Image description

৫ আগস্ট, ২০২৪ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর তখনকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক এবং সায়লা ফারজানা সাবেক আইজিপি, গুম-খুনের নায়ক মনিরুল ইসলামের স্ত্রী উভয়েই গা-ঢাকা দিয়ে থাকেন কয়েকদিন। সচিবালয়ে আসেন ১৩ আগস্ট, ২০২৪। আওয়ামী লীগ আমলে বঞ্চিত শত শত কর্মকর্তা ওই সময় প্রতিদিনই সচিবালয়ে শো-ডাউন করছিলেন। ১৩ আগস্ট সকালে সায়লা ফারজানাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেখা মাত্রই বঞ্চিত কর্মকর্তারা তার ওপর চড়াও হন।

কয়েকজন কর্মকর্তা তাকে চরম নাজেহাল অবস্থা থেকে উদ্ধার করে গাড়িতে তুলে পুলিশি প্রহরায় বাসায় পাঠিয়ে দেন। এরপরেই বঞ্চিত কর্মকর্তাদের হাতে লাঞ্চিত হন সিপিটি উইংয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। ঠেলা-ধাক্কাসহ তার গায়ে হাতও তুলেন কেউ কেউ। এবং দু’একজন ‘লাথি’ও দেন।সরকারি গোয়েন্দা সংস্থার রেকর্ডকৃত তথ্যে জিয়াউল হকের ‘লাথি খাওয়া’র কথা উল্লেখ আছে। গুরুতর জখম হওয়ার ভয়ে জিয়াউল হক তখন দৌড়ে স্থান ত্যাগ করেন। এ সময় পেছন থেকে উচ্চকণ্ঠে ‘ধর’ ‘ধর’ শব্দও বলা হয়। জিয়াউল হকের স্ত্রী অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী (তখন কৃষি মন্ত্রণালয়ে পদায়নে) এ সময় ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের করিডোরেই, তবে একটু দূরে।

স্বামীর এ রকমের পরিস্থিতি দেখে তিনিও তাৎক্ষণিকভাবে দ্রুত স্থান ত্যাগ করেন।

আর সেই স্বামী-স্ত্রী জিয়াউল হক ও নূরুন্নাহার চৌধুরী এখন সচিবালয় প্রশাসনের শীর্ষ পদে অবস্থান করছেন। সচিবালয়ের ৬ এবং ৭ নম্বর ভবনের সর্বোচ্চ ফ্লোরে তাদের দু’জনের অবস্থান। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে আছেন ড. মোহাম্মদ জিয়াউল হক, যেটির অবস্থান ৯ তলা বিশিষ্ট ৭ নম্বর ভবনের নবম তলায়। অন্যদিকে স্ত্রী নূরুন্নাহার চৌধুরী আছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে। এর অবস্থান ২০ তলা বিশিষ্ট ৬ নম্বর ভবনের সর্বোচ্চ তলায়। এমনিতেই মন্ত্রণালয় দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারমধ্যে বর্তমান বিএনপি সরকারের আমলে বড় রকমের ক্রয় চুক্তির কারণে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। বর্তমান বিএনপি সরকারের সাড়ে আট মাসে যা কিছু ক্রয় চুক্তি হয়েছে তারমধ্যে এই দুটি মন্ত্রণালয়ই শীর্ষে রয়েছে। গত সপ্তায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মেট্রোরেল নির্মাণ প্রকল্পে নতুন করে আড়াই লাখ কোটি টাকার চুক্তি করেছে। অন্যদিকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ৩৫টি বোয়িং ও এয়ারবাস ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেছে। যদিও এ ব্যয়গুলোর স্বচ্ছতা নিয়ে বড় রকমের প্রশ্ন রয়েছে; যেমন প্রশ্ন রয়েছে, এই দুই কর্মকর্তার বর্তমান অবস্থান নিয়ে।

১৩ আগস্ট, ২০১৩ সচিবালয়ে লাথি ও ধাওয়া খেয়ে দ্রুত প্রস্থানের পর জিয়াউল হক ও তার স্ত্রী বেশ কয়েকদিন আর সচিবালয়ে ঢোকেননি। তবে তলে তলে এরা খুব দ্রুত সবকিছু লাইন ফেলেন মোটা অংকের টাকা দিয়ে। এরফলে জিয়াউল হকের আকর্ষণীয় পদায়ন হয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে। যোগদানের পর মন্ত্রণালয়ের তখনকার উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আস্থাভাজন হয়ে ওঠেন রাতারাতি। ২০২৫ সালের অক্টোবরের শেষে অনুষ্ঠিত এসএসবিতে জিয়াউল হক এবং তার স্ত্রী নূরুন্নাহার চৌধুরী- দু’জনকেই সচিব পদে পদোন্নতির সিদ্ধান্ত নেয়া হয়। গণমাধ্যমে এ নিয়ে সমালোচনামূলক সংবাদ প্রকাশিত হওয়ায় জিয়াউল হকের পদোন্নতি কিছুটা আটকে যায়। নূরুন্নাহার চৌধুরী ৩ নভেম্বর, ২০২৫ সচিব পদে পদোন্নতি পান। তাকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়। আলোচিত সায়লা ফারজানার ‘মায়াবতী’ গ্রুপের সদস্য, ফ্যাসিস্ট কর্মকর্তা নূরুন্নাহার চৌধুরীর ওই পদোন্নতি নিয়েও গণমাধ্যমসমূহে সমালোচনামূলক প্রতিবেদন প্রকাশিত হয়। এর দেড় মাস পরে ২২ ডিসেম্বর, ২০২৫ জিয়াউল হককে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। প্রশাসন সংশ্লিষ্টরা এটিকে ফ্যাসিস্ট পুনর্বাসনের ‘নতুন নজির’ বলে আখ্যায়িত করেন তখন। নিয়ম অনুযায়ী সাধারণত সিনিয়র সচিবরাই এ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন পেয়ে থাকেন।

গত বছরের ডিসেম্বরে ১৭ ব্যাচের কর্মকর্তা ড. মোহাম্মদ জিয়াউল হককে যখন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব পদে পদোন্নতি দেওয়া হয় ওই সময় প্রশাসনের ১০ম ব্যাচ, ১১তম ব্যাচ এবং ১৫ ব্যাচের ১১৮ জন অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তা ছিলেন, যারা সচিব হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এমনকি বেশ কয়েকজন কর্মকর্তা আছেন, যারা আওয়ামী লীগ আমলে একটিও পদোন্নতি পাননি। দীর্ঘ ১৬ বছর সিনিয়র সহকারী সচিব পদে কাটিয়েছেন। এদের সবাইকে ডিঙিয়ে জিয়াউল হক সচিব পদ বাগিয়ে নেন, তাও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মতো পদায়নে! যা অন্ততঃ ড. মুহাম্মদ ইউনূস সরকারের আমলে কেউ কল্পনাও করেননি!

শুধু ড. মুহাম্মদ ইউনূসের আমলেই নয়, বর্তমান বিএনপি আমলে স্বামী-স্ত্রী ফ্যাসিস্ট এই দুই কর্মকর্তা আরও যেন ক্ষমতাবান হয়ে উঠেছেন! ফ্যাসিস্ট আমলে বহুল আলোচিত সায়লা ফারজানার ‘মায়াবতী’ গ্রুপের অন্যতম সদস্য ছিলেন নূরুন্নাহার চৌধুরী। আর তার স্বামী ড. মো. জিয়াউল হক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ক্যাশিয়ার’ হিসেবে চিহ্নিত ছিলেন। শেখ হাসিনার ‘ক্যাশিয়ার’ জিয়াউল হক এখন কার ‘ক্যাশিয়ার’ হিসেবে কাজ করছেন সেই প্রশ্ন দেখা দিয়েছে।

সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগের বদলি বাণিজ্য নিয়ে ব্যাপকভাবে আলোচনায় আসেন জিয়াউল হক। এ নিয়ে সাপ্তাহিক শীর্ষকাগজ এবং শীর্ষনিউজ ডটকম-এ গত ৫ অক্টোবর “সড়ক পরিদর্শনের নামে রাজেন্দ্রপুর ডাকবাংলোয় বসে লেনদেন: সচিবের নেতৃত্বে সড়ক বিভাগে বড় অংকের বদলি বাণিজ্য, বঙ্গবন্ধু পরিষদ নেতাদের লোভনীয় পদায়ন” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে বলা হয়েছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক গত ২২ আগস্ট সড়ক পরিদর্শন কর্মসূচির নামে গাজীপুর রাজেন্দ্রপুরের ডাকবাংলোয় সারাদিন কাটান, যা ছিল অনেকটা পিকনিকের মতোই। তবে সেটি আদতে পিকনিকও ছিল না। বাস্তবে তা ছিল সড়ক বিভাগের বিভিন্ন স্তরের প্রকৌশলীদের বদলি বাণিজ্যের কর্মযজ্ঞ। রাজেন্দ্রপুর ডাকবাংলোয় বদলি বাণিজ্যের যেসব লেনদেন হয়েছে তারমধ্যে মাত্র একটি ক্ষুদ্র অংশ পেয়েছেন সচিব এবং সড়কের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে মূল অংশটি চলে গেছে অদৃশ্য স্থানে। অদৃশ্য স্থান বলতে প্রভাবশালী মহলকেই বোঝানো হয়েছে। প্রভাবশালী মহলকে সন্তুষ্ট করার মাধ্যমে জিয়াউল হক এখন আরও ক্ষমতাবান হয়ে উঠেছেন। স্ত্রী নূরুন্নাহার ছিলেন ডাম্পিং পদায়নে। অদক্ষতা ও দুর্নীতির দায়ে তাকে ইতিপূর্বে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে ডাম্পিং পদায়নে দেওয়া হয়েছিল। জিয়াউল হকের বদলি বাণিজ্যের সফলতার পর নূরুন্নাহার চৌধুরীকে সেই ডাম্পিং পদায়ন থেকে এনে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন দিয়েছে সরকার। যেটিকে জিয়াউল হকের বদলি বাণিজ্যের সফলতার পুরস্কার হিসেবেই দেখা হচ্ছে। অবশ্য, সচিব জিয়াউল হক ইতিমধ্যে আরও বড় রকমের পারফরম্যান্স দেখিয়েছেন মেট্রোরেলের ‘অস্বাভাবিক’ ও ‘প্রশ্নবিদ্ধ’ ব্যয় বাড়িয়ে। যা নিয়ে গোটা সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।

(সাপ্তাহিক শীর্ষকাগজের সৌজন্যে)