অপরাধ দমনে তথ্য পাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ‘সোর্স মানি’ হিসেবে মোটা অঙ্কের টাকা দেওয়া হলেও এই খরচের কোনো স্বচ্ছতা নেই। পুলিশ মহাপরিদর্শক থেকে শুরু করে থানার সাব-ইন্সপেক্টর পর্যন্ত যারা মামলা তদন্ত করেন, সবার জন্য এই বরাদ্দ আছে। কিন্তু সোর্স মানি হিসেবে মোট কত টাকা বরাদ্দ দেওয়া হয়, সেটিও প্রকাশ করতে চায় না আইনশৃঙ্খলা বাহিনী।
মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তা সাব-ইন্সপেক্টরদের দাবি, বরাদ্দ থাকলেও অধিকাংশ থানায় তা পৌঁছায় না। তদন্তে সোর্সের খরচ দিতে হয় পকেট থেকে। এ নিয়ে অনেক সাব-ইন্সপেক্টরের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। পুলিশের সাবেক কর্মকর্তা ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সোর্স মানি ঊর্ধ্বতন কর্মকর্তারা পকেটস্থ করলেও মাঠ পর্যায়ের তদন্ত কর্মকর্তার কিছু বলার সুযোগ নেই।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামরুন মুনীরা টাইমসকে বলেন, সোর্স মানি সবার জন্য বরাদ্দ নয়। যেসব পুলিশ সদস্য সোর্সের মাধ্যমে অপরাধসংক্রান্ত তথ্য সংগ্রহ ও কার্যক্রম পরিচালনা করেন, শুধু তাদের জন্যই সোর্স মানি বরাদ্দ দেওয়া হয়। যেসব সদস্য সোর্স ব্যবহার করেন না, তাদের এই অর্থ দেওয়া হয় না। সোর্স নির্ধারণের ক্ষেত্রে এমন ব্যক্তিকে বেছে নেওয়া উচিত, যিনি পুলিশকে অপরাধ দমনে সহায়তা করতে পারবেন এবং নির্ভরযোগ্য তথ্য দিতে সক্ষম।
পুলিশ, এসআরবি, গোয়েন্দা পুলিশ (ডিবি), সিআইডি, পিবিআই, এসবিসহ সব সংস্থারই সোর্স রয়েছে। অনেক ক্ষেত্রে এক সোর্স একাধিক সংস্থার কর্মকর্তাকে তথ্য দেয়। গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ঘটনায় একাধিক গোয়েন্দা সংস্থা ও সোর্সের রিপোর্ট সমন্বয় করা হয়। তবে সোর্স নিয়োগে কোনো নীতিমালা নেই। এই যোগাযোগ রক্ষার জন্যই কাগজে-কলমে টাকা বরাদ্দ হয়। তবে সোর্সদের বিরুদ্ধেও থাকে প্রভাব বিস্তার ও অপকর্মের অভিযোগ।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ উমর ফারুক টাইমসকে বলেন, পুলিশে সোর্স মানি বলে সুনির্দিষ্ট কোনো খাত নেই। অন্য কোনো খাত থেকে এই খাতে ব্যয় করা হয়। এত সোর্স থাকার পরও চাঁদাবাজি, খুন, মাদক ব্যবসাসহ কোনো অপরাধই কমছে না কেন–এই প্রশ্ন তুলে তিনি বলেন, বরং অনেক ক্ষেত্রে সোর্সরা অপরাধীদের কাছ থেকে সুবিধা নিয়ে থাকে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, পুলিশের সোর্স মূলত এমন ব্যক্তি হন, যারা অপরাধী ও অপরাধজগতের সঙ্গে যোগাযোগের মাধ্যমে পুলিশকে বিভিন্ন অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে থাকেন। তাদের অনেকেই আগে অপরাধের সঙ্গে জড়িত ছিলেন বা অপরাধী মহলে তাদের যোগাযোগ রয়েছে। সোর্স মানি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে সরকারিভাবে তথ্য প্রকাশ করা হয় না। তবে মামলার তদন্ত ব্যয় হিসেবে ৩ হাজার টাকা ও সোর্সের জন্য পৃথক বরাদ্দ থাকে।
সোর্সের অপরাধে জড়ানো সম্পর্কে তিনি বলেন, অনেক সোর্স এখন অপরাধে জড়িত না থাকলেও অতীতের অভিজ্ঞতা ও যোগাযোগ কাজে লাগিয়ে তথ্য দেন। ব্যক্তিগত শত্রুতা, বিরোধ কিংবা আর্থিক স্বার্থেও কেউ পুলিশকে তথ্য দিতে পারেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেন, ‘গোয়েন্দা কার্যাবলি’ কোডে সোর্স মানি বরাদ্দ হয়। এর পরিমাণ বাড়ার কথা থাকলেও গত ৮-১০ বছরে তা বাড়েনি। একেকজন একেক মামলায় একেক কৌশলে সোর্স কাজে লাগায়। মামলা ভেদে টাকার পরিমাণ ভিন্ন হয়।
অপরাধীদের মধ্য থেকেই সোর্স নিয়োগ করা হয় জানিয়ে তিনি বলেন, এক পক্ষ আরেক পক্ষের তথ্য দেয়। তবে অনেক সোর্স পুলিশের নাম ভাঙিয়ে অপরাধীর কাছ থেকে সুবিধা নেয় বলেও স্বীকার করেন তিনি। আবার অনেক কর্মকর্তা অভিযান শেষে টাকা বাঁচাতে সোর্সকে উদ্ধারকৃত মাদকের ভাগ দেয়, এটা অনৈতিক।
ডিআইজি পদমর্যাদার একাধিক কর্মকর্তা বলেন, কারা সোর্সের কাজ করবে তা নির্ভর করে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কৌশলের ওপর। কার কাছ থেকে কোন ধরনের তথ্য পাওয়া যাবে এবং সেই তথ্য কতটা বিশ্বাসযোগ্য হবে, সেটাও তদন্ত কর্মকর্তার বিবেচনায় রাখতে হয়। সোর্সের দেওয়া তথ্য যাচাই-বাছাই করতে হয় বলেও জানান তারা।
পুলিশ সদর দপ্তরে কর্মরত একজন অতিরিক্ত ডিআইজি বলেন, তদন্তে রহস্য উদ্ঘাটনের জন্য একজন সাধারণ মানুষও সোর্স হতে পারে। আবার গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিও সোর্স হতে পারেন। কখনো ঘটনার সঙ্গে বা চক্রে জড়িত কাউকে সোর্স করা হয়। পুরোটাই নির্ভর করে কর্মকর্তার দক্ষতা বা কৌশলের ওপর।
ঢাকার তেজগাঁও জোনে কর্মরত একজন ইন্সপেক্টর বলেন, জেনেভা ক্যাম্পে মাদক কারবার নিয়ন্ত্রণে অনেক মাদক কারবারি সোর্স হিসেবে ব্যবহার হয়। কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো মাদক কারবারিদের বিরোধকে কাজে লাগায় পুলিশ। এজন্য আর্থিক সুবিধার বাইরে ওই সোর্স অন্য সুবিধাও পায়।
এ ছাড়া রাজশাহী ও সিলেটে কর্মরত একাধিক ইন্সপেক্টর নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাধারণত রাজনৈতিক দলের কর্মী, বিভিন্ন ছোট অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি, জেল থেকে ছাড়া পাওয়া আসামি, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিসহ সাধারণ মানুষকে পুলিশ সোর্স হিসেবে ব্যবহার করে। এদের অনেককে তথ্যের বিনিময়ে টাকা দিতে হয়।