর তার মৃত্যুদণ্ড কার্যকর না করে নিরাপত্তা নিশ্চিতের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে এবং জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নতুন করে তার বিচার শুরু করতে হবে।
বাংলাদেশ সরকার এই দুই শর্তে রাজি হলে এবং সেই নিশ্চয়তা দিলেই কেবল শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে বলেও জানানো হয় প্রতিবেদনে।
অবশ্য এসব শর্ত যেন বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থায় ‘বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ’ হিসেবে প্রমাণিত না হয়, সে বিষয়েও সতর্কতা অবলম্বন করতে চায় দিল্লি সরকার। এমনকি মোদি সরকারের সংশ্লিষ্ট শীর্ষ স্থানীয় কর্মকর্তারাও শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রক্রিয়ার বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হচ্ছেন না।
দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘আমরা কখনোই জেনেশুনে তাকে (হাসিনা) ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যেন নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’
বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনার ভবিষ্যৎ বিচার যেন বিশ্ব ও আন্তর্জাতিক গণমাধ্যমের পর্যবেক্ষণে অনুষ্ঠিত হয়, ভারত সেটিও নিশ্চিত করতে চাইবে বলেও জানান তিনি।