Image description

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যারা বোমা হামলা ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা দেশের মানুষকে এখনো চিনতে পারেননি। বাংলাদেশের মানুষ অতীতের ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের ‌‘বিশেষ সাধারণ সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বোমা হামলার ঘটনায় ইতোমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন। এসব ঘটনার সাথে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকারের কাছে তথ্য-উপাত্ত আমাদের কাছে আছে।

সরকারের গত নয় মাসের কর্মকাণ্ড তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আমরা কোনো এক্সট্রা জুডিসিয়াল কিলিংয়ের পথ ধরে হাঁটি নাই। আমরা গুমের পথ ধরে হাঁটি নাই। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকে বের হয়ে আসার চেষ্টা করেছি’।

গণমাধ্যমে তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘শুধু সরকারের নেতিবাচক দিক নয়, মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, সেটিও সংবাদমাধ্যমে আসা উচিত। তবে সরকারের কার্যক্রমে নেতিবাচক কিছু থাকলে তা প্রকাশের স্বাধীনতাও সাংবাদিকদের রয়েছে।’