গাজীপুর মহানগরীর গাছা থানার শরিফপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি পোশাক কারখানায় সংঘবদ্ধ লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়দের হাতে আটক নয়জনকে তাদের সহযোগীরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন কারখানার মালিকপক্ষ। তবে মালামালভর্তি একটি পিকআপ ও অপর এক সহযোগীকে আটক করতে সক্ষম হন তারা। পরে ঘটনাস্থল থেকে মালামাল জব্দ করে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায় পুলিশ।
এ ঘটনায় কারখানা ভবনের মালিক মো. মোজাম্মেল হক বৃহস্পতিবার (১২ নভেম্বর) জিএমপির গাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শরিফপুর এলাকায় মোজাম্মেল হকের মালিকানাধীন জমিতে প্রায় ১৯ হাজার ৫০০ বর্গফুট আয়তনের চারতলা ভবনে ‘ক্রস লাইন ওভেন অ্যাপারেল লিমিটেড’ নামে একটি পোশাক কারখানা পরিচালিত হতো। কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম কোয়েল ফ্রান্সের একজন বিনিয়োগকারীর সঙ্গে যৌথভাবে ২০১৩ সালে উৎপাদন কার্যক্রম শুরু করেন। দীর্ঘদিন ব্যবসা পরিচালনার পর প্রায় চার বছর আগে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়। কারখানা বন্ধ হলেও প্রতিটি ফ্লোরে যন্ত্রপাতি ও কারখানাসংশ্লিষ্ট বিভিন্ন মালামাল ছিল। কিছু কাঁচামাল ও উৎপাদিত কাপড়ও বিভিন্ন ফ্লোরে মজুত ছিল। তবে বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে সেখানে চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ মালিকপক্ষের। এসব ঘটনায় এরই মধ্যে গাছা থানায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সবশেষ বুধবার দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে আনুমানিক নয়জনের একটি দল কারখানাটিতে প্রবেশ করে। তারা প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে বিভিন্ন মালামাল একটি পিকআপে তুলতে থাকে। আশপাশের মার্কেটের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে খবর পেয়ে মালিকপক্ষের লোকজন ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহযোগিতায় পিকআপভর্তি মালামালসহ নয়জনকে আটক করা হয়।
অভিযোগে আরও বলা হয়, আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করার প্রস্তুতি হিসেবে কারখানার একটি কক্ষে আটকে রাখা হয়। কিন্তু একপর্যায়ে অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজন অতর্কিতে সেখানে হামলা চালিয়ে ওই কক্ষের তালা কেটে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় একজনকে আটক করতে সক্ষম হন স্থানীয় লোকজন। আটক ব্যক্তির নাম শরিফুল ইসলাম। তিনি মিরপুর এলাকায় শ্রমিকের কাজ করেন বলে জানা গেছে।
কারখানা ভবনের মালিক মোজাম্মেল হক জানান, তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে ঘটনাটি জানালে তারা ঘটনাস্থলে আসেন। পরে আটক ব্যক্তি ও জব্দ করা পিকআপসহ মালামাল থানায় নিয়ে যান।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানার উপপরিদর্শক (এসআই) নিজামুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মালামাল জব্দ এবং একজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম রব্বানী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।