Image description

সকালে তিন বন্ধু একসঙ্গে গিয়েছিল প্রাইভেট পড়তে। পড়া শেষে পরিকল্পনা ছিল বন্ধুর বাড়িতে যাওয়ার। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা। পঞ্চগড়ের বোদা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সজোরে ধাক্কা খায় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে। মুহূর্তেই নিভে যায় দুই বন্ধুর প্রাণ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় অপর বন্ধুকে। মৃত্যুর সঙ্গে দীর্ঘ লড়াই শেষে সেও হার মানল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বন্ধু হলেন, সায়মন ইসলাম সাদিক (১৬), রেদওয়ানুল হোসেন রাহাত (১৮) ও ফজলে রাব্বি শাহ (১৭)। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছা ফাজিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এদের মধ্যে সায়মন ইসলাম সাদিক সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রেদওয়ানুল হোসেন রাহাত ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং ফজলে রাব্বি শাহ চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বন্ধুর বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সায়মন ও রাহাতের মৃত্যু হয়। গুরুতর আহত হয় ফজলে রাব্বি।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সায়মন ও রাহাতকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আশঙ্কাজনক অবস্থায় ফজলে রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়। শুনেছি ওই শিক্ষার্থীও মারা গেছেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল তিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সুরতহাল শেষে আগেই দুইজনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরজনের মরদেহও একই প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালবেলা