মন্ত্রিসভার বৈঠকের প্রস্তুতিতে সচিবদের দায়িত্বহীনতা ও পেশাদারিত্বের ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্ধারিত সময়ের মধ্যে সারসংক্ষেপ না পাঠানোয় মন্ত্রীরা প্রস্তাব পর্যালোচনার যথেষ্ট সময় পাচ্ছেন না। এ পরিস্থিতিতে সচিবদের সতর্ক করে বৈঠকের অন্তত দুই দিন আগে সারসংক্ষেপ পাঠানোসহ প্রশাসনিক কাজে শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
এ নিয়ে সচিবদের সতর্ক করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। গতকাল বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে সচিবদের নিয়ে সভা ডেকে মন্ত্রিসভার কার্যক্রমে শৃঙ্খলা ও গতি ফেরাতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছেন তিনি।
এখন থেকে মন্ত্রিসভার বৈঠকের অন্তত দুই দিন আগে সংশ্লিষ্ট সারসংক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যমান বিধি অনুযায়ী, বৈঠকের অন্তত চার কার্যদিবস আগে সারসংক্ষেপ পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। শুধু সময়মতো সারসংক্ষেপ পাঠানোই নয়; এর তথ্যের পূর্ণাঙ্গতা, যৌক্তিকতা ও কাঠামোগত শুদ্ধতা নিশ্চিত করার তাগিদও দিয়েছেন তিনি। ত্রুটিপূর্ণ সারসংক্ষেপ মন্ত্রিসভার বৈঠকে আলোচনার জন্য উপস্থাপন করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন। একই সঙ্গে সচিবদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।
বৈঠক সূত্র জানায়, মন্ত্রিসভার সারসংক্ষেপ প্রস্তুত ও পাঠানোর পাশাপাশি আইন ও নীতির খসড়া প্রণয়ন, আন্তঃমন্ত্রণালয় সমন্বয়, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত কার্যকরের অগ্রগতি নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠক শুরুর অন্তত ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সভাস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। গতকাল দুপুর আড়াইটায় শুরু হয়ে সচিবদের এ জরুরি সভা চলে বিকেল ৪টা পর্যন্ত।
সাবেক সচিবদের মতে, মন্ত্রিসভার বৈঠকের সারসংক্ষেপ যথাসময়ে পাঠানো প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহির গুরুত্বপূর্ণ অংশ। এতে ব্যত্যয় ঘটলে মন্ত্রীদের সিদ্ধান্ত গ্রহণের প্রস্তুতি ব্যাহত হয়। অথচ গুরুত্বপূর্ণ এ কাজে শৈথিল্য দেখাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠক শেষে তিনজন সচিব নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, মন্ত্রিপরিষদ সচিব রুলস অব বিজনেস, ১৯৯৬ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুসরণ করে সারসংক্ষেপ তৈরির নির্দেশ দিয়েছেন। আইন ও নীতির খসড়া উপস্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনের মতামত, আন্তঃমন্ত্রণালয় সভার কার্যবিবরণী এবং জনমত গ্রহণের তথ্য যুক্ত করতে হবে। যথাযথ তথ্য ও যুক্তি ছাড়া কোনো প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা যাবে না বলেও জানানো হয়েছে।
জরুরি সভা, নোটিশ এক ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সচিবদের এ জরুরি সভার বিষয়ে মাত্র এক ঘণ্টা আগে জানানো হয়। সভার জন্য আগে থেকে কোনো আলোচ্যসূচিও দেওয়া হয়নি। স্লাইডে শুধু উল্লেখ ছিল, মন্ত্রিপরিষদ সচিব সভায় সভাপতিত্ব করবেন। ৬১ জন সচিবকে সভায় আমন্ত্রণ জানানো হলেও স্বল্প সময়ের নোটিশের কারণে অনেকে উপস্থিত থাকতে পারেননি। কয়েকটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবরা প্রতিনিধিত্ব করেন।
সাধারণত বছরে এক থেকে দুটি সচিব সভা অনুষ্ঠিত হয়। এসব সভার নোটিশ কমপক্ষে এক সপ্তাহ আগে দেওয়া হয়। বিশেষ ক্ষেত্রে প্রধানমন্ত্রীও সভায় উপস্থিত থাকেন। বর্তমান সরকারের আমলে গত ১৫ সেপ্টেম্বর প্রথম সচিব সভা হয়েছিল। এর পর গতকাল ব্যতিক্রমীভাবে জরুরি এ সভা ডাকা হয়
আইনে যা বলা আছে
রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ১৬ নম্বর বিধিতে মন্ত্রিসভার বৈঠকে সারসংক্ষেপ আকারে উপস্থাপনযোগ্য বিষয় নির্ধারণ করা হয়েছে। ১৯ নম্বর বিধি অনুযায়ী, সারসংক্ষেপে প্রয়োজনীয় তথ্যের পর্যাপ্ততা, পূর্ণাঙ্গতা ও কাঠামোগত শুদ্ধতা নিশ্চিত করতে হবে। যথাযথভাবে প্রস্তুত না হলে ওই সারসংক্ষেপ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করা যাবে না।
আইন প্রণয়ন ও জারির ক্ষেত্রে সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ২২৮ থেকে ২৩৮ নম্বর নির্দেশনা অনুসরণের কথা বলা হয়েছে। নীতিগত অনুমোদনের প্রস্তাবের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত ‘নীতি বিশ্লেষণ সারণি’ ব্যবহার করতে হবে। এ ছাড়া রুলস অব বিজনেসের ২৩(৩) বিধি অনুযায়ী, মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং ২৩(৪) বিধি অনুযায়ী অগ্রগতি নিয়মিত মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে। ২৪(৩) বিধি অনুযায়ী, মন্ত্রিসভার সিদ্ধান্তের উদ্ধৃতি নিরাপদে সংরক্ষণ করতে হবে। এ বিষয়ে প্রত্যয়নপত্র বছরে দুইবার, জানুয়ারি ও জুলাই মাসে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানোর নির্দেশনা রয়েছে।
পেশাদারিত্বে ঘাটতির কথা বলছেন সাবেক আমলারা
সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সমকালকে বলেন, মন্ত্রিসভার বৈঠকের সারসংক্ষেপ অবশ্যই আগে পাঠাতে হবে। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করে কোনো ত্রুটি থাকলে সংশোধনের ব্যবস্থা করবে। সারসংক্ষেপ হতে হবে ত্রুটিমুক্ত ও পূর্ণাঙ্গ তথ্যসমৃদ্ধ। মন্ত্রীরা যাতে প্রস্তাবগুলো পড়ার যথেষ্ট সময় পান, সেটিও নিশ্চিত করতে হবে। তাঁর মতে, মন্ত্রিপরিষদ সচিবের দেওয়া নির্দেশনা যথাযথ। তিনি বলেন, তাদের সময়ে বৃহস্পতিবার নোটিশের সঙ্গে সারসংক্ষেপ দেওয়া হতো। এরপর সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতো।
সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার সমকালকে বলেন, সিভিল সার্ভিস অব পাকিস্তানের (সিএসপি) কর্মকর্তাদের মধ্যে দায়িত্ব ও পেশাদারিত্বের বিষয়ে প্রখর আত্মমর্যাদাবোধ ছিল। তারা এমন কোনো কাজ করতেন না, যাতে নিজেদের দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। সময়মতো গুরুত্বপূর্ণ নথি পাঠানোর ক্ষেত্রেও তারা সচেতন ছিলেন। তাদের সঙ্গে কাজ করা বিসিএস কর্মকর্তারাও সেই পেশাদারিত্বের চর্চা বজায় রেখেছিলেন। কিন্তু এখন অনেক কর্মকর্তার মধ্যে পেশাদারিত্বের উৎকর্ষ অর্জনের চেয়ে যে কোনোভাবে পদ-পদবি দখলের প্রবণতা বেশি। এ কারণে সময়মতো কাজ হচ্ছে না, সারসংক্ষেপও যাচ্ছে না।