Image description

সরকারি চাকরিতে দেশে শূন্য পদের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। অনুমোদিত পদের এক-চতুর্থাংশের বেশি শূন্য থাকায় বিভিন্ন স্তরে জনবলসংকট তৈরি হয়েছে।

লাখ লাখ চাকরিপার্থী নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন। এ পরিস্থিতিতে এসব পদ পূরণে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। এক বছরের কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী বছর বিপুলসংখ্যক নিয়োগের জন্য বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দপ্তর ও সংস্থা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ পরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।


ইতিমধ্যে ছয় মাসমেয়াদি পরিকল্পনার কাজ শেষ হয়েছে। সব দপ্তর তাদের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করছে। আগামী বছর সরকারি চাকরিতে বিভিন্ন পদে বড় ধরনের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রথম শ্রেণির ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডার ও দ্বিতীয় শ্রেণির পদে সরকারি কর্মকমিশনকে (পিএসসি) সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে সুপারিশের অনুরোধ করা হয়েছে।

এদিকে সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় সব মন্ত্রণালয় ও বিভাগকে শূন্য পদেও তথ্য হালনাগাদ, নিয়োগের প্রয়োজন নিরূপণ, নিয়োগবিধি অনুযায়ী প্রস্তাব তৈরি এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই মধ্যে সরকারের ১৮০ দিন পার হয়েছে। ফলে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে ফের তাগিদ দেওয়া হয়েছে। ছয় মাস শেষে সামনে এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনাও রয়েছে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জাতীয় সংসদে জানান, সরকারি বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।এরই মধ্যে ছয় মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় বা বিভাগের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদে নিয়োগের তথ্যের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পত্র পাঠানো হয়েছে। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্ট্যাটিসটিক অব পাবলিক সার্ভেন্ট ২০২৫ প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর বিপরীতে কর্মরত রয়েছেন ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। অর্থাৎ অনুমোদিত পদের প্রায় ২৬ শতাংশ খালি। সংখ্যার হিসেবে পাঁচ লাখ ২১ হাজার ৯২২টি। যদিও চলতি বছর বেশকিছু নিয়োগ হয়েছে। ফলে শূন্যপদ আগের চেয়ে কিছুটা কমেছে।

সর্বাধিক শূন্য তৃতীয় শ্রেণির পদ : ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি চাকরিতে মোট পাঁচ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্য রয়েছে তৃতীয় শ্রেণির পদে—এক লাখ ৭৯ হাজার ৫৪২টি। দ্বিতীয় শ্রেণির পদ শূন্য রয়েছে এক লাখ ২৯ হাজার ২৪৬টি এবং চতুর্থ শ্রেণির এক লাখ ৩৫ হাজার ৩৩৮টি। এ ছাড়া প্রথম শ্রেণির ৭৩ হাজার ৩৮০টি এবং অন্যান্য শ্রেণির চার হাজার ৪১৬টি পদ খালি রয়েছে। শ্রেণিভিত্তিক হিসাবে দেখা যায়, মোট শূন্যপদের বড় অংশই তৃতীয় ও চতুর্থ শ্রেণির। ফলে সরকারি দপ্তরগুলোতে সহায়ক ও মাঠপর্যায়ের জনবলসংকটও প্রকট হয়ে উঠেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘সব দপ্তরকে নিয়োগ কার্যক্রম শুরু করতে আমরা চিঠি দিয়েছি। আর আমাদের মন্ত্রণালয়ে ছয় মাসের যে পরিকল্পনা ছিল তা আমরা ৮৬ শতাংশ অর্জন করতে পেরেছি। এখন যেহেতু ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা রয়েছে, সবাই যার যার লক্ষ্য অনুযায়ী কাজ করছে। সরকারি তৃতীয় শ্রেণির চাকরিতেই পদ সবচেয়ে বেশি, স্বাভাবিকভাবেই সেখানে বেশি পদ শূন্য রয়েছে।’

বিসিএস নিয়োগে দীর্ঘসূত্রতা : কর্মকর্তা নিয়োগের অন্যতম প্রধান মাধ্যম বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কিন্তু বিসিএসের নিয়োগপ্রক্রিয়া দীর্ঘ হওয়ায় অনেক পদ বছরের পর বছর শূন্য থাকছে। সর্বশেষ তথ্যানুযায়ী ক্যাডার পদেও প্রায় ছয় হাজার পদ শূন্য রয়েছে। যদিও বেশকিছু বিসিএস প্রক্রিয়াধীন রয়েছে। সেগুলোর নিয়োগ সম্পন্ন হলে এই সংখ্যা কমে আসবে। 

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের প্রায় ১০ মাস পর গত ১৪ অক্টোবর এক হাজার ৭০২ জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অথচ পিএসসি এক হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল। অর্থাৎ সুপারিশের চেয়ে ১০৫ জন কম নিয়োগ পেয়েছেন। ৪৬তম বিসিএসে নিয়োগের সুপারিশ পেয়েছে এক হাজার ৪৫৭ জন। যদিও এখনো তাঁদের গেজেট প্রকাশ হয়নি। ৪৭তম বিসিএসে পদ ছিল তিন হাজার ৪৮৭টি, তবে সুপারিশ করা হয়েছে এক হাজার ৫২১ জনকে।

অন্যদিকে ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ছয় হাজার ১৬৫ জন। ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে দুই হাজার ১৫০টি পদে নিয়োগের লক্ষ্য রয়েছে। এর মধ্যে ক্যাডার পদ এক হাজার ৭৫৫টি।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য

 : বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও বড় ধরনের ঘাটতি রয়েছে। চলতি বছরের ২৮ জানুয়ারি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সপ্তম বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির ফল প্রকাশ করা হয়। ৬৭ হাজার ৮৭টি শূন্যপদের বিপরীতে আবেদন জমা পড়ে মাত্র ১৮ হাজার ৩৯৯টি। যাচাই-বাছাই শেষে ১১ হাজার ৭১৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। ফলে ওই নিয়োগপ্রক্রিয়ায় ৫৫ হাজার ৪৯৫টি পদ শূন্য থেকে যায়। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় আট মাস পরও এই বিপুলসংখ্যক পদের ঘাটতি পূরণের বিষয়টি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। যদিও বর্তমানে আরো কিছু শিক্ষকের পদ শূন্য হয়েছে। সেই হিসাবে কমপক্ষে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৬০ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে।

এ ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মিলিয়ে প্রায় ৪৩ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। দেশের ৬৯৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৩৮৩টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। সহকারী শিক্ষকের পদও খালি তিন হাজারের বেশি। গত সেপ্টেম্বর পর্যন্ত সহকারী প্রধান ও সহকারী শিক্ষকের মোট ১৬ হাজার ৬০১টি পদের বিপরীতে কর্মরত ছিলেন ১৩ হাজার ১৯২ জন, আর তিন হাজার ৪০৯টি পদ শূন্য রয়েছে। জাতীয়করণ করা সরকারি কলেজেও প্রায় পৌনে চার হাজার শিক্ষকের পদ শূন্য।

নিয়োগে বড় চ্যালেঞ্জ সময় ও স্বচ্ছতা : বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে সরকারের সামনে কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। অনেক প্রতিষ্ঠানে নিয়োগবিধি হালনাগাদ নেই। কোথাও পদোন্নতিসংক্রান্ত জটিলতা, কোথাও আদালতে মামলা, আবার কোথাও নিয়োগের অনুমোদন ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় নিয়োগ আটকে আছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন যাচাই, পরীক্ষা, ফল প্রকাশ, পুলিশি যাচাই ও নিয়োগপত্র দেওয়ার মতো প্রক্রিয়াতেও দীর্ঘ সময় লাগে।

সরকারি চাকরিতে পাঁচ লাখের বেশি পদ শূন্য থাকার বিপরীতে দেশের বিপুলসংখ্যক তরুণ চাকরির অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে নতুন পে স্কেল বাস্তবায়নের পর সরকারি চাকরিতে মানুষের আগ্রহ আগের চেয়ে বেড়েছে। একটি তৃতীয় শ্রেণির চাকরিতেও দেখা যায় বেসরকারি অনেক প্রতিষ্ঠানের চেয়ে বেশি বেতন। তাই অনেকে অপেক্ষায় আছেন নিয়োগ বিজ্ঞপ্তির। এমনকি ছোট কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেও লাখ লাখ প্রার্থীর আবেদন পাওয়া যায়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, দেশে মোট বেকারের সংখ্যা ২৬ লাখ ২৪ হাজার, বেকারত্বের হার ৩.৬৬ শতাংশ। এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় আট লাখ ৮৫ হাজার। এই শ্রেণির বেকারত্বের হার ১৩.৫৪ শতাংশ, যা শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চ। অন্যদিকে ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণ বেকারের সংখ্যা প্রায় ২০ লাখ ৩২ হাজার। জরিপ অনুযায়ী, প্রতিবছর গড়ে ১৩ লাখ ৬০ হাজার মানুষ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করছে। ফলে বিপুলসংখ্যক তরুণের কর্মসংস্থান নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।

লেখাপড়া শেষ করা চাকরির আবেদনকারী তরুণ আবিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আমরা নিয়োগ বিজ্ঞপ্তির অপেক্ষা করছি। যদিও এরই মধ্যে ছয়-সাতটা আবেদন করেছি। তবে আরো বেশি নিয়োগ বিজ্ঞপ্তি চাই, যাতে পছন্দমতো চাকরি খুঁজে পেতে পারি। আমাদের অনুরোধ থাকবে, নিয়োগে যেন আগের মতো তদবির, বাণিজ্য বা আত্মীয়করণ না হয়। আমরা মেধার মাধ্যমে চাকরি পেতে চাই।’