সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে প্রস্তুত পাকিস্তান। মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সৌদি আরবে দ্রুত সেনা ও সামরিক সক্ষমতা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আশারক আল-আওসাতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরব ও পাকিস্তানের যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা জোটের আওতায় বর্তমান পরিস্থিতিতে রাজ্যটির প্রতিরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে ইসলামাবাদ প্রস্তুত। সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অঙ্গীকার ‘সম্পূর্ণ ও আপসহীন’।
চৌধুরী জানান, পাকিস্তানি সেনারা ইতিমধ্যে সৌদি আরবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তাঁদের প্রধান কাজের মধ্যে রয়েছে প্রতিরক্ষায় সহায়তা, সামরিক মহড়া ও প্রশিক্ষণ। প্রয়োজনে সেনাসদস্য, সামরিক সরঞ্জাম, প্রশিক্ষণ ও রসদ সহায়তাসহ প্রয়োজনীয় সমর্থন অব্যাহত রাখবে পাকিস্তান।
জোটের প্রতিরক্ষা প্রতিশ্রুতি বাস্তবায়নে সামরিক প্রস্তুতির মাত্রা বাড়ানো, দুই দেশের বাহিনীর সমন্বয় জোরদার, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথভাবে প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে। তবে সেনাসংখ্যা, মোতায়েনের স্থান কিংবা অভিযানসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না বলে জানান তিনি।
সৌদি আরবের বিমানবন্দর, শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোয় সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে চৌধুরী বলেন, এসব হামলা দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। একই সঙ্গে তা আঞ্চলিক স্থিতিশীলতা ও বেসামরিক মানুষের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে। সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা পাকিস্তানের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।
গত ২৬ অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের বৈঠকের বিষয়ে তিনি বলেন, উত্তেজনা কমানো এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোই ছিল আলোচনার লক্ষ্য। বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির অংশ নেন। আলোচনায় চার দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে সংলাপ অব্যাহত রাখার বিষয়ে একমত হন অংশগ্রহণকারীরা।
চৌধুরী জানান, সৌদি আরব-পাকিস্তান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি এবং সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের কাঠামো আলাদা। দ্বিপক্ষীয় চুক্তিটি দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তি। অন্যদিকে, তিন দেশের জোটে সম্মিলিত প্রতিরক্ষা, যৌথ সামরিক প্রস্তুতি ও সমন্বয়ের ব্যবস্থা রয়েছে। তাঁর দাবি, উভয় উদ্যোগই প্রতিরক্ষামূলক; কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক উদ্দেশ্য এতে নেই।
সূত্র: আশারক আল-আওসাত