আপত্তি সত্ত্বেও তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল-এফএসআরইউ বসাতে চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের (সিএনইই) প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এফএসআরইউ বসাতে এককভাবে বেশি দামের প্রস্তাব নিয়ে আপত্তি তোলেন একজন মন্ত্রী। কিন্তু প্রভাবশালীদের চাপে তা টেকেনি। অর্থাৎ বেশি দামেই কাজ পাচ্ছে সিএনইই।
এর আগে গত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বেশি চার্জসহ সিএনইই’র একক এই প্রস্তাব ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে ফেরৎ পাঠানো হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রিসভার কয়েকজন সদস্য যুগান্তরকে জানান, সেই প্রস্তাব এবং একই সারসংক্ষেপ বৃহস্পতিবার ফের মন্ত্রিসভায় উত্থাপন করা হয়। একজন সিনিয়র মন্ত্রী প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘এত ভালো ভালো কোম্পানির প্রস্তাব থাকতে কেন সরকার অনেক বেশি দামের প্রস্তাব গ্রহণ করবে। এতে তো দেশের ক্ষতি হবে।’ তার এই বক্তব্যের পর মন্ত্রিসভার সিনিয়র কয়েকজন সদস্য ‘প্রসিড’ ‘প্রসিড’ বলে চিৎকার করে ওঠেন। এই দৃশ্য দেখার পর অন্য একজন সদস্য এ নিয়ে কথা বলতে চেয়েও আর বলেননি। পরে মন্ত্রিপরিষদ সচিব ‘প্রসিড’ (এগিয়ে যান) বলে অন্য এজেন্ডাতে চলে যান।
এই প্রস্তাব গ্রহণের ব্যাপারে যুগান্তরের পক্ষ থেকে বেশ কয়েকজন মন্ত্রীর মন্তব্য নিতে যোগাযোগ করা হয়। তবে তাদের কেউ সাড়া দেননি। বৃহস্পতিবারের বৈঠকের আগের দিন বুধবার জ্বালানি সচিব মো. জিয়াউল হকের কাছে সিএনইই’র প্রস্তাবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল। তিনিও এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। এমনকি এ নিয়ে জ্বালানি বিভাগের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তারা জানান, উপরের নির্দেশ আছে সিএনইই’র বিষয় নিয়ে কোনো কথা বলা যাবে না।
সরকারি একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন সরকারি সফরে তুরস্কে আছেন। এই সুযোগে একটি মহল সিএনইই’র প্রস্তাব অনুমোদন করেছে। সিএনইই’র প্রস্তাব আরও যাচাই বাছাই না করলে ভবিষ্যতে এটি একটি অস্বচ্ছ প্রকল্প হিসাবে আলোচিত হয়ে থাকবে। বিষয়টি একসময় রাজনৈতিক ইস্যুও হতে পারে।
বর্তমানে দেশের দুই এফএসআরইউ’র মধ্যে সামিট গ্রুপ রিগ্যাসিফিকেশনের জন্য দৈনিক দুই লাখ ৫১ হাজার ৪০৫ ডলার এবং মার্কিন কোম্পানি এক্সিলারেট চার্জ নেয় দুই লাখ ৫৪ হাজার ডলার। সেখানে সিএনইইকে পেট্রোবাংলা দেবে দৈনিক তিন লাখ ৪২ হাজার ডলার।
অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ২০১৬ সালের মডেলের জাহাজকে ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ করে সেই টার্মিনাল ১৫ বছর ধরে ব্যবহার করলে সরকারকে ব্যয় করতে হবে ১ দশকি ৮৭২ বিলিয়ন ডলার বা ২৩ হাজার ৩১ কোটি টাকা। আর ২০ বছর ধরে সেই টার্মিনাল ব্যবহার করলে এই চার্জ দিতে হবে ২৯ হাজার ৫৪০ কোটি। এই হিসাবে ১৫ বছরে সামিটকে দিতে হবে ১৬ হাজার ৬৯৮ কোটি ৩২ লাখ টাকা। অর্থাৎ সামিটের বর্তমান এফএসআরইউ’র চেয়ে সিএনইইকে ১৫ বছরে বেশি দিতে হবে ছয় হাজার ৩০০ কোটি টাকা।
জিটুজি নিয়ে প্রশ্ন : চীনা কোম্পানির এই একক প্রস্তাব সরকার টু সরকার-জিটুজি হিসাবে অনুমোদনের জন্য ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভায় সুপারিশ করে জ্বালানি বিভাগ। যদিও জ্বালানি বিভাগ বারবার জানিয়েছে, চীন সরকারের সঙ্গে জ্বালানি খাত নিয়ে বাংলাদেশের কোনো ধরনের চুক্তি এমনকি কোনো সমঝোতা চুক্তি (এমওইউ) পর্যন্ত নেই। তাহলে কিসের ভিত্তিতে এই প্রস্তাব অনুমোদন করা হলো। এর একটি উত্তর তৈরি করেছে জ্বালানি বিভাগ। সেখানে বলা হয়েছে, চীনের সঙ্গে বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা বিষয়ক একটি সংশোধিত সমঝোতা স্মারক-এমওইউ স্বাক্ষরের জন্য গত ১৭ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেটি এখনো স্বাক্ষরিত হয়নি। তবে সিএনইই চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিনা এই মর্মে একটি প্রত্যয়নপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চীনের ঢাকাস্থ দূতাবাস প্রত্যায়নপত্র পাঠায়। যদিও চীন সরকারের সঙ্গে এখনো কোনো এমওইউ হয়নি। জ্বালানি বিভাগ জানিয়েছে, এতে করে জিটুজি পদ্ধতিতে এই প্রস্তাব অনুমোদনে কোনো সমস্যা নেই।
কেন একক প্রস্তাব : তৃতীয় এফএসআরইউ বসাতে সামিটের সঙ্গে চুক্তি বাতিল করে অন্তর্বর্তী সরকার। সেই চুক্তি অনুযায়ী সামিট দৈনিক তিন লাখ ডলার চার্জে টার্মিনাল বসাতে রাজি ছিল। সামিটের সঙ্গে চুক্তি বাতিলের পর টার্মিনাল বসাতে বিভিন্ন প্রক্রিয়ায় সৌদি আরামকোসহ চারটি কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়। জ্বালানি বিভাগ সেগুলো আমলে নিয়ে সিএনইই’র প্রস্তাব গ্রহণ করে। জ্বালানি বিভাগ জানিয়েছে, প্রতিযোগিতামূলকভাবে এফএসআরইউ বসাতে ৬-৭ মাস সময় লাগবে। এ ছাড়া এটি বসাতে আরো ১৮ থেকে ২৪ মাস সময় লাগতে পারে। তখন কারিগরি ও আর্থিকভাবে ওই আগ্রহী কোম্পানির সঙ্গে কোনো ধরনের সমঝোতার সুযোগ নেই। কিন্তু জিটুজির ভিত্তিতে এফএসআরইউ বসালে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করতে ২-৩ মাসে হবে। তবে জ্বালানি বিভাগের প্রস্তাব অনুযায়ী সিএনইই ওই এফএসআরইউ বসাতে ১৮ থেকে ২৪ মাস পর্যন্ত সময় নিতে পারে।
জানা যায়, তৃতীয় এফএসআরইউ বসাতে সিএনইই গত ১৭ জুন জ্বালানি বিভাগকে প্রস্তাব দেয়। এরপর ২৬ জুলাই জ্বালানিমন্ত্রী এবং ২৮ জুলাই অর্থনৈতিকসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়।
কেন সিএনইই’র প্রস্তাব গ্রহণ করল জ্বালানি বিভাগ : সিএনইই’র ভাসমান টার্মিনাল বা এফএসআরইউ বসানোর কোনো অভিজ্ঞতা নেই। এর পরও কেন তাদের প্রস্তাবে সাড়া দেওয়া হলো-এ ব্যাপারে মন্ত্রিসভাকে জ্বালানি বিভাগ জানিয়েছে, সামিট ও এক্সিলারেটের টার্মিনালের চেয়ে সিএনইই’র প্রস্তাব তুলনামূলক বেশি। কিন্তু সিএনইই’র এফএসআরইউ’র ধারণ বা গ্যাস মজুত ক্ষমতা এক লাখ ৭৪ হাজার মিটার। আর সামিট ও এক্সিলারেটের হচ্ছে এক লাখ ৭০ হাজার মিটার। এক্সিলারেট ২০১০ এবং সামিটের টার্মিনালের জাহাজ ২০১২ সালে নির্মিত। সেখানে সিএনইই’র জাহাজ হবে ২০১৬ সালে নির্মিত। এ কারণে প্রতি ইউনিট এলএনজিতে ০৫ সেন্ট থেকে ১০ সেন্ট খরচ কম হতে পারে।
১৫ বছর পর জাহাজটি নিয়ে যাবে সিএনইই : বাংলাদেশ অর্থাৎ পেট্রোবাংলার সঙ্গে চুক্তি অনুযায়ী টার্মিনাল বা জাহাজটি ১৫ বছর পর বিওটি (নির্মাণ, পরিচালন ও হস্তান্তর) পদ্ধতিতে সামিট ও এক্সিলারেট এনার্জি তাদের টার্মিনাল বা জাহাজ বাংলাদেশকে হস্তান্তর করবে। কিন্তু সিএনইই’র প্রস্তাব তার উলটো। তাদের প্রস্তাব অনুযায়ী ১৫ বা ২০ বছরের চুক্তির পর তারা বিও (নির্মাণ ও পরিচালন) করবে। চুক্তির মেয়াদ শেষে তারা জাহাজটি তাদের দেশে নিয়ে যাবে। দেশে এখন দৈনিক ৪৮০ কোটি ঘনফুটের মতো গ্যাসের চাহিদা আছে। কিন্তু সরবরাহ করা হচ্ছে মাত্র ২৬০ কোটি ঘনফুট। এর মধ্যে আবার ১০০ কোটি ঘনফুট এলএনজি আমদানি করে দুটি এফএসআরইউ’র মাধ্যমে জাতীয় গ্রিডে দেওয়া হচ্ছে। পেট্রোবাংলা জানিয়েছে, দেশীয় গ্যাসের উৎপাদন প্রতি বছর ১৫ কোটি ঘনফুট করে কমছে। তাই আপাতত তৃতীয় ভাসমান টার্মিনালের বিকল্প নেই। সেই টার্মিনাল ২০২৮ সালের ডিসেম্বরের আগে আসবে বলে মনে করেন না জ্বালানি বিভাগের কর্মকর্তারা।